এক আসামিকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ার ছবি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার শাপলা চত্বর হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের কড়া নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁদের কারও মাথায় ছিল হেলমেট, শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট, হাতে ছিল হাতকড়া।
সোমবার (১৬ নভেম্বর) মামলার শুনানিকে কেন্দ্র করে গ্রেপ্তার আসামিদের এভাবে ট্রাইব্যুনালে আনা হয়। তবে তাঁদের সবাইকে একই ধরনের নিরাপত্তাসামগ্রী পরানো হয়নি। তিনজনকে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া ছাড়াই আদালতে হাজির করা হয়।
হাতকড়া ছাড়া জিয়াউল আহসানের ছবি নিয়ে বিতর্ক
এর আগে রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসানের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। গত বৃহস্পতিবার তাঁকে জেরার জন্য আদালতে নেওয়ার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছবিতে জিয়াউল আহসানের অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। অন্যদিকে, পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তাঁরা তাঁকে প্রটোকল দিচ্ছেন।
তাহসিনা রুশদীর লুনা বলেন, এ ধরনের গুরুতর অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়া হয়েছে। এমনকি হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোর পরও তাঁকে তা পরানো হয়নি। বিষয়টি তাঁকে মর্মাহত করেছে। এ ঘটনায় ভুক্তভোগী অনেক পরিবার উদ্বিগ্ন ও আতঙ্কিত বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় আইনমন্ত্রীর কাছে জানতে চান, সরকার কি জিয়াউল আহসানের প্রতি বিশেষ মানবিকতা দেখাচ্ছে, নাকি তাঁকে নিয়ন্ত্রণ করতে পারছে না।
পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস আইনমন্ত্রীর
জবাবে স্পিকার জানান, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের পর্যায়ে পড়ে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করায় আইনমন্ত্রী চাইলে এর জবাব দিতে পারেন অথবা এ বিষয়ে নোটিশ দেওয়া যেতে পারে।
পরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি তাঁর নজরেও এসেছে। তবে কোনো আসামিকে আদালতে নেওয়ার বিষয়টি আইনমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়ে না। তারপরও বিষয়টি সরকারের নজরে আসার পর পরবর্তী সময়ে তাঁকে আদালতে নেওয়ার ক্ষেত্রে একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে।
আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দেন আইনমন্ত্রী। এর পরদিনই শাপলা চত্বর মামলার আসামিদের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনার চিত্র দেখা গেল।
যাঁদের পরানো হয়নি হেলমেট ও হাতকড়া
এ মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
তবে তাঁদের মধ্যে তিনজনকে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো হয়নি। তাঁরা হলেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও লেখক শাহরিয়ার কবির।
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় যাঁদের নাম রয়েছে
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এ মামলা করা হয়েছে। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, তৎকালীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
সাংবাদিকদের মধ্যে শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপার নাম রয়েছে। এ ছাড়া সাবেক ও তৎকালীন পুলিশ কর্মকর্তা, র্যাব সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।
চার জেলায় ৫৮ জন নিহতের তথ্য
প্রসিকিউশনের তথ্যমতে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হয়েছেন। তদন্ত সংস্থা তাঁদের পরিচয় শনাক্ত করেছে।
জেলাভিত্তিক হিসাবে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
কালের আলো/এসএ/এমএসআইপি
