গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগে দিনভর দফায় দফায় বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
থানায় আগুন দেওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে থানার ভেতরে ভাঙচুর চালাতে দেখা যায়। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়।
থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ
স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলার পর থানার ভেতরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তাদের ভাষ্য, থানার প্রায় সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি গোপালগঞ্জের বিভিন্ন প্রবেশপথে অবরোধ সৃষ্টি করা হয়েছে, যাতে বাইরে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রবেশ করতে না পারেন।
তবে হামলার পর থানার ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দিনভর সংঘর্ষ, মিছিল ও অগ্নিসংযোগ
এর আগে কয়েক দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় টুঙ্গিপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
গত রোববার টুঙ্গিপাড়ার একাধিক স্থানে অগ্নিসংযোগের তথ্য পেয়েছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ ছাড়া গত ১০ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপরও হামলার ঘটনা ঘটেছে।
বিজিবি-এপিসি মোতায়েন, নজরদারিতে ড্রোন
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চসংখ্যক বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমেও মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগ
এদিকে টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত আটজন নেতাকর্মীর বাড়িঘর, দোকানপাট ও দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি, এসব হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জড়িত।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি এম. মোক্তার হোসেন অভিযোগ করেন, বিকেল থেকে নিলফা বাজার এলাকায় আওয়ামী লীগের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। এ সময় মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করা হয়।
তিনি বলেন, সন্ধ্যার পর মিছিল নিয়ে হামলাকারীরা তাঁর বাড়িতে প্রবেশ করেন। পরে বাড়ির মালামাল লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
কালের আলো/এএইচ/এমএসআইপি
