রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয় মমতাজ ও রমজান আলীকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ তাঁদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।
আদালতে কান্নায় ভেঙে পড়েন মমতাজ
শুনানির একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন মমতাজ বেগম। বিচারকের উদ্দেশে নিজের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। একজন শিল্পী হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছি। শিল্পী ছাড়া আমার কোনো পেশা নেই। আমি ন্যায় বিচার চাই।’
তবে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মমতাজ ও রমজান আলী মাদবরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
এর আগে গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ১১ নভেম্বর আবেদন করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম। আবেদনে মমতাজ বেগম ও রমজান আলী মাদবরকে এজাহারনামীয় অন্যান্য আসামিদের সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয়।
আবেদনে বলা হয়, মমতাজ ও রমজান আলী আওয়ামী লীগের সক্রিয় কর্মী। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এ মামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ শুনানিতে বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। এ বিষয়ে শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেছিলেন আদালত।
২০২৪ সালের আন্দোলনে গুলিবিদ্ধ হন শাকিল
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির কাছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। এ সময় তাঁর ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।
গুলিবিদ্ধ শাকিলকে প্রথমে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, গুলিতে শাকিলের ডান চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়।
তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মমতাজ
কণ্ঠশিল্পী মমতাজ বেগম আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন মমতাজ। এরপর থেকেই তাঁকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং নতুন এই মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
কালের আলো/এসএ/জেএন
