আন্তর্জাতিক কিংবা দেশীয় ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার আয়োজন হলেই সক্রিয় হয়ে উঠত অনলাইন জুয়ার চক্রগুলো। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে চলত বাজি ধরা। খেলা শেষে জুয়ার অর্থ বিকাশ, নগদসহ বিভিন্ন আর্থিক সেবার মাধ্যমে সংগ্রহ করে মানি এক্সচেঞ্জ অ্যাপ বাইন্যান্সের সাহায্যে ডলারে রূপান্তর করা হতো। পরে সেই অর্থ পাঠানো হতো বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে। একপর্যায়ে বাইন্যান্সের মাধ্যমে টাকা পাচার হয়ে যেত বিদেশে।
এভাবে অনলাইন জুয়া পরিচালনা ও অর্থ পাচারের অভিযোগে দুটি চক্রের ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সম্প্রতি তদন্ত শেষে সংস্থাটির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার উপপরিদর্শক পরাগ সাধু এই অভিযোগপত্র জমা দেন। এতে অনলাইন জুয়ার সাইট পরিচালনা, অর্থ লেনদেন এবং বিদেশে টাকা পাঠানোর বিভিন্ন কৌশল উঠে এসেছে।
মামলা ও অভিযোগপত্র
২০২৩ সালের ১ সেপ্টেম্বর সিআইডির উপপরিদর্শক আল হাদী রবিন বাদী হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এতে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছিল।
তদন্ত শেষে সম্প্রতি ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে ১৬ জন জামিনে রয়েছেন। অন্যদিকে আশিকুর রহমান, ফিরোজ মন্ডল, কাইয়ুম ইসলাম ওরফে স্বাধীন, রাসেল ইসলাম ও রবিউল ইসলাম পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করা হয়েছে।
মামলার আসামিরা হলেন মো. মতিউর রহমান, মো. সৈকত রহমান বাবু, সাইফুল বিন ওহিদুল, মো. রেজাউল করিম, মো. সাদিকুল ইসলাম, নাজমুল আহসান, মো. তৌহিদ হোসেন, মো. জাকির হোসেন মজুমদার, মো. আশিকুর রহমান, মো. জামিল হোসেন, মো. ফিরোজ মন্ডল, মো. কাইয়ুম ইসলাম ওরফে স্বাধীন, মো. রাসেল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. সোহাগ হোসেন, মইনুদ্দিন সিকদার ছোটন, মো. আপেল মাহমুদ, মো. মানিক মিয়া, মো. সাব্বির হোসেন, ইমন হোসেন ও মো. রাসেল শেখ।
যেভাবে চলত অনলাইন জুয়ার লেনদেন
তদন্তে উঠে এসেছে, বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ও অ্যাপে মোবাইল নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা যেত। প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে তৈরি হতো একটি ই-ওয়ালেট। শুরুতে সেখানে কোনো টাকা থাকত না। জুয়া খেলতে হলে প্রথমে ওই ওয়ালেটে অর্থ জমা দিতে হতো।
ওয়ালেটে টাকা যোগ করার জন্য বিকাশ, নগদ, রকেট, উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের সুযোগ ছিল। ব্যবহারকারী কোনো একটি মাধ্যম বেছে নিলে তাঁকে নির্দিষ্ট এজেন্ট নম্বর দেওয়া হতো। সেই নম্বরে টাকা পাঠানোর কিছুক্ষণের মধ্যেই ই-ওয়ালেটে ব্যালেন্স যুক্ত হয়ে যেত। এরপর সেই অর্থ দিয়ে বিভিন্ন খেলার ফলাফল কিংবা নির্দিষ্ট ঘটনা নিয়ে বাজি ধরা যেত। এসব সাইটে সর্বনিম্ন ২০০ টাকা জমা দিয়েও জুয়া খেলার সুযোগ ছিল।
ক্রিকেট, ফুটবলসহ আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন প্রতিযোগিতাকে কেন্দ্র করে এসব বাজির আয়োজন করা হতো। কোনো দল জিতবে, কোন দল হারবে কিংবা খেলার নির্দিষ্ট পরিস্থিতিতে কী ঘটবে—এসব বিষয়েও অর্থের বিনিময়ে বাজি ধরা হতো।
বাইন্যান্সে ডলারে রূপান্তর, এরপর বিদেশে পাচার
অভিযোগপত্রে বলা হয়েছে, জুয়ার ওয়েবসাইটে টাকা জমা দেওয়ার জন্য ব্যবহৃত এজেন্ট নম্বরগুলো নিয়মিত পরিবর্তন করা হতো। বিভিন্ন আর্থিক সেবার এজেন্টদের মাধ্যমে সংগৃহীত অর্থের একটি অংশ বাইন্যান্সের মাধ্যমে ডলারে রূপান্তর করা হতো। পরে সেই অর্থ জুয়ার ওয়েবসাইট পরিচালনাকারীদের নির্দিষ্ট বাইন্যান্স অ্যাকাউন্টে পাঠানো হতো। অবশিষ্ট অর্থ তুলে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হতো।
এভাবে মোবাইল আর্থিক সেবা, ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি বিনিময় ব্যবস্থাকে কাজে লাগিয়ে জুয়ার অর্থ বিদেশে পাচার করা হতো বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।
রাশিয়া থেকে পরিচালিত হতো একটি চক্র
মামলার আসামি মো. মতিউর রহমান রাশিয়ায় অবস্থান করেই অনলাইন জুয়ার একটি চক্র পরিচালনা করতেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এ কাজে তাঁর সহযোগী ছিলেন আরেক আসামি মো. সৈকত রহমান বাবু। বাংলাদেশের কার্যক্রম দেখভাল করতেন সৈকত। তাঁকে সহায়তা করতেন মো. রেজাউল করিম ও মো. সাদিকুল ইসলাম।
অভিযোগপত্রে বলা হয়েছে, এসব জুয়ার সাইট থেকে অর্থ জেতা ব্যক্তিরা বিকাশ ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে টাকা তুলে নিতে পারতেন। অন্যদিকে জুয়ার সাইট থেকে আয় করা অর্থ আসামিদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ঘুরে রাশিয়ায় পাচার করা হতো।
বিকাশ-নগদ এজেন্ট দিয়ে চলত আরেক চক্র
অনলাইন জুয়ার আরেকটি চক্রের বাংলাদেশি অ্যাডমিন হিসেবে কাজ করতেন সাইফুল বিন ওহিদুল। অভিযোগপত্রে তাঁর নির্দেশনায় কয়েকটি জুয়ার ওয়েবসাইট পরিচালনার তথ্য উল্লেখ করা হয়েছে। এই কাজে তাঁকে সহায়তা করতেন রাসেল ইসলাম, রাসেল শেখ, সাব্বির হোসেন, সোহাগ হোসেন ও মইনুদ্দিন সিকদার ছোটন।
অভিযোগ অনুযায়ী, এই চক্রের জুয়ার সাইট পরিচালনায় ব্যবহারের জন্য বিকাশ ও নগদের সুবিধা সরবরাহ করতেন বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) নাজমুল আহসান এবং বিকাশ হাউস আলম করপোরেশনের ম্যানেজার মো. জামিল হোসেন। জুয়ার সাইট থেকে পাওয়া অর্থ নগদ টাকায় রূপান্তর করে ওহিদুলের কাছে পৌঁছে দেওয়া হতো।
আরেক সাইটের দায়িত্বে ছিলেন ফিরোজ
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, একই অপরাধ চক্রের আরেকটি জুয়ার সাইটের বাংলাদেশি অ্যাডমিন হিসেবে কাজ করতেন মো. ফিরোজ মন্ডল। ওই সাইটের লেনদেন পরিচালনায় ব্যবহারের জন্য বিকাশ ও নগদের এজেন্ট এবং ব্যক্তিগত সিম সরবরাহ করতেন মো. মানিক মিয়া, মো. রবিউল ইসলাম, মো. কাইয়ুম ইসলাম ওরফে স্বাধীন এবং রাসেল ইসলাম। এভাবে একাধিক ব্যক্তি ও আর্থিক লেনদেনের মাধ্যম ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করা হতো বলে তদন্তে উঠে এসেছে।
১৫ নভেম্বর আদালতে উঠছে অভিযোগপত্র
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান জানান, মামলায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আগামী ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হবে।
তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, অনলাইন জুয়ার চক্রগুলো শুধু বাজি ধরার ওয়েবসাইট পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এসব কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল অর্থ সংগ্রহ, একাধিক আর্থিক মাধ্যম ব্যবহার এবং বিদেশে অর্থ পাঠানোর ব্যবস্থা। তবে অভিযোগপত্রে আনা অভিযোগগুলো আদালতে বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হওয়া সাপেক্ষে সংশ্লিষ্টদের দায় নির্ধারিত হবে।
কালের আলো/এসএ/এমএসআইপি
