Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ১১:১৭ এএম

ঢাকায় ডেঙ্গুর নতুন শঙ্কা, শীতেও নিরাপদ নয় নগরবাসী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ১১:১৭ এএম

ঢাকায় ডেঙ্গুর নতুন শঙ্কা, শীতেও নিরাপদ নয় নগরবাসী

রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ সাধারণত বর্ষা মৌসুমে বাড়লেও এবার শীতের শুরুতেও সংক্রমণ কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অনিয়মিত বৃষ্টি, তুলনামূলক উষ্ণ আবহাওয়া এবং বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। ফলে নভেম্বরজুড়ে ডেঙ্গুর সংক্রমণ বেশি থাকার পাশাপাশি আগামী ডিসেম্বরেও ঝুঁকি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এ পরিস্থিতিতে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে মশকনিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২ নভেম্বর পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৪৪তম সপ্তাহে দেশে সন্দেহভাজন ডেঙ্গু রোগী ছিল ১২ হাজার ৯৮১ জন। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ১১ হাজার ৫৪৮। অর্থাৎ এক সপ্তাহে রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১২ শতাংশ। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৩ জনের, যা আগের সপ্তাহের ৩৬ জনের তুলনায় ১৯ দশমিক ৪ শতাংশ বেশি।

দক্ষিণ সিটির ২৯ ওয়ার্ড উচ্চ ঝুঁকিতে
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে সম্প্রতি জরিপ চালিয়েছে ডিএসসিসি। ৪ নভেম্বর প্রকাশিত জরিপের ফল অনুযায়ী, সংস্থাটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি উচ্চ ঝুঁকিপূর্ণ, ২৮টি মাঝারি ঝুঁকিপূর্ণ এবং ১৮টি কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ৩৬ সদস্যের একটি দল এ জরিপ পরিচালনা করে। প্রতিটি ওয়ার্ড থেকে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়ি পরিদর্শন করা হয়। এর মধ্যে ৪০৩টি বাড়িতে এডিস মশার লার্ভা বা পিউপা পাওয়া গেছে। জরিপে একক বাড়ি ও বহুতল ভবনের পাশাপাশি নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, খালি জায়গা এবং বিভিন্ন পাত্রে জমে থাকা পানিকে মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এক বছরে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৪৮৩ জনের। গত বছরের একই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ৮০ হাজার ৬৩৪ এবং মৃত্যু হয়েছিল ৩১৮ জনের। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এদিকে ডিএনসিসি মশার প্রজননস্থল শনাক্ত, লার্ভিসাইড প্রয়োগ, ফগিং এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে। মশার ঘনত্ব ও প্রজননস্থল পর্যবেক্ষণে কীটতত্ত্ববিদদের মাধ্যমে পরিচালিত জরিপের তথ্যও কাজে লাগানো হচ্ছে।

শীতেও কেন থাকছে ডেঙ্গুর ঝুঁকি
কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শীত আসার সঙ্গে সঙ্গে এডিস মশার প্রজনন ও ডেঙ্গু সংক্রমণ বন্ধ হয়ে যায় না। তাপমাত্রা কমলে মশার বংশবিস্তার ও জীবনচক্রের গতি ধীর হতে পারে। তবে এর প্রভাব পড়তে সময় লাগে। তাপমাত্রা খুব বেশি না কমলে শীতকালেও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকতে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মশার প্রজননস্থল শনাক্ত করে তা ধ্বংস করা। ঘরের পানির পাত্র, ভবনের বেজমেন্ট, গাড়ি পার্কিংয়ের স্থান, ছাদের পানির ট্যাঙ্ক এবং নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি নিয়মিত পরীক্ষা করতে হবে।

তিনি বলেন, শুধু রাস্তায় ও নর্দমায় ওষুধ ছিটিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। উষ্ণতা ও বৃষ্টিপাতের কারণে নভেম্বরজুড়ে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্য থাকতে পারে। ডিসেম্বরেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা ও আর্দ্রতার ধরনে পরিবর্তন এসেছে, যা এডিস মশার বংশবিস্তারের অনুকূলে কাজ করছে।

বৈজ্ঞানিক পদ্ধতিতে মশকনিধনের তাগিদ
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, মশকনিধনে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে। কোথায় লার্ভা বেশি পাওয়া যাচ্ছে, ব্যবহৃত কীটনাশক মশা মারতে কতটা কার্যকর এবং কোন পদ্ধতিতে ভালো ফল মিলছে, সেসব নিয়মিত মূল্যায়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বৃষ্টির পরপরই মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর ব্যবস্থা নিলে সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। তবে তাপমাত্রা কমার প্রভাব মশার প্রজননে পড়তে আরও এক থেকে দেড় মাস সময় লাগতে পারে। তাই শীত এলেই ডেঙ্গুর ঝুঁকি শেষ হয়ে গেছে, এমন ধারণা করা ঠিক হবে না।

বিশেষজ্ঞদের মতে, শুধু ফগিং, ওষুধ ছিটানো কিংবা পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। কোথায় এডিস মশার লার্ভা জন্মাচ্ছে, কোন এলাকায় মশার ঘনত্ব বেশি এবং ব্যবহৃত কীটনাশক কার্যকর কি না, এসব তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।

নগরবাসীর সচেতনতাও জরুরি
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, বাসাবাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখার পাশাপাশি সপ্তাহে অন্তত একবার জমে থাকা পানি অপসারণের বিকল্প নেই। শুধু সিটি করপোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। তবে ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ মশকনিধন অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে প্রতি শনিবার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধিভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা সরকারি ভবন, বাসাবাড়ি ও পরিত্যক্ত স্থানে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস করছেন।

তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য বাসাবাড়ি ও নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ছাদ, বারান্দা, ফুলের টব, পানির ড্রাম, বালতি, পানির ট্যাঙ্ক, বেজমেন্ট ও নির্মাণাধীন স্থাপনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। সপ্তাহে অন্তত একবার এসব স্থান পরীক্ষা করা জরুরি। পাশাপাশি ভবনমালিক, নির্মাণপ্রতিষ্ঠান ও বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শীতের অপেক্ষায় বসে থাকার সুযোগ নেই। এখনই ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে নিয়মিত নজরদারি, বাড়িভিত্তিক অভিযান এবং কীটনাশকের কার্যকারিতা যাচাই করতে হবে। বছরব্যাপী এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা না গেলে শীতেও ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।

কালের আলো/এসএ/এমএএইচ

Link copied!