শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান।
১৫ নভেম্বর থেকে আসন শূন্য
সংসদে স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার সিদ্ধান্ত নিয়ে তাঁর স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি স্পিকার ১৫ নভেম্বর গ্রহণ করেন।
তিনি জানান, পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়। সে অনুযায়ী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের পূর্বাহ্ন থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮-এর ৩ উপবিধি অনুযায়ী আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করেন স্পিকার।
অসুস্থতা ও পারিবারিক কারণে সরে দাঁড়ানো
সংসদ সচিবালয় ও পারিবারিক সূত্রের তথ্য অনুযায়ী, শারীরিক অসুস্থতা, প্রয়োজনীয় চিকিৎসা এবং পারিবারিক পরিস্থিতি বিবেচনায় সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ওসমান ফারুক। বর্তমানে চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। তাঁর স্ত্রীও গুরুতর অসুস্থ বলে জানা গেছে।
শিক্ষামন্ত্রী থেকে আবার সংসদ সদস্য
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হয়ে বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
কালের আলো/এসকে/এমএসআইপি
