জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ পাওয়ার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এ ঋণের জন্য গ্রাহককে ব্যাংকে যেতে হবে না। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ই-ওয়ালেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেই আবেদন, ঋণের অর্থ গ্রহণ এবং কিস্তি পরিশোধ করা যাবে।
প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি ও ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের ‘ই-ঋণ’ বা ই-লোন পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করা হয়েছে। গত ৯ নভেম্বর এ বিষয়ে নতুন সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে স্কিমটির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঋণের পরিমাণ, মেয়াদ ও সুদের হার
নতুন নির্দেশনা অনুযায়ী, এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ।
এ ঋণ বিতরণ করবে দেশের তফশিলি ব্যাংকগুলো। এ ক্ষেত্রে অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক।
কারা আবেদন করতে পারবেন
ই-ঋণ স্কিমে ঋণ বিতরণের ক্ষেত্রে কয়েকটি জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকায় বসবাসকারী এবং প্রচলিত ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ।
এ ছাড়া প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারাও এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকদেরও এ সুবিধার আওতায় আনার কথা বলা হয়েছে।
যেভাবে মিলবে ঋণ
এ স্কিমের আওতায় ঋণের আবেদন ও অর্থ গ্রহণের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে ডিজিটাল পদ্ধতিতে। গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংকের মোবাইল অ্যাপ, এমএফএস কিংবা ই-ওয়ালেটের মাধ্যমে ঋণের আবেদন করতে পারবেন। ঋণের কিস্তিও ডিজিটাল মাধ্যমেই পরিশোধ করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে সহজে ঋণসেবা পৌঁছে দেওয়া। বিশেষ করে যাদের পক্ষে জামানত দিয়ে প্রচলিত পদ্ধতিতে ব্যাংকঋণ নেওয়া কঠিন, তাদের জন্য এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ানোর উদ্যোগ
কেন্দ্রীয় ব্যাংকের মতে, ই-ঋণ স্কিমের মাধ্যমে ক্ষুদ্র ঋণ সহজলভ্য হওয়ার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ড বাড়বে। একই সঙ্গে মোবাইল অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকিং লেনদেনে মানুষের আগ্রহ ও অভ্যস্ততা তৈরি হবে।
এর ফলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ার পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেনের প্রসারেও ভূমিকা রাখবে এ উদ্যোগ। অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার লক্ষ্যেই স্কিমটি হালনাগাদ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কালের আলো/এসএ/জেএন
