গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ ছাড়া অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে কর্মস্থলে এসে কাজ না পেয়ে ফিরে যেতে হচ্ছে শ্রমিকদের। অনিশ্চয়তায় পড়েছেন হাজারো কর্মী।
রোববার (১৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। কেউ নোটিশ দেখে ফিরে যান, আবার কেউ কাজের বিষয়ে নিশ্চিত হতে দীর্ঘসময় কারখানার ফটকে অপেক্ষা করেন।
সাত কারখানায় অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ
কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর এবং রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানানো হয়েছে।
সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকার শিল্পকারখানাগুলোতে এমন চিত্র দেখা যায়। কাজে যোগ দিতে শ্রমিকেরা কারখানায় এলেও বন্ধের নোটিশ পেয়ে ফিরে যেতে শুরু করেন।
কাজ চান শ্রমিকেরা, বাড়ছে অনিশ্চয়তা
এপেক্স হোল্ডিংয়ের কয়েকজন শ্রমিক জানান, প্রতিদিন কাজের আশায় কারখানায় আসেন তাঁরা। কাজ না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করলেও এখন তাঁরা কাজে ফিরতে চান।
শ্রমিকদের ভাষ্য, বেতন বাড়ানোর ঘোষণা আসার পর তাঁরা নিয়মিত কাজ করতে আগ্রহী। কিন্তু প্রতিদিন কারখানায় এসে কোনো না কোনো সমস্যার মুখে পড়ছেন। কখনো সাধারণ ছুটি, আবার কখনো অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে হচ্ছে।
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কয়েক দিন ধরে গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, শিল্প পুলিশের বিশেষায়িত ইউনিট, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে প্রতিদিনই অনেক কারখানা বন্ধ থাকছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে না।
তিনি বলেন, রোববার থেকে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে সঠিক নোটিশ এখনো তাঁদের হাতে পৌঁছায়নি। কারখানাগুলো হয়তো আজই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি
