Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১১:২৮ এএম

ঋণ, বিনিয়োগ ও বিমা সুরক্ষা—ডিএফসি থেকে কী কী সুবিধা পাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১১:২৮ এএম

ঋণ, বিনিয়োগ ও বিমা সুরক্ষা—ডিএফসি থেকে কী কী সুবিধা পাবে বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ও বেসরকারি খাতে বিনিয়োগের জন্য অর্থায়নের নতুন সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশের তালিকায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে এখন থেকে দেশটির এই সংস্থার কাছ থেকে ঋণ, বিনিয়োগ, প্রকল্প সহায়তা, বিমা সুরক্ষা ও ঋণের গ্যারান্টি পাওয়ার জন্য আবেদন করতে পারবে বাংলাদেশ।

সোমবার (১৬ নভেম্বর) ডিএফসি বাংলাদেশকে অর্থায়নের যোগ্য দেশ হিসেবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে সংস্থাটির অর্থায়নের আওতাভুক্ত ১৯২টি দেশের তালিকায় স্থান পেল বাংলাদেশ। নতুন এই সিদ্ধান্তকে দেশের বৈদেশিক অর্থায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

অর্থায়নের নতুন উৎস, বাড়বে বিনিয়োগের সুযোগ
ডিএফসির অর্থায়নের আওতায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্প আসতে পারবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, টেলিযোগাযোগ, কৃষি, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও আর্থিক খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।

সংস্থাটি সরাসরি দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন এবং বেসরকারি প্রতিষ্ঠানে ইকুইটি বিনিয়োগ করে থাকে। ফলে যেসব প্রতিষ্ঠান মূলধনের অভাবে নতুন প্রকল্প হাতে নিতে পারছে না, তাদের জন্যও আন্তর্জাতিক অর্থায়নের নতুন পথ তৈরি হতে পারে।

এ ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বা বেসরকারি ঋণদাতার কাছ থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রেও ডিএফসির গ্যারান্টি ও বিমা সুরক্ষা কাজে লাগানো যাবে। এতে বিদেশি ঋণদাতাদের ঝুঁকি কমতে পারে এবং বাংলাদেশের প্রকল্পগুলোতে বিনিয়োগের আগ্রহ বাড়তে পারে।

কোন কোন খাতে মিলবে অর্থায়ন
ডিএফসি মূলত সাতটি গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, অবকাঠামো ও লজিস্টিকস, জ্বালানি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, কৃষি ও খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সেবা।

বাংলাদেশের জন্য এসব খাতে নতুন প্রকল্প গ্রহণ ও অর্থায়নের আবেদন করার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো, বন্দর ও পরিবহনব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তি, কৃষিপণ্য সংরক্ষণ এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মতো প্রকল্পে এ অর্থায়ন গুরুত্বপূর্ণ হতে পারে।

ছয় ধরনের আর্থিক সুবিধা দেবে ডিএফসি
ডিএফসি থেকে সর্বোচ্চ ২৫ বছর মেয়াদি সরাসরি ঋণ, বেসরকারি প্রতিষ্ঠানে ইকুইটি বিনিয়োগ, উন্নয়ন প্রকল্পে অর্থায়ন, মূলধন ঘাটতি মোকাবিলায় ঋণ ও বিনিয়োগ, রাজনৈতিক ও অন্যান্য ঝুঁকির বিপরীতে বিমা এবং ঋণ পরিশোধের গ্যারান্টি পাওয়ার সুযোগ রয়েছে।

বিশেষ করে রাজনৈতিক সহিংসতা, সরকারি হস্তক্ষেপ, মুদ্রা বিনিময়ের অস্থিরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমাতে বিমা সুরক্ষা দিতে পারে সংস্থাটি।

অর্থায়ন পেতে মানতে হবে পাঁচটি শর্ত
বাংলাদেশ যোগ্য দেশের তালিকায় যুক্ত হলেও সব প্রকল্প স্বয়ংক্রিয়ভাবে অর্থায়ন পাবে না। প্রকল্পের অবস্থান, পরিবেশগত ও সামাজিক মানদণ্ড, উন্নয়নমূলক প্রভাব, বিনিয়োগকারীর অভিজ্ঞতা এবং বেসরকারি উৎস থেকে অর্থায়ন পাওয়ার সক্ষমতা বিবেচনা করবে ডিএফসি।

প্রকল্পকে পরিবেশ, শ্রমিক অধিকার, মানবাধিকার ও স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতার প্রমাণ থাকতে হবে।

এ ছাড়া প্রকল্পটি ডিএফসির উন্নয়ন অগ্রাধিকার কিংবা যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সংস্থাটি সাধারণত বেসরকারি ঋণদাতাদের বিকল্প হিসেবে নয়, বরং তাদের পরিপূরক হিসেবে কাজ করে। তাই যেসব প্রকল্প প্রচলিত উৎস থেকে প্রয়োজনীয় অর্থায়ন পেতে ব্যর্থ হয়, সেগুলো বিশেষ বিবেচনায় আসতে পারে।

অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে
অর্থনীতিবিদদের মতে, ডিএফসির অর্থায়নের সুযোগ বাংলাদেশের জন্য শুধু নতুন ঋণের উৎস নয়, বরং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সরাসরি বড় অঙ্কের অর্থায়ন না এলেও সংস্থাটির গ্যারান্টি ও বিমা সুবিধা ব্যবহার করে অন্য উৎস থেকে দীর্ঘমেয়াদি ঋণ সংগ্রহ সহজ হতে পারে।

এতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ার পাশাপাশি ঋণের মেয়াদ, সুদের হার ও অন্যান্য শর্ত নিয়ে দর-কষাকষিতে বাংলাদেশ সুবিধা পেতে পারে।

তবে এ সুযোগ কাজে লাগাতে প্রকল্পের স্বচ্ছতা, আর্থিক সক্ষমতা, বাস্তবায়নযোগ্যতা এবং পরিবেশগত ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই অর্থায়ন ব্যবস্থায় বাংলাদেশের অন্তর্ভুক্তি উন্নয়ন প্রকল্পে অর্থসংস্থান ও বেসরকারি বিনিয়োগ সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

কালের আলো/এসএ/জেএন

 


 

Link copied!