পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) চতুর্থ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নতুন কমিটিতে সমীরণ চাকমা চার্মীংকে সভাপতি এবং অমর জ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে খাগড়াছড়ির মধুপুরে সংগঠনের কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কমিটির ঘোষণা দেন নেতারা।
১৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
কাউন্সিলের মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে আগের সভাপতি সমীরণ চাকমা চার্মীংকে পুনরায় কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অমর জ্যোতি চাকমা এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন দীপন চাকমা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপিডিএফ-গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মীং, সাধারণ সম্পাদক অমর জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক দীপন চাকমা, যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক বিজয় চাকমা এবং তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা, সাধারণ সম্পাদক বাবু চাকমাসহ জ্যেষ্ঠ নেতারা।
পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন তৈরি করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ইউপিডিএফ-গণতান্ত্রিক।
তাঁরা আরও বলেন, পাহাড়ের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংগঠনটি বদ্ধপরিকর।
২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় ইউপিডিএফ-গণতান্ত্রিক
প্রসঙ্গত, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে ‘আপস চুক্তি’ আখ্যা দিয়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রতিষ্ঠিত হয়।
দীর্ঘদিন সংগঠনের নেতাকর্মীরা একসঙ্গে কাজ করলেও অভ্যন্তরীণ বিভিন্ন মতপার্থক্যের কারণে সংগঠনটি দুই ভাগে বিভক্ত হয়। পরে ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) প্রতিষ্ঠিত হয়।
কালের আলো/এএএন/এমএসআইপি
