ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিষ্ঠানটিকে অধিদপ্তরে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত রূপান্তর কাঠামো ও সাংগঠনিক রূপরেখা ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটির অফিসার্স অ্যাসোসিয়েশন।
সোমবার (১৬ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রস্তাবিত ট্রান্সফরমেশন ফ্রেমওয়ার্ক আনুষ্ঠানিকভাবে মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর কাছে হস্তান্তর করা হয়।
এ উদ্যোগের মধ্য দিয়ে ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের প্রাতিষ্ঠানিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।
রূপান্তরের উদ্যোগ নিতে মন্ত্রণালয়ের চিঠি
ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য ইতোমধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে রূপান্তর কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে মন্ত্রণালয় প্রস্তাবিত রূপান্তর কাঠামোর পাশাপাশি পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম চেয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও সাংগঠনিক প্রস্তাব তৈরির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে অফিসার্স অ্যাসোসিয়েশন একটি রূপান্তর কাঠামো তৈরি করেছে।
যেসব বিষয় থাকছে প্রস্তাবিত কাঠামোয়
অফিসার্স অ্যাসোসিয়েশনের তৈরি রূপান্তর কাঠামোয় ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম, জনবল, প্রশাসনিক ব্যবস্থাপনা, সাংগঠনিক সক্ষমতা এবং ভবিষ্যৎ কর্মপরিধির বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রতিষ্ঠানটির জন্য একটি কার্যকর ও যুগোপযোগী পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম তৈরির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এর মাধ্যমে অধিদপ্তরে রূপান্তরের পর প্রতিষ্ঠানটির প্রশাসনিক কাঠামো ও দায়িত্ব বণ্টন কীভাবে পরিচালিত হবে, তার একটি প্রস্তাবিত রূপরেখা তৈরি করা হবে।
দেশজুড়ে রয়েছে বিস্তৃত কার্যক্রম
ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের ধর্মীয়, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ইসলামী গবেষণা ও প্রকাশনা, পবিত্র কোরআন ও হাদিসবিষয়ক গবেষণা, ধর্মীয় সম্প্রীতি ও মূল্যবোধের বিকাশ এবং হজ ব্যবস্থাপনায় সহযোগিতাসহ নানা দায়িত্ব পালন করছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকেন্দ্রিক কার্যক্রমও পরিচালনা করে আসছে ইসলামিক ফাউন্ডেশন। দেশব্যাপী এসব কার্যক্রমের বিস্তৃতি বিবেচনায় প্রতিষ্ঠানটিকে অধিদপ্তরে রূপান্তর করা হলে প্রশাসনিক সক্ষমতা ও মাঠপর্যায়ের কার্যক্রমের সমন্বয় বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রশাসনিক সক্ষমতা ও সেবার মান বাড়ার প্রত্যাশা
সংশ্লিষ্টদের মতে, অধিদপ্তরে রূপান্তর করা হলে কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রমের সমন্বয় আরও জোরদার হতে পারে। পাশাপাশি জনবল ব্যবস্থাপনায় গতিশীলতা, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকারিতা এবং সরকারি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা বাড়ার সুযোগ তৈরি হবে।
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, রূপান্তর কার্যক্রম সম্পন্ন হলে ইসলামিক ফাউন্ডেশন আরও শক্তিশালী, আধুনিক, গতিশীল ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
পরবর্তী ধাপে মন্ত্রণালয়ে যাবে প্রস্তাব
রূপান্তর কাঠামো হস্তান্তরের পরবর্তী ধাপে প্রস্তাবটি পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন করা হবে। এরপর পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম প্রস্তুত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্ট মহলের আশা, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের প্রক্রিয়া এগিয়ে যাবে এবং দেশের ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে নতুন সম্ভাবনা তৈরি হবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি
