মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিজয় দিবসের আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণে সর্বোচ্চ নিরাপত্তা
সভায় সিদ্ধান্ত হয়, মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণ নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ জন্য স্মৃতিসৌধের ভেতরের এলাকা ও প্রবেশপথে আধুনিক নিরাপত্তা প্রযুক্তির অংশ হিসেবে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার
বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা কিংবা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহন তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবসের অনুষ্ঠানস্থলেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।
সাভারগামী সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা
বিজয় দিবসে যানবাহন চলাচল স্বাভাবিক ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ দেশের প্রতিটি অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে। এর মাধ্যমে যেকোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি থাকবে।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন যারা
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি
