Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১১:০১ এএম

নিরাপত্তা অবকাঠামো আধুনিকায়নে হাজার কোটি টাকার কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১১:০১ এএম

নিরাপত্তা অবকাঠামো আধুনিকায়নে হাজার কোটি টাকার কর্মসূচি

প্রতীকী ছবি

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তি ও উন্নত অবকাঠামোর আওতায় আনতে বড় উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা জোরদার, থানা ও কারাগার পুনর্নির্মাণ, অগ্নিনির্বাপণ সেবা সম্প্রসারণ এবং মাদকাসক্তি নিরাময় ব্যবস্থার উন্নয়নে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বর্তমানে ২৫টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এর বাইরে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে আরও ৬৭টি প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের মূল লক্ষ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, জরাজীর্ণ অবকাঠামোর আধুনিকায়ন, উন্নত নজরদারি প্রযুক্তি সংযোজন এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ।

সরকারের নির্বাচনী ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব কর্মসূচি নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সমন্বয় বাড়াতে একই ধরনের উদ্যোগগুলো একীভূত করে বৃহত্তর কর্মসূচির আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

চলমান ২৫ প্রকল্পে বরাদ্দ ২ হাজার ৩৩৯ কোটি টাকা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টি প্রকল্প অবকাঠামো উন্নয়নসংক্রান্ত।

এসব প্রকল্পের বিপরীতে সরকার বরাদ্দ দিয়েছে ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা। বরাদ্দের তুলনায় এই ব্যয়ের হার কম হওয়ায় প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

অন্যদিকে সংশোধিত এডিপি কাঠামোর আওতায় নয়টি অধিদপ্তর ও সংস্থা নতুন করে ৬৭টি প্রকল্পের প্রস্তাব দিয়েছে। এসব প্রকল্পের সুফল ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পুলিশের জন্য হাজার হাজার কোটি টাকার যানবাহন
প্রস্তাবিত উন্নয়ন কর্মসূচিতে বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ পুলিশকে ঘিরে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়াতে যানবাহন কেনা এবং অবকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর আওতায় ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণের প্রস্তাব করা হয়েছে। আরও ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাব পুনর্মূল্যায়ন করছে সরকার।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং নির্বাচিত আঞ্চলিক ইউনিটগুলোর জন্য স্মার্ট পুলিশিং উদ্যোগও আধুনিকায়ন পরিকল্পনায় রয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধা আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সীমান্তে ড্রোন, অ্যান্টি-ড্রোন প্রযুক্তি
সীমান্ত নিরাপত্তা জোরদারে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নজরদারি প্রযুক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির চলমান প্রকল্পের মধ্যে রয়েছে ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামোগত উন্নয়ন।

সীমান্তে নজরদারি ও অপারেশনাল প্রস্তুতি বাড়াতে ড্রোন, অ্যান্টি-ড্রোন সিস্টেম এবং উন্নত পরীক্ষাগার সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার একটি প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

চুয়াডাঙ্গায় বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

অন্যদিকে সমুদ্র নিরাপত্তা জোরদার ও নৌযান রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়াতে দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। পাশাপাশি ১৩টি উচ্চগতির বোট কেনার একটি পৃথক প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ফায়ার সার্ভিস ও চিকিৎসা-পুনর্বাসন সেবায় সম্প্রসারণ
জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনাসহ অতিরিক্ত অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন সেবার ক্ষেত্রেও নতুন পরিকল্পনা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে দেশের সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

এ ছাড়া খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ল্যাবরেটরি অপরাধ তদন্তে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহার করা হবে।

কারাগার পুনর্নির্মাণেও বড় পরিকল্পনা
কারা অবকাঠামো উন্নয়নেও একাধিক প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এর আওতায় ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ, জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণ এবং রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ঐতিহাসিক পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের বিষয়টিও উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরও ১২টি অস্ত্রাগার নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার লক্ষ্য
সরকারের এসব উদ্যোগে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জরুরি সাড়াদান, অপরাধ তদন্ত, কারা ব্যবস্থাপনা এবং চিকিৎসা-পুনর্বাসন সেবার উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

তবে চলমান প্রকল্পগুলোর বিপরীতে বড় অঙ্কের বরাদ্দ থাকা সত্ত্বেও ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে তুলনামূলক কম। ফলে নতুন প্রকল্প গ্রহণের পাশাপাশি চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন ও অর্থ ব্যয়ের গতি বাড়ানোও সরকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কালের আলো/এমএসআইপি/জেএন

Link copied!