গোপালগঞ্জে কয়েক দিন ধরে চলমান বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। দেশের যেকোনো স্থানে জননিরাপত্তা বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতিতেও এর ব্যতিক্রম হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামরুল মুনিরা বাংলানিউজকে বলেন, জননিরাপত্তা বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতিতেও একই প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য দায়িত্ব পালন করছেন।
বিজিবি সদর দপ্তর জানিয়েছে, গোপালগঞ্জের জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এই ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সাধারণত বিজিবির এক প্লাটুনে ৩০ জন সদস্য থাকেন। তবে অভিযান, বিশেষ অপারেশন ও দায়িত্বের ধরন অনুযায়ী এই সংখ্যা কম-বেশি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এক প্লাটুনে সদস্যসংখ্যা প্রায় ১৬ থেকে ৫০ জন পর্যন্ত হয়ে থাকে।
স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করছে বিজিবি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজিবি সদস্যরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তাঁরা।
এ ছাড়া জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধেও দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
অস্থিতিশীলতা মোকাবিলায় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা
এদিকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে কঠোর, সময়োপযোগী এবং সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেও এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো তৎপরতা প্রতিরোধ এবং সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
কালের আলো/এসকে/এমএসআইপি
