বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসার জীবন ও সংগ্রাম নিয়ে মঞ্চে আসছে নতুন নাটক ‘বেগম আম্মা লুৎফুন্নেসা’। নবাবি ক্ষমতা, রাজকীয় ঐশ্বর্য ও প্রাসাদের জৌলুস হারানোর পরও কীভাবে সাধারণ মানুষের ভালোবাসায় বেঁচে ছিলেন তিনি, সেই গল্পই উঠে আসবে নাটকটিতে।
শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ৩১তম প্রযোজনা হিসেবে নির্মিত হয়েছে নাটকটি। আগামী ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে হবে এর উদ্বোধনী প্রদর্শনী। পরদিন একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ইতিহাসের আড়ালে থাকা এক নারীর গল্প
১৭৯০ সালের এক নিঃসঙ্গ গোধূলিতে মুর্শিদাবাদের খোশবাগে নবাব সিরাজউদ্দৌলার সমাধির পাশে দাঁড়িয়ে আছেন বয়সের ভারে ন্যুব্জ লুৎফুন্নেসা। একসময় যাঁর জীবন ঘিরে ছিল রাজপ্রাসাদের জৌলুস, ক্ষমতা ও ঐশ্বর্য, সময়ের পরিক্রমায় তিনি হারিয়েছেন সবকিছু। হয়ে উঠেছেন ইতিহাসের এক নিঃসঙ্গ সাক্ষী।
তবে খোশবাগের সাধারণ ও দরিদ্র মানুষের কাছে তাঁর পরিচয় কেবল নবাবের বিধবা স্ত্রী হিসেবে সীমাবদ্ধ ছিল না। তাঁদের কাছে তিনি ছিলেন পরম মমতাময়ী ‘বেগম আম্মা’। নিজের জীবনে সীমাহীন অভাব ও বেদনা নেমে এলেও অসহায় মানুষের প্রতি মমত্ববোধ হারাননি তিনি।
ক্ষমতা নয়, মানুষের ভালোবাসাই ছিল তাঁর রাজত্ব
নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায়ের রচনা ও শামীম সাগরের নির্দেশনায় নির্মিত ‘বেগম আম্মা লুৎফুন্নেসা’ ইতিহাসের প্রচলিত বয়ানের বাইরে গিয়ে তুলে ধরবে এক নারীর প্রেম, বেদনা, আত্মত্যাগ ও মানবিকতার গল্প। এতে শুধু নবাবি ক্ষমতার উত্থান-পতন কিংবা রাজনৈতিক বিশ্বাসঘাতকতার ঘটনাই নয়, বরং সব হারিয়েও মানুষের পাশে দাঁড়িয়ে থাকার এক অসাধারণ মানসিক শক্তির চিত্র ফুটে উঠবে।
নাটকের গল্পে দেখা যাবে, কোম্পানির কাছ থেকে পাওয়া সামান্য বৃত্তির অর্থ থেকেও নিজের প্রয়োজনের চেয়ে খোশবাগের অভুক্ত ও অসহায় মানুষের কথা বেশি ভাবতেন লুৎফুন্নেসা। রাজকীয় পরিচয় ও ঐশ্বর্য হারিয়েও তিনি অর্জন করেছিলেন সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা। তাঁর প্রকৃত রাজত্ব ছিল মানুষের হৃদয়ে।
দর্শকের সামনে ইতিহাসের নতুন প্রশ্ন
নাটকটির নির্দেশক শামীম সাগর বলেন, ইতিহাসের আড়ালে পড়ে থাকা মানুষের ভালোবাসা, অপেক্ষা, ত্যাগ ও বেঁচে থাকার লড়াইকে সামনে নিয়ে আসবে ‘বেগম আম্মা লুৎফুন্নেসা’। প্রেম, স্মৃতি, বিশ্বাসঘাতকতা, বেদনা ও মানবতার মেলবন্ধনে নির্মিত এই নাটক দর্শককে অতীতের মুখোমুখি করবে।
তিনি আরও বলেন, নাটকটি দর্শকের সামনে একটি প্রশ্নও তুলে ধরবে—ইতিহাসে শেষ পর্যন্ত কে অমর হয়ে থাকেন? যিনি ক্ষমতা জয় করেন, নাকি যিনি মানুষের হৃদয় জয় করেন?
নাটকের অভিনয় ও কলাকুশলী
‘বেগম আম্মা লুৎফুন্নেসা’ নাটকে অভিনয় করছেন রওশন জান্নাত রুশনী ও ইনতিশা তাশদীদ তাহা। নাটকটির কোরিওগ্রাফি করছেন অনিকেত পাল বাবু। আলোক প্রক্ষেপণের দায়িত্বে রয়েছেন সাইফুল, শুভ্র ও খোরশেদ। সংগীত প্রক্ষেপণে কাজ করছেন শাহেদ, ইমন, মিষ্টি ও আলফা।
ইতিহাসের আলোচিত এক চরিত্রকে নতুন দৃষ্টিকোণ থেকে মঞ্চে তুলে ধরার এই আয়োজন দর্শকদের সামনে লুৎফুন্নেসার জীবনের মানবিক ও আবেগঘন অধ্যায়গুলো উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কালের আলো/এসএ/টিসি
