ক্ষমতায় বিএনপি, প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব এখন তাঁর কাঁধে। কিন্তু ক্ষমতার কেন্দ্র দখলে এলেও রাজপথের রাজনীতি থেকে একচুলও সরে আসতে চান না তিনি। বরং দলীয় সংসদ সদস্যদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজপথ ছেড়ে দেওয়ার সুযোগ নেই। সব ষড়যন্ত্রের জবাব দিতে হবে রাজপথেই। তাঁর কণ্ঠে দৃঢ় ঘোষণা—‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।’
- কড়া নির্দেশ—‘রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা’
- সংসদীয় দলের সভায় নেতাকর্মীদের সক্রিয় থাকার বার্তা
- আওয়ামী লীগের তৎপরতা, শরিকদের অসন্তোষ ও সাংগঠনিক দুর্বলতা নিয়ে বাড়তি সতর্কতা
প্রধানমন্ত্রীর এই বক্তব্যে ডিসেম্বর ঘিরে বিএনপির রাজনৈতিক অবস্থানের নতুন দিক উন্মোচিত হয়েছে। সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখা, সম্ভাব্য অস্থিরতা মোকাবিলা এবং দলীয় শক্তি সংহত করাকে সমান গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন দল। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ তৎপরতা, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং রাজনৈতিক পরিস্থিতির সম্ভাব্য পরিবর্তন নিয়ে সতর্ক বিএনপির শীর্ষ নেতৃত্ব।
গত সোমবার (৯ নভেম্বর) সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে এই কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সভাপতিত্বও করেন তিনি। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা এবং সরকার ও দলের করণীয় নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্রের ভাষ্য, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের বুঝিয়ে দিয়েছেন, ক্ষমতায় যাওয়ার অর্থ রাজনৈতিক মাঠ ছেড়ে দেওয়া নয়। বরং যেকোনো পরিস্থিতিতে দলকে সংগঠিত ও সক্রিয় থাকতে হবে।
গুরুত্বপূর্ণ রাজপথের নিয়ন্ত্রণ
বিএনপির এই অবস্থানের পেছনে রয়েছে একাধিক রাজনৈতিক হিসাব। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ক্ষমতায় এলেও দলটির সামনে সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের প্রতিযোগিতা এবং তৃণমূলের নিষ্ক্রিয়তার মতো চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নেতাকর্মীদের একটি অংশ সরকারি দায়িত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছেন। কোথাও পদ-পদবি নিয়ে অসন্তোষ, কোথাও স্থানীয় নেতৃত্বের বিরোধ। এমন বাস্তবতায় দলকে আবার রাজপথমুখী করার তাগিদ দিচ্ছেন তারেক রহমান।
বিএনপির নীতিনির্ধারকদের কাছে সবচেয়ে বড় রাজনৈতিক উদ্বেগের বিষয় আওয়ামী লীগের ভবিষ্যৎ তৎপরতা। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এই আলোচনাকে আরও গুরুত্ব দিয়েছে। সংসদীয় দলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। বিএনপির দায়িত্বশীল নেতারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তাঁদের বিবেচনায়, রাজনৈতিক পরিস্থিতি যেদিকেই মোড় নিক, রাজপথে দলীয় উপস্থিতি দুর্বল হওয়ার সুযোগ নেই।
কেন্দ্রের সঙ্গে মাঠপর্যায়ের নেতৃত্বের সমন্বয়
বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে বিএনপি দল পুনর্গঠনের কাজও এগিয়ে নিতে চায়। সামনে জাতীয় কাউন্সিলের প্রস্তুতি, কেন্দ্রীয় কমিটি, স্থায়ী কমিটি, উপদেষ্টা পরিষদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্বিন্যাসের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটি পুনর্গঠনের উদ্যোগও রয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং কেন্দ্রের সঙ্গে মাঠপর্যায়ের নেতৃত্বের সমন্বয় বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রীর রাজপথে সক্রিয় থাকার নির্দেশনাকে তাই দল পুনর্গঠনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা। সরকারে থেকে দলীয় সংগঠন দুর্বল হয়ে পড়ুক, তা চান না বিএনপির শীর্ষ নেতৃত্ব।
শরিকদের সঙ্গে দূরত্ব কমানোর তাগিদ
শুধু নিজেদের সংগঠন নয়, পুরোনো রাজনৈতিক মিত্রদের সঙ্গেও সম্পর্ক ঝালিয়ে নিতে চাইছে বিএনপি। সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কার, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও রাজনৈতিক মূল্যায়ন নিয়ে শরিকদের মধ্যে কিছু অসন্তোষ তৈরি হয়েছে। সেই দূরত্ব কমাতে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে শরিক দলগুলোর সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য বৈঠকে বিএনপির ৩১ দফা, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধন, স্থানীয় সরকার নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।
রাজপথের রাজনীতি অন্যদের হাতে নয়
সব মিলিয়ে ডিসেম্বরের আগে বিএনপি তিনটি লক্ষ্য সামনে রেখে এগোচ্ছে—সরকারের অবস্থান সুসংহত করা, দলীয় সংগঠনকে সক্রিয় রাখা এবং রাজনৈতিক মিত্রদের সঙ্গে সমঝোতা বাড়ানো। এর বাইরে আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা মোকাবিলায়ও প্রস্তুত থাকতে চায় দলটি। তারেক রহমানের বক্তব্যে একটি বিষয় পরিষ্কার, বিএনপি সরকারে আছে বলে রাজপথের রাজনীতি অন্যদের হাতে ছেড়ে দিতে চায় না। বরং ক্ষমতার পাশাপাশি মাঠের রাজনৈতিক শক্তিও ধরে রাখতে চায় দলটি।
কালের আলো/জেএন/এমকে
