কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে যাওয়া পৈতৃক বাড়ি পরিদর্শন করে হামলাকারীদের কঠোর বার্তা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, বাড়িতে আগুন দিয়ে ভয় দেখিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না। এ ধরনের ঘটনা ঘটিয়ে যারা তাঁদের ভয় পাইয়ে দিতে বা কষ্ট দিতে চায়, তাদের মুখে শুধুই চুনকালি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তাঁর পাশে ছিলেন বাবা আব্দুল হালিম ও এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত।
‘১৭ বছর ধরে মানুষ এমন ঘটনা দেখেছে’
নুসরাত তাবাসসুম বলেন, বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উল্লাস করতে দেখা যাচ্ছে। তাঁরা হয়তো মনে করছেন, এ ধরনের হামলা চালিয়ে তাঁদের ভয় দেখানো বা দমিয়ে রাখা যাবে।
তিনি বলেন, গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ এ ধরনের অসংখ্য ঘটনা দেখেছে। সেই অভিজ্ঞতার ফল হিসেবেই ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হয়েছিল। তাই বাড়িতে আগুন দিয়ে তাঁদের ভয় দেখানোর চেষ্টা সফল হবে না।
কয়েক দিন ধরে পাচ্ছিলেন হুমকি
সংবাদ সম্মেলনে নুসরাত জানান, গত ২৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একটি স্প্যাম নম্বর থেকে তাঁর কাছে হুমকির ফোন আসে। এর আগে-পরে আরও বেশ কয়েকটি হুমকির কল পান তিনি। গত মঙ্গলবার (১০ নভেম্বর) পুরো ঘটনা উল্লেখ করে ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও তাঁকে হুমকি দেওয়া হয়।
নুসরাতের অভিযোগ, বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট দেওয়া হয়েছিল, যেটিকে তিনি হুমকি হিসেবে দেখছেন।
মধ্যরাতে চারটি বিস্ফোরণের দাবি
নুসরাত তাবাসসুম বলেন, সিসিটিভির সময় অনুযায়ী বুধবার (১১ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তাঁর বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তাঁর কাছে ঘটনাটি পেট্রলবোমা হামলা বলে মনে হয়েছে। তবে প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে এবং পাহারার ব্যবস্থা করে। তবে প্রায় ১২ ঘণ্টা পার হলেও আলামত সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগার পর দমকল বাহিনী পৌঁছাতে পৌঁছাতে বাড়ির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
‘বাড়িটি পরিত্যক্ত ছিল না’
পোড়া বাড়িটি পরিত্যক্ত ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে উল্লেখ করে নুসরাত বলেন, বাড়িটিতে পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস ও দেখাশোনার দায়িত্বে ছিল। পরিবারটি তাঁদেরই অংশ হয়ে উঠেছিল।
তিনি বলেন, এই বাড়িতেই তিনি ও তাঁর ছোট ভাই বড় হয়েছেন। তাঁর বাবা-মা সংসার করেছেন। বাড়িটি তাঁর দাদার হাতে তৈরি এবং তাঁদের পৈতৃক বসতভিটা।
নুসরাত আরও জানান, বাড়িতে গবাদিপশুর খামার ছিল। সেখানে আত্মীয়স্বজনের পাশাপাশি ওই অসহায় পরিবারটিও থাকত। আগুনে ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে। বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ, মামলা করবেন নুসরাত
ঘটনার সঙ্গে স্থানীয় কেউ জড়িত বলে মনে করেন না নুসরাত তাবাসসুম। তাঁর অভিযোগ, এ ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তের ফল এখনো জানা যায়নি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দৌলতপুর থানায় মামলা করবেন বলে জানিয়েছেন এই সংসদ সদস্য।
কালের আলো/এসএ/এমএএইচ
