টানা উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতায় কঠিন সময় পার করছেন দেশের সাধারণ মানুষ। চাল, ডাল, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই সীমিত আয়ের মানুষের বড় অংশ ব্যয় হয়ে যাচ্ছে। মাসের আয় দিয়ে সংসার চালানোর পর সঞ্চয় তো দূরের কথা, অনেক পরিবারকে দৈনন্দিন খরচ মেটাতেও হিমশিম খেতে হচ্ছে। ফলে পোশাক, ইলেকট্রনিক্স, আবাসন ও ভ্রমণের মতো খাতে ব্যয় কমিয়ে আনছেন ক্রেতারা। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজার থেকে শুরু করে বিভিন্ন সেবা ও ব্যবসা-বাণিজ্যে।
অর্থনীতির বিভিন্ন সূচকে নিম্নমুখী প্রবণতার কারণে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা সংকুচিত হচ্ছে। প্রবৃদ্ধির ধীরগতি বিনিয়োগ ও কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব ফেলছে। সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত চার বছরে প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। এ ছাড়া দেশে প্রায় সোয়া ছয় কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে। অর্থনৈতিক দুর্বলতার এই চাপ সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়।
দুর্বল ব্যাংক খাত, জ্বালানিসংকট, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা ও রাজস্ব আদায়ে ঘাটতি অর্থনীতির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনযাত্রার মান নিয়ে উদ্বেগ বাড়ছে।
প্রবৃদ্ধিতে ধীরগতি, বাড়ছে অর্থনৈতিক চাপ
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাসেও উদ্বেগের চিত্র উঠে এসেছে। গত ৬ সেপ্টেম্বর প্রকাশিত বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস অনুযায়ী, প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস আরও কম।
সরকার চলতি অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত অর্থবছরে সরকারি হিসাবে প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ১৪ শতাংশ। প্রবৃদ্ধির ধীরগতির পাশাপাশি মূল্যস্ফীতিও সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। টানা কয়েক মাস ধরে সার্বিক মূল্যস্ফীতি ৯ থেকে ১০ শতাংশের ওপরে এবং খাদ্য মূল্যস্ফীতি ১০ থেকে ১১ শতাংশের মধ্যে রয়েছে।
ফলে খাদ্যপণ্যের বাড়তি দাম সামাল দিতে গিয়ে অন্যান্য খাতে ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি না থাকায় কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে প্রকৃত আয় কমে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রায় চাপ বাড়ছে। অনেক পরিবারের কাছে পোশাক কিংবা ইলেকট্রনিক্স পণ্য কেনা এখন বিলাসিতায় পরিণত হয়েছে।
ইলেকট্রনিক্স বাজারে বিক্রিতে বড় ধস
মূল্যস্ফীতি ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার সবচেয়ে বড় প্রভাব পড়েছে গৃহস্থালি ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সের বাজারে। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন ও ওভেনের মতো দীর্ঘমেয়াদি ব্যবহার্য পণ্যের বিক্রি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। কোনো কোনো ক্ষেত্রে বিক্রি অর্ধেকেরও নিচে নেমে এসেছে।
চন্দ্রিমা সুপার মার্কেট ও স্টেডিয়াম মার্কেটের ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা জানান, কিস্তিতে পণ্য কেনার সুযোগ থাকলেও ক্রেতাদের আগ্রহ কম। কারণ, সংসারের নিয়মিত ব্যয় মেটানোর পর মাসিক কিস্তির টাকা জোগাড় করাই অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। এ কারণে প্রয়োজন না হলে নতুন পণ্য কেনা থেকে বিরত থাকছেন ক্রেতারা।
শুধু ইলেকট্রনিক্স নয়, পোশাক, আসবাবপত্র ও অন্যান্য খুচরা পণ্যের বাজারেও একই ধরনের প্রভাব দেখা যাচ্ছে। ক্রেতারা এখন প্রয়োজন ছাড়া কেনাকাটা করছেন না। ফলে বিক্রি কমে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।
সংকট কাটাতে প্রয়োজন অর্থনৈতিক সংস্কার
অর্থনীতিবিদদের মতে, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের সঞ্চয় ও আর্থিক সক্ষমতা কমিয়ে দিয়েছে। খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না এলে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়িয়ে মানুষের প্রকৃত আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া না হলে অভ্যন্তরীণ বাজারের স্থবিরতা কাটানো কঠিন হবে।
বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মতে, মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে থাকা অর্থনীতির জন্য ভয়াবহ পরিস্থিতি। এতে সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি আরও মনে করেন, বেসরকারি বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছে। দীর্ঘমেয়াদে জ্বালানি আমদানির ওপর নির্ভর করে কর্মসংস্থান বৃদ্ধি করাও কঠিন। এ পরিস্থিতি মোকাবিলায় দুর্বল ব্যাংক খাত, জ্বালানিসংকট, বাজেট ব্যবস্থাপনার বিশৃঙ্খলা এবং অপর্যাপ্ত সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সংস্কার জরুরি।
সার্বিকভাবে অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে রয়েছেন সীমিত ও মধ্যম আয়ের মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও আয় সেই অনুপাতে বাড়ছে না। ফলে মানুষের হাতে অর্থ থাকছে না, কমছে কেনাকাটা এবং সংকুচিত হচ্ছে অভ্যন্তরীণ বাজার। দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির কার্যকর উদ্যোগ নেওয়া না হলে এই সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।
কালের আলো/এসএ/জেএন
