সচিবালয়ের নীতিনির্ধারণী কক্ষ থেকে এবার আলোচনার কেন্দ্রবিন্দু উপজেলা প্রশাসন। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের শেষ প্রান্তে যাঁদের ওপর সবচেয়ে বেশি নির্ভর করতে হয়, সেই উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে সরাসরি সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু নির্দেশনা নয়, উপজেলা পর্যায়ের সমস্যা, প্রশাসনিক ক্ষমতার সীমাবদ্ধতা, উন্নয়ন প্রকল্পের জটিলতা ও জনসেবার বাস্তব চিত্রও এবার উঠে আসবে সরকারপ্রধানের সামনে। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসে ইউএনওদের নিয়ে প্রথম ‘নির্বাহী সংলাপ’। আর এই আয়োজন ঘিরে উপজেলা প্রশাসনের ক্ষমতা ও দায়িত্বের পরিসরে নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে।
- প্রধানমন্ত্রীর প্রথম নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর, শুনবেন সমস্যার কথা
- উঠবে উপজেলা প্রশাসনের ক্ষমতা ও দায়িত্বের নতুন বিন্যাসের প্রসঙ্গ
- চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত বাড়তে পারে ইউএনওদের কর্তৃত্
মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে দিনব্যাপী এই সংলাপের সান্ধ্য অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ইউএনওদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। উপজেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান না থাকায় বর্তমানে প্রশাসনিক দায়িত্বের বড় অংশ সামলাচ্ছেন ইউএনওরা। সংলাপের পর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত মাঠপর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্পের তদারকি ও নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁদের দায়িত্ব আরও বিস্তৃত হতে পারে।
এবার মাঠের কথা সরাসরি শুনবেন প্রধানমন্ত্রী
গত ১১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মামুনের স্বাক্ষরে দেশের সব ইউএনওর কাছে পাঠানো চিঠিতে এ আয়োজনের কথা জানানো হয়। প্রথম অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেবেন। উপজেলা পর্যায়ে সরকারের কর্মসূচি বাস্তবায়ন ও প্রশাসনিক সমন্বয় জোরদারে তাঁরা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার—মাঠ প্রশাসনের এই তিন স্তরের মধ্যে উপজেলা পর্যায়ের কর্মকর্তারাই সরাসরি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক সম্মেলনের আদলে ইউএনওদের নিয়ে এমন জাতীয় পর্যায়ের সংলাপ এবারই প্রথম।
চেয়ারম্যান নেই, ১৭ কমিটির দায়িত্ব ইউএনওদের হাতে
উপজেলা পরিষদের ১৭টি কমিটির সভাপতির দায়িত্ব বর্তমানে ইউএনওদের হাতে। নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান না থাকায় স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তাঁদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আগে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর যৌথ স্বাক্ষরে সরকারি ব্যয় পরিচালিত হলেও জনপ্রতিনিধি না থাকায় এখন ইউএনও ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলীর যৌথ স্বাক্ষরে উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড় হচ্ছে।
আগে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও কর্মসূচি পরিচালিত হতো। জনপ্রতিনিধি না থাকলেও এসব কার্যক্রম যেন আগের মতোই সচল থাকে এবং সরকারের উন্নয়ন উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা যায়, সে বিষয়েও ইউএনওদের নির্দেশনা দেওয়া হবে।
বাড়তে পারে প্রশাসনিক কর্তৃত্ব
সংলাপ ঘিরে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে ইউএনওদের দায়িত্ব ও ক্ষমতার সম্ভাব্য সম্প্রসারণ নিয়ে। উপজেলা পরিষদ নির্বাচন না হওয়া পর্যন্ত মাঠপর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্পের তদারকি এবং নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁদের আরও বিস্তৃত দায়িত্ব দেওয়া হতে পারে।
জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে উপজেলা পর্যায়ে সরকারের কার্যক্রম পরিচালনায় ইউএনওদের ওপর যে বাড়তি দায়িত্ব তৈরি হয়েছে, তা আরও সুসংহত করার বিষয়টি গুরুত্ব পেতে পারে এই সংলাপে। ফলে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন বিন্যাস আসার সম্ভাবনাও রয়েছে।
কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নেও ইউএনওদের বিশেষ ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হবে। আলোচনায় থাকবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষি উন্নয়ন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার বিষয়।
এ ছাড়া উপজেলা পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের সমন্বয়, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি কর্মসূচি বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো দিকনির্দেশনা দেবে।
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা প্রশাসনের করণীয় নিয়েও আলোচনা হবে। পাশাপাশি উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিষয়টিও গুরুত্ব পাবে।
মাঠের বাস্তবতা তুলে ধরার সুযোগ
উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের প্রশাসনিক সীমাবদ্ধতা ও বাস্তব সমস্যার মুখোমুখি হতে হয় ইউএনওদের। কোথাও জনবলসংকট, কোথাও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জটিলতা, আবার কোথাও বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়হীনতা কাজের গতিকে বাধাগ্রস্ত করে।
নাম প্রকাশ না করার শর্তে একজন উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা পর্যায়ের সমস্যা, প্রশাসনিক সীমাবদ্ধতা ও উন্নয়ন কার্যক্রমের প্রতিবন্ধকতাগুলো তুলে ধরার জন্য এটি একটি বড় সুযোগ। এতে সরকারের সিদ্ধান্ত ও প্রকল্প বাস্তবায়নে গতি বাড়বে। কেন্দ্রীয় পর্যায়ের নির্দেশনা মাঠপর্যায়ে দ্রুত প্রয়োগ করাও সহজ হবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন যেন শুধু একবারের মধ্যে সীমাবদ্ধ না থাকে, প্রতিবছরই যেন এর ধারাবাহিকতা বজায় থাকে।
মাঠ প্রশাসনে নতুন গতি
সাবেক আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞ মো. শেখাবুর রহমান বলেন, ইউএনওদের নিয়ে এ ধরনের সংলাপ বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে প্রথম। এটি সরকারের একটি ভালো উদ্যোগ। মাঠ প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগে মাঠ প্রশাসনের কার্যক্রমে নিঃসন্দেহে আরও গতি আসবে।
ডিসি সম্মেলনের আদলে ইউএনওদের নিয়ে এই প্রথম জাতীয় পর্যায়ের সংলাপ তাই প্রশাসনিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে। কেন্দ্রের নির্দেশনা আর মাঠের বাস্তবতার মধ্যে দূরত্ব কমিয়ে উপজেলা প্রশাসনকে আরও কার্যকর করার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার বাস্তব প্রতিফলন কতটা ঘটবে, এখন সেদিকেই নজর।
কারণ সরকারের প্রতিটি পরিকল্পনার চূড়ান্ত সাফল্য নির্ভর করে তার বাস্তবায়নের ওপর। আর সেই বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি উপজেলা। তাই ১ ডিসেম্বরের সংলাপ শুধু ইউএনওদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় নয়, বরং তৃণমূল প্রশাসনের আগামী দিনের দায়িত্ব, সমন্বয় ও কর্মপরিকল্পনা নির্ধারণেরও গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে উঠতে পারে।
কালের আলো/আরআই/এমকে
