রাজধানীর অলিগলি থেকে প্রধান সড়ক—কোথাও যেন নিরাপদ নয় নগরবাসী। সুযোগ বুঝে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা অস্ত্রের মুখে কেড়ে নিচ্ছে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী। বাধা দিলে চালানো হচ্ছে ছুরি, চাকু ও চাপাতির আঘাত। কখনো ছিনতাইকারীদের হামলায় প্রাণও হারাচ্ছেন সাধারণ মানুষ। দিন কিংবা রাত, কোনো সময়ই যেন নিরাপত্তার নিশ্চয়তা নেই।
রাজধানীতে ছিনতাই, চুরি, ডাকাতি ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত চার মাসে ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭৮ জন। অন্যদিকে গত ছয় মাসে প্রায় ১ হাজার ১০০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতসংখ্যক অপরাধী গ্রেপ্তারের পরও ছিনতাই নিয়ন্ত্রণে না আসায় নগরবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, রাজধানীর ৩৪২টি স্থানকে ছিনতাইপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আটটি বিভাগে ১ হাজার ৩৮৭ জনের বেশি ছিনতাইকারীর তালিকাও তৈরি করা হয়েছে।
৩৪২ হটস্পটে সক্রিয় ছিনতাইকারী
রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের একাধিক চক্র সক্রিয় রয়েছে। চলন্ত বাস ও ব্যক্তিগত গাড়ি থেকে মুঠোফোন, কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেওয়া হচ্ছে। আবার সড়কে পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, ব্যাগ, ল্যাপটপ ও মুঠোফোন কেড়ে নিচ্ছে দুর্বৃত্তরা।
তথ্য অনুযায়ী, মিরপুরে ৯৫টি ছিনতাইয়ের হটস্পট রয়েছে। গুলশান ও উত্তরা বিভাগে ৯৪টি, মতিঝিলে ৩০টি, ওয়ারীতে ৩৫টি, রমনা ও লালবাগে ৪৫টি এবং তেজগাঁও শিল্পাঞ্চলসহ সংশ্লিষ্ট এলাকায় ৫৮টি হটস্পট চিহ্নিত করা হয়েছে।
এসব এলাকায় প্রায় ১ হাজার ২০০ ছিনতাইকারী সক্রিয় রয়েছে বলে জানা গেছে। মতিঝিল ও পার্শ্ববর্তী এলাকায় ২১২ জন, মিরপুর ও তেজগাঁও বিভাগে ৩৮৬ জন, রমনা ও লালবাগ বিভাগে ২১৭ জন, উত্তরা ও গুলশান বিভাগে ১৫৪ জন এবং মোহাম্মদপুর থানায় ২০৫ জন ছিনতাইকারী সক্রিয় রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি বলেন, ছিনতাইকারীরা সাধারণত ভোর ও সন্ধ্যার সময়কে বেছে নিচ্ছে। বিশেষ করে বাস থেকে নেমে গন্তব্যে যাওয়ার পথে তুলনামূলক ফাঁকা জায়গায় তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট এবং প্রতিটি থানায় তিন থেকে পাঁচটি টহল দল কাজ করছে। এসব কার্যক্রম তদারকিতে সুপারভিশন টিমও রয়েছে। এরপরও কিছু ঘটনা ঘটছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ছিনতাইয়ের শিকার হয়ে প্রাণহানি
ছিনতাইয়ের ঘটনা এখন শুধু অর্থ ও সম্পদ হারানোর মধ্যে সীমাবদ্ধ নেই। সামান্য ব্যাগ বা মুঠোফোন ছিনিয়ে নিতে গিয়ে প্রাণঘাতী হামলার ঘটনাও ঘটছে।
সম্প্রতি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন। গত ২৯ আগস্ট সকালে স্বামীর সঙ্গে রিকশায় করে চিকিৎসার জন্য ফার্মগেটের একটি চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী পেছন থেকে তাঁর ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে ৬ জুন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রিকশায় ব্যাগ ছিনতাইয়ের সময় পড়ে আহত হন ওষুধ কোম্পানির কর্মকর্তা সোহেলি ইসলাম। পরে তাঁর মৃত্যু হয়।
এ ছাড়া জুলাইয়ে মোহাম্মদপুরের রায়েরবাজারে ফজলে রাব্বি সুমন, আগস্টে রনজিনা পারভীন এবং সেপ্টেম্বরে পল্লবীর প্যারিস রোড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সজীব নামে এক ব্যক্তি প্রাণ হারান।
গত ১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ২৬টি গুরুতর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩২ জন সরাসরি ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে ২৪ জন পুরুষ ও আটজন নারী। নারী ভুক্তভোগীর সংখ্যা তুলনামূলক কম হলেও প্রাণহানির ঘটনাগুলো ছিল ভয়াবহ।
অভিযান-গ্রেপ্তারেও কমছে না আতঙ্ক
ছিনতাই প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম চালাচ্ছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) আকতার হোসেন বলেন, রাতে কোথায় চেকপোস্ট বসবে কিংবা কোথায় মোবাইল পার্টি থাকবে, তা তদারকিতে সহকারী কমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও উপকমিশনাররা মাঠপর্যায়ে কাজ করেন। কোনো ব্যত্যয় দেখা গেলে ব্যবস্থা নেওয়া হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
সম্প্রতি যাত্রাবাড়ী, ডেমরা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ওয়ারী বিভাগের বিভিন্ন থানার পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই করা মুঠোফোন, চাকু, ব্লেড, মলম ও ৫০ গ্রাম মরিচের গুঁড়া উদ্ধার করা হয়েছে।
ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, যাত্রাবাড়ী দিয়ে দেশের ৪০টি জেলায় যাতায়াত করা হয়। এ এলাকায় দিনরাত ২৪ ঘণ্টা যানবাহন চলাচল করে। ফলে এখানে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ডেমরায় ছিনতাইয়ের সময় হাতেনাতে তিনজনকে এবং ওয়ারী-গেন্ডারিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে পাঁচ-ছয়টি বা তার বেশি মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী, তাঁরা রাতের বেলা মহাসড়ক ও বিভিন্ন অলিগলিতে ওঁৎ পেতে থাকেন। বাস থেকে নামা কিংবা রাতে যাতায়াত করা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করেন।
মোহাম্মদপুর-হাজারীবাগে বেশি আতঙ্ক
রাজধানীর ছিনতাইপ্রবণ এলাকাগুলোর মধ্যে মোহাম্মদপুরের পরিস্থিতি বেশি উদ্বেগজনক বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নবোদয় হাউজিংয়ের বড় মসজিদসংলগ্ন খালপাড়ের এলাকাটি অন্যতম ঝুঁকিপূর্ণ স্থান। এর এক পাশে মোহাম্মদপুর থানা, অন্য পাশে আদাবর থানা। অথচ কালভার্টের আশপাশে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা নেই।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিদিন সন্ধ্যার পর সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সড়ক থেকে পথচারীদের ধরে কালভার্টের ওপর নিয়ে সর্বস্ব কেড়ে নেওয়া হয়। কেউ বাধা দিলে তাঁর ওপরও হামলা চালানো হয়।
হাজারীবাগের শাজাহান মার্কেট ও স্বপ্নডাঙ্গা হাউজিংয়ের আশপাশেও ছিনতাইকারীদের তৎপরতা রয়েছে। স্থানীয়দের ভাষ্য, রাত ৯টার পর এসব এলাকায় ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে।
গত ২১ অক্টোবর রাত ২টার দিকে কলেজগেট এলাকায় অটোরিকশাচালক মো. কবির মিয়াকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নগদ টাকা ও অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এর আগে ১৫ মে রাতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের ঢালে যানজটে আটকে থাকা একটি কাভার্ডভ্যানের চালক মো. মহিনকে কুপিয়ে ২৪ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ছাড়া ৬ সেপ্টেম্বর রাতে কমলাপুর থেকে ট্রেনের ছাদে চড়ে বিমানবন্দর যাওয়ার পথে ক্যান্টনমেন্ট এলাকায় আহমেদ আবির নামে এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছিনতাইকারীরা। ২১ আগস্ট সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়িতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু নামে এক যুবক নিহত হন।
অপরাধের পুনরাবৃত্তি ঠেকানোর তাগিদ
অপরাধবিশ্লেষক ও বিশেষজ্ঞদের মতে, ছিনতাই, চুরি, ডাকাতি ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধের পেছনে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কারণ রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কার্যকর নজরদারি প্রয়োজন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. ওমর ফারুক বলেন, ছিনতাই, চুরি, ডাকাতি ও মুক্তিপণ দাবি অনেক ক্ষেত্রে একই অপরাধী চক্রের সঙ্গে সম্পর্কিত। এসব অপরাধ প্রতিরোধে অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি থানাভিত্তিক পুলিশি টহল বাড়ানো জরুরি।
অপরাধবিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের কেউ কেউ জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছেন। এসব অপরাধীকে জামিনে মুক্ত করতে যারা ভূমিকা রাখছেন, তাঁদের বিষয়েও নজর দেওয়া প্রয়োজন।
অন্যদিকে মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আহমদ আল ইরফানের মতে, মামলার দুর্বল তদন্ত, অভিযোগ গঠনে ত্রুটি এবং সাক্ষ্যপ্রমাণের ঘাটতির কারণে অনেক আসামি পার পেয়ে যান। ফলে অপরাধীদের বিচারের আওতায় আনতে তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে আরও পেশাদারত্ব প্রয়োজন।
সব মিলিয়ে রাজধানীতে ছিনতাই এখন নগরবাসীর দৈনন্দিন নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। পুলিশি অভিযান ও গ্রেপ্তার অব্যাহত থাকলেও অপরাধের পুনরাবৃত্তি ঠেকানো যাচ্ছে না। ফলে শুধু অপরাধী গ্রেপ্তার নয়, ছিনতাইয়ের হটস্পটগুলোতে স্থায়ী নজরদারি, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি উঠছে। নগরবাসীর প্রত্যাশা, রাজধানীর সড়ক ও অলিগলিতে নির্বিঘ্নে চলাচলের নিরাপত্তা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
কালের আলো/এসএ/জেএন
