যে শিশুরা আগামীর পৃথিবী গড়বে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তাদেরই ভবিষ্যৎ ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। তীব্র তাপপ্রবাহ, বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও নদীভাঙনের মতো দুর্যোগে বিপর্যস্ত হচ্ছে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও স্বাভাবিক বেড়ে ওঠা। বাংলাদেশে প্রায় ৫ কোটি ৯০ লাখ শিশু এসব দুর্যোগের কোনো না কোনো ধরনের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে প্রায় ৫ কোটি ৩০ লাখ শিশু একসঙ্গে অন্তত তিন ধরনের জলবায়ুঝুঁকির মুখে।
সম্প্রতি প্রকাশিত ইউনিসেফের ‘চিলড্রেন ক্লাইমেট রিস্ক রিপোর্ট-২০২৬’ এবং সেভ দ্য চিলড্রেনের জরিপে উঠে এসেছে শিশুদের এই উদ্বেগজনক পরিস্থিতি। এসব তথ্য বলছে, জলবায়ু পরিবর্তন এখন আর কেবল পরিবেশগত সংকট নয়; দেশের কোটি শিশুর জন্য এটি স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ পানি ও বেঁচে থাকার প্রতিদিনের লড়াই।
খরা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে অধিকাংশ শিশু
ইউনিসেফের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ৯৮ দশমিক ৪৪ শতাংশ শিশু খরার ঝুঁকিতে রয়েছে। সংখ্যায় যা প্রায় ৫ কোটি ৭৯ লাখ। এর মধ্যে ৫ কোটি ৪০ লাখ শিশু কৃষিজনিত খরা এবং ৫ কোটি ৩০ লাখ শিশু আবহাওয়াজনিত খরার ঝুঁকিতে রয়েছে।
এ ছাড়া গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের ঝুঁকিতে রয়েছে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু, যা দেশের মোট শিশুর ৯১ দশমিক ২৩ শতাংশ। অতিরিক্ত তাপমাত্রার ঝুঁকিতে রয়েছে ৮২ দশমিক ৮৭ শতাংশ এবং নদীর বন্যার ঝুঁকিতে রয়েছে ৫৪ দশমিক ১৮ শতাংশ শিশু। সংখ্যার হিসাবে নদীতীরবর্তী বন্যার ঝুঁকিতে রয়েছে প্রায় ৩ কোটি ২০ লাখ শিশু।
প্রতিবেদনে বাংলাদেশের বৈশ্বিক জলবায়ু বিপদ সূচকে ১০-এর মধ্যে ৯ দশমিক ৩৮ স্কোরের কথা উল্লেখ করা হয়েছে। এই স্কোর নিয়ে দেশটির অবস্থান চতুর্থ।
দুর্যোগে থমকে যায় শিশুদের স্বাভাবিক জীবন
জামালপুরের মাদারগঞ্জের ১৬ বছর বয়সী জেরিনের অভিজ্ঞতা দেশের জলবায়ুঝুঁকিতে থাকা শিশুদের বাস্তব চিত্র তুলে ধরে। বর্ষায় যমুনার পানি বাড়লে প্লাবিত হয় তাদের গ্রাম। ডুবে যায় নলকূপ ও শৌচাগার। দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট, বাড়ে পানিবাহিত রোগের ঝুঁকি।
বন্যার সময় আশ্রয়কেন্দ্র কিংবা উঁচু স্থানে আশ্রয় নেওয়া গেলেও জেরিনের মতো কিশোরীদের জন্য তৈরি হয় বাড়তি সংকট। নিরাপদ শৌচাগার ও গোসলের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়তে হয় তাদের। ঋতুস্রাবের সময় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।
তবে দুর্যোগ প্রস্তুতি প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার পর নিরাপদ পানি বিশুদ্ধকরণ, স্বাস্থ্যবিধি ও বন্যার আগাম সতর্কবার্তা সম্পর্কে জানতে পেরেছে জেরিন। এখন সে নিজের পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করার চেষ্টা করছে।
দুর্যোগে স্কুল বন্ধ, অসুস্থ হচ্ছে শিশুরা
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের এক জরিপে শিশুদের দুর্ভোগের আরও চিত্র উঠে এসেছে। গত ৯ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) ১৭২ জন শিশু গবেষক ৩৮ জেলার জলবায়ুঝুঁকিপূর্ণ এলাকার ১০ থেকে ১৭ বছর বয়সী ১ হাজার ৩৭৫ শিশুর সাক্ষাৎকার নেন।
জরিপে অংশ নেওয়া ৯৬ শতাংশ শিশু জানিয়েছে, গত দুই বছরে তারা অন্তত একটি দুর্যোগের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। সবচেয়ে বেশি শিশু তীব্র তাপপ্রবাহের অভিজ্ঞতার কথা জানিয়েছে—৫৫ শতাংশ। বন্যার অভিজ্ঞতা হয়েছে ৪২ শতাংশের।
দুর্যোগ ও আবহাওয়াজনিত কারণে গত এক বছরে বিদ্যালয়পড়ুয়া ৪৯ শতাংশ শিশুর স্কুলে যাওয়া বন্ধ ছিল। দুর্যোগ বা তাপপ্রবাহের পর ৮০ শতাংশ শিশু অসুস্থ হয়েছে। অন্যদিকে ৫৩ শতাংশ শিশু নিরাপদ পানীয়জল পেতে সমস্যার মুখে পড়েছে।
ইউনিসেফের ‘লার্নিং ইন্টারাপ্টেড’ শীর্ষক প্রতিবেদনেও জলবায়ু পরিবর্তনের কারণে শিক্ষাব্যবস্থা ব্যাহত হওয়ার চিত্র উঠে এসেছে। ২০২৫ সালের ২৪ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিশ্বের ৮৫টি দেশ ও অঞ্চলের অন্তত ২৪ কোটি ২০ লাখ শিক্ষার্থীর পড়াশোনা জলবায়ুজনিত দুর্যোগে ব্যাহত হয়েছে। বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩ কোটি ৫০ লাখ শিশু। তীব্র তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় রেমাল ও বন্যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী দীর্ঘ সময় শ্রেণিকক্ষের বাইরে ছিল।
স্বাস্থ্য ও পুষ্টি নিয়েও উদ্বেগ
জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে শিশুদের স্বাস্থ্যের ওপরও। তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়ায় মশার বংশবিস্তার ও রোগ ছড়ানোর অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিবর্তন মশার জীবনচক্র এবং রোগ ছড়ানোর পরিবেশকে প্রভাবিত করে। তবে ডেঙ্গু বিস্তারের পেছনে জলবায়ুর পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণ, পানি জমে থাকা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিয়ন্ত্রণের দুর্বলতাও ভূমিকা রাখে।
তাঁর মতে, বন্যা ও খরায় ফসল উৎপাদন ব্যাহত হলে শিশুদের পুষ্টিকর খাবারের সংকট তৈরি হতে পারে। এতে অপুষ্টি, খর্বাকৃতি, ওজন হ্রাস ও রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। এ পরিস্থিতি মোকাবিলায় শিশুদের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত খাবার, পর্যাপ্ত পানি পান এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
জলবায়ু পরিবর্তনে ক্ষতির চিত্র
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যেও জলবায়ুজনিত দুর্যোগের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া যায়। সংস্থাটির তথ্য অনুযায়ী, নদীভাঙনে প্রতি বছর গড়ে ১৫ হাজারের বেশি মানুষ বসতভিটা হারিয়ে বাস্তুচ্যুত হন। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ কোটি ৭৭ লাখের বেশি মানুষ। এর মধ্যে বন্যায় প্রায় ১ কোটি ৬৯ লাখ এবং ঘূর্ণিঝড়ে প্রায় ৮ লাখ ৭৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জার্মানভিত্তিক গবেষণা সংস্থা জার্মানওয়াচের ‘ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২৬’ অনুযায়ী, ১৯৯৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত জলবায়ুজনিত চরম আবহাওয়ার ক্ষয়ক্ষতির হিসাবে বিশ্বের ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
শিশুদের সুরক্ষায় বাড়তি উদ্যোগের তাগিদ
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, বাংলাদেশের শিশুরা জলবায়ু সংকট সৃষ্টির জন্য কোনোভাবেই দায়ী নয়, অথচ তারাই সবচেয়ে বেশি ভুগছে। জরিপে শিশুদের সুনির্দিষ্ট চাহিদা উঠে এসেছে। এসব চাহিদা ও সমস্যার সমাধান নিশ্চিত করার দায়িত্ব সবার।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত সম্প্রতি বলেছেন, তাপপ্রবাহের সময় স্কুলে স্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্য পৌঁছানো জরুরি। স্থায়ী চিকিৎসক না থাকলেও মোবাইল স্বাস্থ্যসেবা দল কিংবা ভিজিটিং নার্স ও চিকিৎসকের মাধ্যমে স্কুল পরিদর্শন করা যেতে পারে। তিনি আগাম সতর্কবার্তা ও সময়োপযোগী প্রস্তুতির ওপরও গুরুত্ব দিয়েছেন।
এদিকে তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনেও শিশুদের জলবায়ুঝুঁকির বিষয়টি আলোচনায় এসেছে। বৈশ্বিক জলবায়ু তহবিলের মাত্র ২ দশমিক ৪ শতাংশ শিশু-সংবেদনশীল কার্যক্রমে ব্যয় হয় বলে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু তহবিলে শিশুদের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন এবং সেই অর্থ পাওয়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক, জলবায়ু অর্থায়ন-সংশ্লিষ্ট কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের জলবায়ুঝুঁকি মোকাবিলায় শুধু দুর্যোগের পর ত্রাণ বা চিকিৎসা দিলেই হবে না। নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা, পুষ্টি, শিক্ষার ধারাবাহিকতা এবং দুর্যোগের আগাম প্রস্তুতি নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিকল্পনা ও অর্থায়নে শিশুদের প্রয়োজনকে অগ্রাধিকার না দিলে আগামীর প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা কঠিন হয়ে পড়বে।
কালের আলো/এমএস/জেএন
