শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় চার জেলায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
ঢাকা ও গাজীপুরে ৩৫ প্লাটুন
ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলের মধ্যে ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় ১৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।
নারায়ণগঞ্জ ও ময়মনসিংহেও মোতায়েন
নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল এলাকায় দায়িত্ব পালন করছেন দুই প্লাটুন বিজিবি সদস্য।
ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি
বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।
তিনি আরও জানান, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
