শ্রমিক অসন্তোষ ও কারখানায় বিশৃঙ্খলার কারণে অনির্দিষ্টকালের জন্য ১৪৭টি তৈরি পোশাক কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। একই সঙ্গে শিল্পাঞ্চলের পরিস্থিতির উন্নতি না হলে নিম্নতম মজুরি বোর্ডের আলোচনা বর্জনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এ ঘোষণা দেন। এর আগে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্যদের সঙ্গে বৈঠক করেন পোশাকশিল্পের মালিকেরা।
শ্রমিকদের একাংশের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, মজুরি নিয়ে আলোচনা এবং কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা—দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না।
তিনি দাবি করেন, অধিকাংশ শ্রমিক ও মালিক কাজে যোগ দিতে প্রস্তুত থাকলেও কিছু শ্রমিক নিয়মিত বিশৃঙ্খলা করছেন। তাঁরা নিজেরা কাজ করছেন না, অন্যদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। হাজিরা কার্ড পাঞ্চ করে কারখানা থেকে বেরিয়ে যাওয়ার পাশাপাশি দলবদ্ধভাবে অন্য কারখানার শ্রমিকদেরও বের করে নিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতিতে ১৪৭টি কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকেরা।
মজুরি বোর্ডের আলোচনা বর্জনের হুঁশিয়ারি
মাহমুদ হাসান খান বলেন, এমন পরিস্থিতিতে বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষে নিম্নতম মজুরি বোর্ডে অংশ নিয়ে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়।
শ্রমিক ফেডারেশনগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, সংকট মোকাবিলায় শ্রমিক ফেডারেশনগুলোর ভূমিকা যথাযথ ছিল না এবং তারা মাঠপর্যায়ের শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে পারছে না। কারখানার নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে প্রতিনিধিত্ব করা সমীচীন হবে না বলে মালিকেরা জানিয়েছেন।
তিনি আরও জানান, চলমান অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া আশুলিয়া, সাভার ও গাজীপুরের কারখানাগুলো বন্ধ থাকবে। সরকার দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব
তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দেন। তবে বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম চললেও শিল্পাঞ্চলে উত্তেজনা কমেনি।
বিজিএমইএর সর্বশেষ হিসাব অনুযায়ী, গত বুধবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের মোট ১৫৬টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়। এর মধ্যে শুধু সাভার-আশুলিয়া এলাকাতেই ক্ষতিগ্রস্ত হয় ১৪০টি কারখানা।
মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সঙ্গে সংঘর্ষ
এদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে বুধবার দিনভর সাভার-আশুলিয়ায় দফায় দফায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসব ঘটনায় পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কালের আলো/এসএ/টিসি
