Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৭:০৭ পিএম

অভিষেকেই ৬ উইকেট, বিয়ার্ডম্যানের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৭:০৭ পিএম

অভিষেকেই ৬ উইকেট, বিয়ার্ডম্যানের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন অস্ট্রেলিয়ার তরুণ পেসার মাহলি বিয়ার্ডম্যান। ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নেমেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ২১ বছর বয়সী এই পেসার। মাত্র ২৪ রান খরচায় তুলে নিয়েছেন ৬ উইকেট। তাঁর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

জবাবে অধিনায়ক মিচেল মার্শের ঝোড়ো ফিফটিতে ২৩ দশমিক ৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ফলে সাত উইকেটের বড় জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিকরা।

বিয়ার্ডম্যানের বোলিংয়ে ইংল্যান্ডের ব্যাটিং ধস
শুক্রবার (১৩ নভেম্বর) পার্থ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরু থেকেই অস্ট্রেলিয়ার পেসারদের তোপে চাপে পড়ে সফরকারীরা। স্পেন্সার জনসন ও জেভিয়ার বার্টলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা।

ওপেনার বেন ডাকেট ৯ রান করে ফেরেন। আরেক ওপেনার টম ব্যান্টন করেন ২৫ রান। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন অভিষিক্ত বিয়ার্ডম্যান।

নিখুঁত লাইন-লেংথ ও সুইংয়ে একের পর এক ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। তাঁর বলে উইকেটরক্ষক জশ ইংলিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ১ রান করেন তিনি। একইভাবে ইংলিসের হাতে ক্যাচ দিয়ে ১৭ রানে বিদায় নেন অভিজ্ঞ ব্যাটার জো রুট। বিয়ার্ডম্যানের তৃতীয় শিকার জর্ডান কক্সের সংগ্রহ ছিল মাত্র ২ রান।

এরপর স্যাম কারান ও লিয়াম ডসনকে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন বিয়ার্ডম্যান। ১৯৮৮ সালে টনি ডোডেমাইডের পর প্রথম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে ওয়ানডে অভিষেকেই পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি।

তবে পাঁচ উইকেট নিয়েই থামেননি এই তরুণ। জফরা আর্চারকে ১১ রানে গালিতে ক্যাচ দিতে বাধ্য করে নিজের ষষ্ঠ উইকেটটি তুলে নেন। শেষ পর্যন্ত ৭.৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংস ধসিয়ে দেন বিয়ার্ডম্যান।

অস্ট্রেলিয়ার হয়ে স্পেন্সার জনসন ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন। জেভিয়ার বার্টলেটের শিকার একটি উইকেট। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন গাস অ্যাটকিনসন। তবে অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়ায় দলের সংগ্রহ বড় করতে পারেননি তিনি। ৩৩ দশমিক ৪ ওভারে ১৩১ রানেই অলআউট হয় ইংল্যান্ড।

মার্শের ঝোড়ো ফিফটিতে সহজ জয়
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারে গাস অ্যাটকিনসনের প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার ট্রাভিস হেড। কোনো রানই করতে পারেননি তিনি।

তবে সেই ধাক্কা সামলে দলের হাল ধরেন অধিনায়ক মিচেল মার্শ। ইংল্যান্ডের বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। চারটি ছক্কার সাহায্যে ঝোড়ো ফিফটি তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন মার্শ।

শেষ পর্যন্ত জেমি ওভারটনের বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৩৫ রান দিয়ে একটি উইকেট নেন ওভারটন। এরপর ২৭ রান করা কুপার কনোলিকে ফিরিয়ে দেন জফরা আর্চার।

তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে চলে গেছে। বাকি কাজটুকু নির্বিঘ্নে শেষ করেন জশ ইংলিস ও ম্যাট রেনশ। তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে ২৩ দশমিক ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। হাতে থাকে ১৫৯ বল।

মাঠের বাইরের বিতর্ক ছাপিয়ে অস্ট্রেলিয়ার জয়
মাঠের এই সাফল্যের আগে পুরোনো এক বিতর্ক নিয়ে অস্বস্তিতে ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট। সাবেক ব্যাটার উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর ২০১৮ সালের আলোচিত ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’ নতুন করে আলোচনায় এসেছে।

খাজার দাবি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের পরিকল্পনার বিষয়ে দলের আরও অনেক ক্রিকেটার অবগত ছিলেন। তবে তাঁর এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। অন্যদিকে খাজার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার।

পুরোনো বিতর্ক নিয়ে আলোচনা চললেও মাঠের পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়তে দেননি মিচেল মার্শরা। বিয়ার্ডম্যানের ঐতিহাসিক অভিষেক ও অধিনায়কের ঝোড়ো ব্যাটিংয়ে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামী রোববার (১৫ নভেম্বর)  অ্যাডিলেডে মুখোমুখি হবে দুই দল। এরপর বুধবার হোবার্টে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডে।

কালের আলো/এসএ/টিসি

Link copied!