Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০১:৪৮ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০১:৪৮ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী দুই বছরের জন্য এই পদে বহাল থাকছেন তিনি। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত আইসিসির নেতৃত্ব দেবেন ৩৮ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেট সংগঠক।

সোমবার (১৬ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড ও কমিটির সভায় পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে তাঁর পুনর্নির্বাচনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জয় শাহ।

বোর্ডের আস্থা জয় শাহর নেতৃত্বে
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব জয় শাহ ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবার আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তখন ৩৬ বছর বয়সে আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসার, সমর্থক সংখ্যা বৃদ্ধি এবং বাণিজ্যিক সাফল্যের গুরুত্বপূর্ণ সময়ে জয় শাহর নেতৃত্বের ওপর বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে। তাঁর নেতৃত্বে ক্রিকেটকে আরও বেশি দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি খেলাটির ভবিষ্যৎ উন্নয়নে কাজ চালিয়ে যেতে চায় সংস্থাটি।

২০২৮ অলিম্পিককে বড় সুযোগ হিসেবে দেখছেন জয় শাহ
পুনর্নির্বাচিত হওয়ার পর আইসিসি বোর্ড ও পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয় শাহ। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে সামনে রেখে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এক বিবৃতিতে জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত এবং প্রতিটি পরিচালকের অব্যাহত সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে গৌরব ও বড় দায়িত্বের। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে আমাদের সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে খেলাটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি। জয় শাহ বলেন, ‘আমরা আমাদের খেলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর একটি সময়ে প্রবেশ করছি। এলএ২৮ (লস অ্যাঞ্জেলেস ২০২৮) অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকদের কাছে আমাদের খেলাটিকে পৌঁছে দিতে এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করতে এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে।’

ক্রিকেটের টেকসই ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা
জয় শাহর মতে, আইসিসির দায়িত্ব শুধু আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং খেলোয়াড়, সমর্থক, বাণিজ্যিক অংশীদার ও সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব কেবল সফল ইভেন্ট আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য মূল অংশীজনদের নিয়ে ক্রিকেটের জন্য একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’

ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি মানুষকে একত্রিত করার ক্ষমতা বলেও উল্লেখ করেন আইসিসি চেয়ারম্যান। তাঁর লক্ষ্য, সদস্য দেশগুলোর সহযোগিতায় নতুন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্রিকেটের অগ্রগতির একটি স্থায়ী ভিত্তি তৈরি করা।

আগামী দুই বছরের মেয়াদে অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন, বিশ্বজুড়ে খেলাটির জনপ্রিয়তা বাড়ানো এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো—এসব বিষয়ই জয় শাহর নেতৃত্বে আইসিসির গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে উঠবে।

কালের আলো/এসএ/এএইচ

Link copied!