টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। বিশেষ করে তাঁর বিয়ে নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে টালিউডের বিভিন্ন মহলে। আর সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে মিমির একটি রহস্যময় মন্তব্য।
বিয়ের খবর নিয়ে সরাসরি কিছু স্বীকার না করলেও অভিনেত্রীর কথাবার্তা ও প্রতিক্রিয়ায় জল্পনা আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর কথিত বিয়ের একটি কার্ডও। বিষয়টি নিয়ে ভক্তদের কৌতূহল এখন আরও বেশি।
ভাইরাল বিয়ের কার্ডে পোষ্যদের ছবি
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মিমি চক্রবর্তীর একটি কথিত বিয়ের কার্ড ছড়িয়ে পড়ে। কার্ডটিতে বর-কনের নামের পাশাপাশি বিশেষভাবে জায়গা পেয়েছে অভিনেত্রীর তিন প্রিয় পোষ্য—চিকু, জুনিয়র-ম্যাক্স ও জাদুর ছবি।
মিমির পোষ্যদের সঙ্গে ভক্তদের পরিচিতি দীর্ঘদিনের। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই তাদের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী। ফলে কথিত বিয়ের কার্ডে পোষ্যদের ছবি দেখে অনেকেই বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নিতে শুরু করেন।
এদিকে টালিউডের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গুঞ্জন ছড়িয়েছে, সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন মিমি। তবে এ বিষয়ে অভিনেত্রী কিংবা তাঁর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিয়ের কার্ড নিয়ে প্রশ্নে মিমির মজার জবাব
সম্প্রতি কলকাতার একটি প্রচারমূলক অনুষ্ঠানে পাপারাজ্জিদের মুখোমুখি হন মিমি। সেখানে তাঁকে ভাইরাল হওয়া কথিত বিয়ের কার্ড এবং কার্ডে পোষ্যদের ছবি থাকার বিষয়ে প্রশ্ন করা হয়। প্রশ্ন শুনে প্রথমে অবাক হওয়ার ভঙ্গিতে পাল্টা জানতে চান অভিনেত্রী, ‘কার বিয়ের কার্ডের কথা বলছো তোমরা?’
এরপর নিজের স্বভাবসুলভ রসিকতা বজায় রেখে মিমি বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে কাউকে জীবনে হতাশ করে না। আমি খুব ফান-লাভিং। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।’
অভিনেত্রীর এমন মন্তব্যে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে তিনি আসলেই বিয়ের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন, নাকি নিছক মজার ছলে কথা বলেছেন—তা স্পষ্ট নয়।
আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি
মিমির রহস্যময় মন্তব্যের পর ভক্তদের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ তাঁর কথাকে বিয়ের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, অভিনেত্রী ইচ্ছাকৃতভাবেই বিষয়টি নিয়ে রহস্য বজায় রাখছেন।
তবে এখন পর্যন্ত মিমি চক্রবর্তী কিংবা তাঁর টিমের পক্ষ থেকে বিয়ের তারিখ, পাত্র বা আনুষ্ঠানিক আয়োজন নিয়ে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি। ফলে ডিসেম্বরের বিয়ের গুঞ্জন সত্যি কি না, তা জানতে অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের।
কালের আলো/টিসি/এসএ
