সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই সেমিফাইনাল। দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশের সামনে। একই সঙ্গে ২৩ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্নও দেখছেন হামজা চৌধুরীরা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া সাদ উদ্দিন ও মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় খেলতে পারেন রহমত মিয়া ও শুকি ইতোফুসা।
রক্ষণভাগে সাদের জায়গায় রহমত
অ্যাকিলিস টেন্ডনের চোটে সাফের বাকি অংশে আর খেলতে পারবেন না ডিফেন্ডার সাদ উদ্দিন। তাঁর অনুপস্থিতিতে রক্ষণভাগে পরিবর্তন আনতে হচ্ছে কোচ থমাস ডুলিকে। শ্রীলঙ্কার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামা রহমত মিয়াকে রাইট-ব্যাক পজিশনে দেখা যেতে পারে।
আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন মোহাম্মদ ইব্রাহিম। এবার তাঁর জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন শুকি ইতোফুসা। আক্রমণে আরও ধার বাড়াতে ভিন্ন কৌশল নিয়ে ভাবছে বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট।
হামজা-শমিতদের ওপর থাকবে মাঝমাঠের দায়িত্ব
গোলবারের নিচে মেহেদী হাসান শ্রাবণের জায়গা প্রায় নিশ্চিত। রক্ষণভাগে তাঁর সঙ্গে থাকতে পারেন তারিক রায়হান কাজী, জিদান আলেকজান্ডার ইউসুফ, জায়ান আহমেদ ও রহমত মিয়া।
মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকতে পারেন হামজা চৌধুরী, শমিত সোম ও সৈয়দ শাহ কাজেম কিরমানি। আক্রমণভাগে শুকি ইতোফুসার সঙ্গে দুই প্রান্তে দেখা যেতে পারে রাকিব হোসেন ও ফারহান আলী ওয়াহিদকে।
প্রবাসী ফুটবলার যোগ হওয়ায় শক্তিশালী পাকিস্তান
সেমিফাইনালের আগে শক্তি বাড়িয়েছে পাকিস্তানও। ফিফা আন্তর্জাতিক বিরতির বাইরে টুর্নামেন্ট হওয়ায় গ্রুপ পর্বে খেলতে না পারা পাঁচ প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁরা হলেন আবদুল্লাহ ইকবাল, ঈসা সুলাইমান, আলী আকবর খান, আদিল নবী ও আবদুল সামাদ শাহজাদ।
তাঁদের অন্তর্ভুক্তিতে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে পাকিস্তানের শক্তি ও বিকল্প বেড়েছে। ফলে বাংলাদেশের জন্য সেমিফাইনালের লড়াই সহজ হবে না।
অপরাজিত বাংলাদেশ, ঘুরে দাঁড়ানো পাকিস্তান
গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হেরে সাফ অভিযান শুরু করেছিল পাকিস্তান। তবে পরের ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে তারা।
অন্যদিকে, গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রতিপক্ষের জালে পাঁচ গোল দেওয়ার পাশাপাশি নিজেদের জালও অক্ষত রেখেছে স্বাগতিকরা। এই আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরীর দল।
২০০৫ সালের পর আর সাফের ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের। এবার ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে সেই অপেক্ষার অবসান ঘটাতে চায় দলটি। পাশাপাশি ২০০৩ সালের পর প্রথমবার শিরোপা জয়ের স্বপ্ন পূরণের পথেও আরও এক ধাপ এগিয়ে যেতে চায় লাল-সবুজরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান শ্রাবণ; তারিক রায়হান কাজী, জিদান আলেকজান্ডার ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া; হামজা চৌধুরী, শমিত সোম, সৈয়দ শাহ কাজেম কিরমানি; রাকিব হোসেন, শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।
কালের আলো/এসএ/এমএস
