সড়ক দুর্ঘটনায় প্রতিবছর পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে বাংলাদেশে। প্রাণহানির পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোর ওপরও বাড়ছে চাপ। এক গবেষণার তথ্য বলছে, হাসপাতালের মোট শয্যার গড়ে ১৬ দশমিক ২ শতাংশই ব্যবহার হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসায়। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা প্রতিরোধ ও ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তাঁরা বলছেন, শুধু দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করলেই হবে না, দুর্ঘটনা প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নিতে হবে। নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতিসীমা, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল সড়ক ব্যবহার এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
রোববার (১৫ নভেম্বর) বিশ্ব সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে।
তিন বছরে প্রাণহানি পাঁচ হাজারের বেশি
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেফটি প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ ওয়ালী নোমান। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য তুলে ধরে জানান, দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৩ সালে ৫ হাজার ৩০৫ জন, ২০২৪ সালে ৫ হাজার ৪৮০ জন এবং ২০২৫ সালে ৫ হাজার ৪৮৯ জনের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ২০২৩ সালের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়েছে ২৩ শতাংশ। একই সময়ে ইউরোপীয় অঞ্চলে এ হার কমেছে ৩৬ শতাংশ।
ওয়ালী নোমান বলেন, যথাযথ নীতি, আইন, নিরাপদ অবকাঠামো ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সড়কে প্রাণহানি কমানো সম্ভব।
হাসপাতালের শয্যার ১৬ শতাংশ দুর্ঘটনায় আহতদের
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোর ওপর বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। ২০২৪ সালের এক গবেষণার তথ্য অনুযায়ী, হাসপাতালের মোট শয্যার গড়ে ১৬ দশমিক ২ শতাংশ সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। একজন আহত রোগীকে গড়ে ১৬ দিন হাসপাতালে থাকতে হয়।
গবেষণায় বলা হয়েছে, সরকারি ব্যয় বাদে একজন রোগীর পেছনে গড়ে ৩১ হাজার ৬৮৩ টাকা খরচ হয়। এর মধ্যে রোগ নির্ণয়, ওষুধ, অস্ত্রোপচার, শয্যা, যাতায়াত এবং রোগীর সঙ্গে থাকা ব্যক্তির খাবার ও আবাসন ব্যয় অন্তর্ভুক্ত।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আঘাতের বড় অংশই প্রতিরোধযোগ্য। তাই দুর্ঘটনার পর চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করা গেলে প্রাণহানি কমানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার ওপর চাপও কমবে।
নিরাপদ সড়কের পাঁচ উপাদান
মূল প্রবন্ধে নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করতে পাঁচটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। এগুলো হলো নিরাপদ সড়ক অবকাঠামো, নিরাপদ যানবাহন, নিয়ন্ত্রিত গতিসীমা, দায়িত্বশীল সড়ক ব্যবহারকারী এবং দুর্ঘটনার পর কার্যকর উদ্ধার ও চিকিৎসাসেবা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান বলেন, সড়ক দুর্ঘটনায় তাঁদের তিনজন প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকের মৃত্যু মানবিক সহায়তা কার্যক্রমের জন্য বড় ক্ষতি। গত ২৩ অক্টোবর একটি ভিবিডি কার্যক্রমে অংশ নিয়ে মাগুরায় ফেরার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন।
প্রতিটি গুরুতর দুর্ঘটনার যথাযথ তদন্ত, দায় নির্ধারণ এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
আইনের প্রয়োগ ও সচেতনতার তাগিদ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পরিবহন খাতে যথাযথ ব্যবস্থাপনা ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে পারলে এ খাতের চিত্র বদলে দেওয়া সম্ভব। তবে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। রাষ্ট্রীয় উদ্যোগ ও সামাজিক অংশগ্রহণ একসঙ্গে এগিয়ে এলে নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় ১১ লাখ ৯০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। এসব মৃত্যুর ৯২ শতাংশই ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।
জাতিসংঘের ২০২১-২০৩০ মেয়াদের সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে দেশে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন বক্তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (সড়ক নিরাপত্তা) মো. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
কালের আলো/টিএস/জেএন
