ব্যবসা শুরু করতে চান, কিন্তু পুঁজির অভাব? ব্যাংকঋণের জন্য প্রয়োজনীয় জামানত কিংবা কাগজপত্র নেই? ক্ষুদ্র উদ্যোক্তা, স্বল্প আয়ের পেশাজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর এমন মানুষের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নেওয়া যাবে। এর মধ্যে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত লাগবে না। গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় ঋণের যোগ্যতা, পরিমাণ, সুদের হার, জামানত এবং বিতরণপ্রক্রিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, তাঁদের জীবনমান উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
কারা পাবেন এই ঋণ
নতুন তহবিল থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বল্প আয়ের পেশাজীবী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও এ সুবিধার আওতায় থাকবেন।
ঋণ বিতরণের ক্ষেত্রে মোট তহবিলের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে। ফলে নারী উদ্যোক্তা ও আয়বর্ধক কাজে যুক্ত হতে আগ্রহী নারীদের জন্যও তৈরি হবে ব্যাংকঋণ পাওয়ার সুযোগ।
ছোট ব্যবসা ও নানা পেশার মানুষ পাবেন সুবিধা
এ ঋণের আওতায় পাড়া-মহল্লা ও গ্রামভিত্তিক অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশাপাশি বিভিন্ন পেশার স্বল্প আয়ের মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশাচালক, ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার।
এ ছাড়া ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিকেরাও ঋণ পাওয়ার যোগ্য হবেন।
মুদি ও মনিহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট, তথ্যসেবা ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা এবং হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরাও এ সুবিধা পাবেন।
প্রচলিত ব্যবসার বাইরেও ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প, হস্তশিল্প ও বিভিন্ন ধরনের খাবার তৈরির কাজে যুক্ত ব্যক্তিরা ঋণ নিতে পারবেন। সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ড এবং বিভিন্ন আয়বর্ধক কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের জন্যও ঋণের সুযোগ রাখা হয়েছে।
কৃষক ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার
কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে স্মার্ট কার্ড নেই—এমন প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরাও যাতে ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে বলা হয়েছে।
নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস এবং করোনার মতো মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার পাবেন।
এ ছাড়া উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদেরও এই ঋণ দেওয়া যাবে। প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য, বিদেশফেরত শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্যও ঋণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে।
শিক্ষার্থীদের জন্যও থাকছে ঋণ
শিক্ষার্থীদের জন্যও নতুন তহবিলে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে অভিভাবককে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।
এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। এসব ঋণের ক্ষেত্রেও অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা প্রয়োজন হবে।
একক ঋণ ১০ লাখ, দলগত ঋণ ৪০ লাখ টাকা
নতুন নীতিমালা অনুযায়ী, একজন গ্রাহক বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে দলগতভাবে ঋণ নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৪০ লাখ টাকা।
এ জন্য দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করতে হবে। দলের প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে ঋণ পাওয়ার যোগ্য হবেন। ঋণ পরিশোধের ক্ষেত্রে দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন।
ঋণ নিতে গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। আগে থেকে এ ধরনের হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে। অনুমোদিত ঋণের অর্থ সরাসরি ওই ব্যাংক হিসাবেই জমা হবে।
৫ লাখ টাকা পর্যন্ত লাগবে না জামানত
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো জামানত দিতে হবে না। তবে ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত নেওয়া যাবে।
এ ছাড়া ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নিতে পারবে। এ জন্য গ্যারান্টি ফি ব্যাংককে নিজস্ব উৎস থেকে পরিশোধ করতে হবে।
সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ, মেয়াদ পাঁচ বছর
বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে ব্যাংকগুলো বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে। এরপর গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এ স্কিমের আওতায় ঋণ দিতে পারবে। তবে তাদের আদায় করা মুনাফার হারও বার্ষিক ৭ শতাংশের বেশি হতে পারবে না।
ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস সময় পাওয়া যাবে। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি দেওয়া যাবে। গ্রাহক পর্যায়ে কিস্তি মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর কিংবা বার্ষিক ভিত্তিতে নির্ধারণ করতে পারবে ব্যাংক।
ঋণ দেওয়ার আগে গ্রাহকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি প্রতিবেদন সংগ্রহ করতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো চার্জ বা ফি নেওয়া যাবে না।
যেভাবে আবেদন ও ঋণ বিতরণ হবে
ব্যাংকের নিজস্ব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ ঋণ বিতরণ করা যাবে।
এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শিডিউল অব চার্জেসের বাইরে ঋণ বা বিনিয়োগের প্রসেসিং ফি হিসেবে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।
ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি নিয়ে প্রতি তিন মাস পর পর প্রতিবেদন তৈরি করে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
নতুন এই তহবিলের মাধ্যমে জামানত ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে প্রচলিত ব্যাংকঋণ থেকে বাদ পড়া ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের মানুষের জন্য অর্থায়নের সুযোগ তৈরি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
কালের আলো/এসএ/জেএন
