লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও মহড়া করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এসব কর্মসূচি চলে। এ সময় মিছিলকারীদের অনেকের হাতে লাঠিসোঁটা, লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লম দেখা যায়। কারও কারও মাথায় ছিল হেলমেট। তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
বিভিন্ন এলাকা থেকে এসে মিছিলে যোগ
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল আটটা থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন। পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে তাঁরা গাবতলা মোড়ে গিয়ে সালাউদ্দিনের নেতৃত্বে মিছিল বের করেন। মিছিলটি বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে।
অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকেও সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলগুলো পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যায়। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে সেখানে উল্লাস করেন নেতা-কর্মীরা।
স্মৃতিস্তম্ভ ও নামফলক ভাঙচুর
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিছিল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেওয়া হয়।
পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন মিছিলকারীরা। এ সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে তাঁদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করা হয়। এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়।
বন্ধ ছিল যান চলাচল
মিছিল ও অবরোধের কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও তাঁদের তেমন তৎপরতা চোখে পড়েনি।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বললেও তাঁরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
আগের রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি কার্যালয়ে আগুন
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাত আটটার দিকে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকার কয়েকটি দোকানে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। পরে উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। নিলফা বাজারে বিএনপির কার্যালয়েও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন।
কালের আলো/এএন/জেএন
