Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৪:৩৭ পিএম

জোহানেসবার্গে সেঞ্চুরি, মেয়ের জন্য বিশেষ বার্তা লিটনের

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৪:৩৭ পিএম

জোহানেসবার্গে সেঞ্চুরি, মেয়ের জন্য বিশেষ বার্তা লিটনের

জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত এক মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। শুধু সেঞ্চুরি পূরণই নয়, এই অর্জনকে ঘিরে তাঁর উদ্‌যাপনও হয়ে উঠল বিশেষ। ব্যাট থেকে রান আসার আনন্দের সঙ্গে মিশে গেল মেয়ের প্রতি বাবার ভালোবাসা। শতরান পূর্ণ করেই পকেট থেকে একটি ছোট চিরকুট বের করে দেখালেন লিটন। সেখানে লেখা ছিল মেয়ের জন্মদিনের শুভেচ্ছাবার্তা।

ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিলেন সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থেকে। দিনের চতুর্থ ওভারে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেনের করা শর্ট বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন লিটন। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশের এই তারকা ব্যাটার।

সেঞ্চুরি পূরণের পর লিটনের উদ্‌যাপন ছিল অন্য রকম। সাধারণ উদ্‌যাপনের বাইরে গিয়ে পকেট থেকে বের করেন একটি ছোট কাগজ। সেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’ মেয়ের জন্মদিনে নিজের ব্যাটিংয়ের সাফল্য উৎসর্গ করে আবেগঘন মুহূর্ত তৈরি করেন তিনি।

ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তোলেন লিটন-হৃদয়
ম্যাচের প্রথম দিন বাংলাদেশের শুরুটা মোটেও ভালো ছিল না। মাত্র ২২ রানে ৩ উইকেট হারানোর পর ১২১ রানেই ইনিংসের অর্ধেক ব্যাটার সাজঘরে ফিরে যান। এমন কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন লিটন দাস ও তাওহীদ হৃদয়।

দুজনের দারুণ জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২২৭ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দিনের শেষ বলে আউট হন হৃদয়। তাঁর বিদায়ের পর দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট হাতে দলের ইনিংসকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন লিটন।

প্রতিবেদন লেখার সময় ৮৯.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৪৭ রান। দলের বিপর্যয় সামলে লিটনের সেঞ্চুরি যেমন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি মেয়ের জন্মদিনে তাঁকে উৎসর্গ করা এই শতরান হয়ে থাকল বিশেষ এক স্মৃতি।

কালের আলো/এসএ/এএইচ
 

Link copied!