ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা। এ লক্ষ্য সামনে রেখে ২০৯ কিলোমিটার দীর্ঘ ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনের এক্সপ্রেসওয়েতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য চলমান প্রকল্পের ব্যয় ৪ হাজার ২৩ কোটি টাকা বাড়িয়ে ২০ হাজার ৯৪১ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পের প্রথম সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। সংশোধিত প্রস্তাবে আগের নকশা থেকে বাদ দেওয়া ২২টি ওভারপাস ও ২৭টি আন্ডারপাস আবার যুক্ত করা হয়েছে। পাশাপাশি নতুন করে ফ্লাইওভার, পথচারী পারাপারের ব্যবস্থা এবং সড়ক নিরাপত্তার বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, মূল প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ১৬ হাজার ৯১৮ কোটি টাকা। সংশোধিত প্রস্তাবে তা বেড়ে দাঁড়াচ্ছে ২০ হাজার ৯৪১ কোটি টাকায়। অর্থাৎ ব্যয় বাড়ছে প্রায় ২৩ শতাংশ। তবে মহাসড়কের দৈর্ঘ্য অপরিবর্তিত থাকছে।
যুক্ত হচ্ছে ২২ ওভারপাস, ২৭ আন্ডারপাস
ঢাকা-নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত ২০৯ দশমিক ৩২৮ কিলোমিটার মহাসড়কটি এক্সপ্রেসওয়েতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এতে থাকবে নিয়ন্ত্রিত প্রবেশ ও বহির্গমন ব্যবস্থা। মূল প্রকল্পে দুই লেনের মহাসড়ককে উভয় পাশে পৃথক সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা ছিল।
ব্যয় কমানোর জন্য আগের নকশা থেকে ২২টি ওভারপাস ও ২৭টি আন্ডারপাস বাদ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সড়ক নিরাপত্তা পর্যালোচনায় এসব অবকাঠামোর প্রয়োজনীয়তা উঠে আসে। ফলে সংশোধিত ডিপিপিতে সেগুলো আবার অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংশোধিত প্রস্তাবে ১৭টি ফ্লাইওভার ও রেল ওভারপাস, যানবাহন চলাচলের জন্য ২২টি আন্ডারপাস, হালকা যানবাহনের জন্য ৩৪টি আন্ডারপাস, ৮৯টি পথচারী আন্ডারপাস, ১৫টি ক্যাটল আন্ডারপাস এবং দুটি বন্য প্রাণী আন্ডারপাস নির্মাণের কথা বলা হয়েছে। এ ছাড়া ফুটওভার ব্রিজের সংখ্যা ২৬টি থেকে বাড়িয়ে ৪৫টি করার প্রস্তাব রয়েছে। মূল প্রকল্পে ফ্লাইওভার ও রেল ওভারপাস ছিল ১৩টি।
দুই ঘণ্টা কমবে যাত্রার সময়
প্রকল্পের নথি অনুযায়ী, সংশোধিত নকশা বাস্তবায়িত হলে কাঁচপুর থেকে সিলেট যেতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা। বিদ্যমান নকশার তুলনায় যাত্রার সময় গড়ে দুই ঘণ্টা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি যানবাহনের গতি, সড়কের সক্ষমতা ও যাত্রার সময়ের নির্ভরযোগ্যতা বাড়বে। দুর্ঘটনার ঝুঁকি ও বায়ুদূষণ কমানোর লক্ষ্যও রয়েছে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশোধিত পরিকল্পনায় প্রতি ৫০০ মিটারে পথচারী পারাপারের ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে। স্থানীয় ও ধীরগতির যানবাহনের জন্য প্রতি ৮০০ মিটার এবং ভারী যানবাহনের জন্য প্রতি চার কিলোমিটারে ইউটার্নের ব্যবস্থা থাকবে।
এ ছাড়া মহাসড়কে নিয়ন্ত্রিত প্রবেশ ও বহির্গমন, ফুটপাত, সার্ভিস লেন, উঁচু নিউ জার্সি ব্যারিয়ার, বাস বে, ট্রাক লে-বাই এবং সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ভূমি অধিগ্রহণে অগ্রগতি ৫৫ শতাংশ
প্রকল্প বাস্তবায়নে বিলম্বের অন্যতম কারণ ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরের ধীরগতি। প্রকল্পের নথি অনুযায়ী, এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণের অগ্রগতি ৫৫ শতাংশ এবং ইউটিলিটি স্থানান্তরের কাজ শেষ হয়েছে প্রায় ৫০ শতাংশ। ফলে ঠিকাদার নিয়োগের পরও বিভিন্ন এলাকায় নির্মাণকাজ বাধাগ্রস্ত হয়েছে।
এ ছাড়া করোনা মহামারি, লকডাউন ও সীমিত দাপ্তরিক কার্যক্রমের কারণে প্রকল্পের প্রথম দেড় বছর কাজ ব্যাহত হয়। জমি অধিগ্রহণের কাজের জন্য ২০১৮ সালে পৃথক সহায়ক প্রকল্প অনুমোদন করা হয়েছিল।
প্রকল্পের নথিতে আরও বলা হয়েছে, ২০২০ সালের পর ঢাকা-সিলেট মহাসড়কে বড় ধরনের রক্ষণাবেক্ষণ হয়নি। এতে সড়কের ওপরের স্তরসহ বিভিন্ন স্থানে বেস লেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হওয়ায় আরও দুই বছর বিদ্যমান মহাসড়ক রক্ষণাবেক্ষণ করতে হবে। এ খাতের ব্যয়ও সংশোধিত ডিপিপিতে যুক্ত করা হয়েছে।
সরকারের ব্যয় বাড়ছে ১ হাজার ৩৩০ কোটি টাকা
সংশোধিত প্রস্তাবে প্রকল্পে সরকারের অর্থায়ন ৩ হাজার ৬৭৩ কোটি ৮৯ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৩ কোটি ৮২ লাখ টাকা করার কথা বলা হয়েছে। অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন ১৩ হাজার ২৪৪ কোটি ৬৮ লাখ টাকা থেকে বেড়ে ১৫ হাজার ৯৫০ কোটি ২৫ লাখ টাকা করার প্রস্তাব রয়েছে। তবে এ জন্য ঋণচুক্তির পরিমাণ বাড়াতে হবে না। ভ্যাট, কর ও প্রশাসনিক ব্যয় বহন করবে সরকার।
২০২১ সালের ফেব্রুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পাওয়া প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল। সংশোধিত প্রস্তাবে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডসহ মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। ভূমি অধিগ্রহণ প্রকল্পের মেয়াদও ২০২৩ সাল থেকে বাড়িয়ে প্রথমে ২০২৫ এবং পরে ২০২৭ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, বাজেটের সীমাবদ্ধতার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের মূল নকশা থেকে কিছু প্রয়োজনীয় অবকাঠামো বাদ দেওয়া হয়েছিল। তবে সড়ক নিরাপত্তা নিরীক্ষায় সেগুলোর প্রয়োজনীয়তা প্রমাণিত হয়েছে। সরকার অনুমোদন দিলে এসব অবকাঠামো প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। অন্যথায় কিছু জায়গায় যানজটের আশঙ্কা থাকবে।
তিনি আরও বলেন, ভূমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে। ২০২৯ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী। প্রকল্পটি বাস্তবায়িত হলে মহাসড়কটি এক্সপ্রেসওয়েতে রূপ নেবে।
নিরাপত্তা উপাদান বাদ দেওয়ার সিদ্ধান্তে জবাবদিহির তাগিদ
সংশোধিত ডিপিপিতে প্রকল্পের ব্যয়-সুবিধা অনুপাত ১ দশমিক ৮ থেকে বেড়ে ৩ দশমিক ৪৩ এবং অর্থনৈতিক অভ্যন্তরীণ মুনাফার হার ১৮ দশমিক ১৮ থেকে ২৪ দশমিক ৫৯ শতাংশ হয়েছে। এ ছাড়া পাঁচ লাখ গাছ রোপণ, ২০৯ কিলোমিটার সড়কে সিসিটিভিসহ ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) স্থাপন এবং ভেটিভার প্রযুক্তি ব্যবহার করে মাটি সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।
তবে ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর ও সংশোধিত ডিপিপির অনুমোদনকে প্রকল্পের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে জমি পাওয়া ৮০ থেকে ১০০ কিলোমিটার এলাকায় বিভিন্ন অবকাঠামোর কাজ চলছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক বলেন, দেশে প্রকল্পের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় কারিগরি জ্ঞানকে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। ফলে সড়ক নিরাপত্তার বিষয়গুলোকে অতিরিক্ত ব্যয় হিসেবে বিবেচনা করা হয়। অথচ বিশ্বজুড়ে অবকাঠামো উন্নয়নে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।
তিনি বলেন, নিরাপত্তার উপাদান বাদ দিয়ে প্রকল্পের ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হলে দুর্ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারীদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। শুধু চালককে দায়ী করলে হবে না; যাঁরা নকশা ও নির্মাণের সময় নিরাপত্তার সঙ্গে আপস করেন, তাঁদেরও দায় নিতে হবে। প্রকল্পের পরিকল্পনা পর্যায় থেকেই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তা না হলে পরে এসব উপাদান যুক্ত করতে গিয়ে প্রকল্পের ব্যয় ও মেয়াদ—দুটিই বাড়বে।
কালের আলো/এমএস/জেএন
