Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৩:৫৫ পিএম

সহিংসতায় রাজনৈতিকভাবে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৩:৫৫ পিএম

সহিংসতায় রাজনৈতিকভাবে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তাঁর দাবি, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই। দলটি এখন রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান হারিয়েছে বলেও মনে করেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে আন্দালিভ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ। গোপালগঞ্জের বাইরে দলটির সাংগঠনিক অস্তিত্ব নেই। সেখানে তারা কার্যক্রম চালাতে পারবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অবস্থান ও কৌশল হারিয়ে ফেলেছে। দলটির হাতে এখন রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার মতো কোনো কার্যকর কার্ড নেই।

জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই
তথ্যমন্ত্রী বলেন, জুলাইকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার বা সুযোগ নেই। সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিকভাবে ফিরে আসার চেষ্টা করেও দলটি সফল হবে না।

তিনি বলেন, ডিসেম্বর মাসে আওয়ামী লীগের নেত্রীর দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে একধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় পরিস্থিতি অন্যদিকে নেওয়ার চেষ্টা হতে পারে বলে সরকার মনে করছে।

আন্দালিভ রহমান পার্থের ভাষ্য, রাজনৈতিকভাবে ফিরে আসার মতো সাংগঠনিক অবস্থান বা তৎপরতা আওয়ামী লীগের মধ্যে দেখা যায়নি। এ পরিস্থিতিতে গোপালগঞ্জের ঘটনাকে ইস্যু ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন তিনি।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা
তথ্যমন্ত্রী বলেন, সরকার ফ্যামিলি কার্ড চালুসহ বিভিন্ন উন্নয়নমূলক ও বড় প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। একই সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম, ব্যাংক লুট, বিদ্যুৎ খাতে দুর্নীতি কিংবা আগের মতো আর্থিক অনিয়মের ঘটনা ঘটছে না বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এসব ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়া প্রয়োজন। কিন্তু ডিসেম্বর মাসে আওয়ামী লীগের সভাপতি দেশে ফিরবেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

তথ্যমন্ত্রীর মতে, সেই হতাশা থেকে দৃষ্টি সরাতেই গোপালগঞ্জের ঘটনাকে সামনে আনার চেষ্টা হতে পারে। তাঁর দাবি, মারামারি ও সংঘর্ষের মাধ্যমে রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সুযোগ তৈরি হবে না।

তিনি আরও বলেন, ১৭ বছর পর বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। সংসদ কার্যক্রম পরিচালনা করছে এবং সরকারি দল ও বিরোধী দল প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন বিষয়ে কাজ করছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডও এগিয়ে চলছে। এসব অগ্রগতিকে আড়াল করার উদ্দেশ্যেই একটি পক্ষ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে তিনি মনে করেন।

ককটেল-পেট্রলবোমা হামলা নিয়েও সরকারের বক্তব্য
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ককটেল বা পেট্রলবোমা নিক্ষেপের মতো অপরাধ যেকোনো সময় ঘটতে পারে। এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে এবং অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে বিচ্ছিন্ন এসব ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!