Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৪:১৮ পিএম

তথ্যমন্ত্রী

নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম পাবে স্থায়ী স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৪:১৮ পিএম

নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম পাবে স্থায়ী স্বীকৃতি

নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোকে স্থায়ী স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। একই সঙ্গে অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধনপ্রক্রিয়া আরও সহজ ও ব্যবহারবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে। অনিবন্ধিত নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ও মনগড়া সংবাদ নিয়ন্ত্রণেও কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোর একটি নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে থাকা প্রয়োজন। এ বিষয়ে সাংবাদিকদের দাবি যৌক্তিক। নিবন্ধিত সংবাদমাধ্যমগুলোর স্থায়ী অবস্থান থাকা দরকার। পাশাপাশি যারা নতুন করে নিবন্ধন নিতে চান, তাঁদের জন্য প্রক্রিয়াটি সহজ ও ব্যবহারবান্ধব করা প্রয়োজন। সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

নিবন্ধনের মাধ্যমে তৈরি হবে সংবাদমাধ্যমের তথ্যভাণ্ডার
তথ্যমন্ত্রী বলেন, অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন থাকলে কারা সংবাদ প্রকাশ করছে এবং কারা করছে না, সে বিষয়ে সরকারের কাছে একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার থাকবে। এর মাধ্যমে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত সংবাদমাধ্যমগুলোকে সহযোগিতা করাও সহজ হবে।

তবে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলার মধ্যে ভারসাম্য বজায় রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। সরকারের উদ্যোগের উদ্দেশ্য সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা নয়, বরং স্বাধীন সাংবাদিকতার সুরক্ষা নিশ্চিত করা এবং অপতথ্য প্রতিরোধ করা বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।

ভুয়া সংবাদ নিয়ন্ত্রণে বৈশ্বিক চ্যালেঞ্জ
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সংবাদ ও অপতথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ফেসবুক ও ইউটিউবের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মূল লক্ষ্য ব্যবসা ও মুনাফা অর্জন। বেশি অ্যাকাউন্ট, বেশি কনটেন্ট এবং বেশি বিজ্ঞাপন তাদের আয়ের উৎস। এ কারণে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিটি ভুয়া সংবাদ বা ক্ষতিকর কনটেন্ট বন্ধ করা কঠিন।

ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের ক্ষেত্রেও সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বারবার আলোচনা করতে হচ্ছে বলে জানান তিনি। অতীতের অভিজ্ঞতার কারণে আইনকে সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহারের আশঙ্কা রয়েছে সংশ্লিষ্টদের মধ্যে। তাই তাঁদের উদ্বেগ দূর করে আলোচনার মাধ্যমে আইন প্রণয়নের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

সাংবাদিকদের উদ্দেশে আন্দালিভ রহমান পার্থ বলেন, সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা। বিবিসিসহ প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলো মানুষের আস্থা অর্জন করেছে তাদের সংবাদ পরিবেশনের মানের কারণে। তাই গণমাধ্যমগুলোর উচিত এই বিশ্বাসযোগ্যতা ধরে রাখা। এ ক্ষেত্রে সরকার সাংবাদিকদের সহযোগিতা চায়।

সভায় অনিবন্ধিত নিউজ পোর্টালের কার্যক্রম, সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ এবং ভুয়া সংবাদ ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

একাধিক গণমাধ্যমের মালিকানা নিয়ে নীতিমালা পর্যালোচনা
একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সরকার আলোচনা করছে। গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ক্ষেত্রে কী ধরনের নীতিমালা করা যায়, তা পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, অতীতে কিছু ব্যক্তি ও গোষ্ঠী রাজনৈতিক ও আর্থিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে গণমাধ্যমকে ব্যবহার করেছেন। তবে এ কারণে সব গণমাধ্যম বা সাংবাদিককে একইভাবে মূল্যায়ন করা ঠিক হবে না। অনেক সাংবাদিক ভয়ভীতি ও চাপের মধ্যেও দায়িত্ব পালন করেছেন।

গণমাধ্যমের স্বাধীনতা, বিশ্বাসযোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সরকারের লক্ষ্য, গণমাধ্যম যেন জনগণের কথা তুলে ধরে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে।

সংবাদমাধ্যমকে সরকারের ভুলত্রুটিও তুলে ধরতে হবে
তথ্যমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের চেতনা ধরে রাখা এবং অতীতের স্বৈরাচারী শাসনের ক্ষয়ক্ষতি সম্পর্কে জনগণকে সচেতন করা জরুরি। গণতান্ত্রিক পরিবেশে সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ রয়েছে।

সরকারের কোনো ভুলত্রুটি থাকলে তা-ও সংবাদমাধ্যমকে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেন আন্দালিভ রহমান পার্থ। তাঁর মতে, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!