শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ পর্যন্ত ২৪টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে ১৭টি তদন্তাধীন এবং সাতটির অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। এ ছাড়া পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা ছয়টি মামলার রায়ও হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান। তিনি বলেন, শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে করা মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে কমিশন। প্রতিটি মামলার জন্য আলাদা তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে।
স্থাবর সম্পদের তালিকায় জমি, বাড়ি ও ফ্ল্যাট
দুদক সচিব জানান, মামলাগুলোর তদন্তে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পূর্বাচলে ৬০ কাঠা জমি রয়েছে, যার দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
এ ছাড়া গুলশানের বারিধারায় একটি বিলাসবহুল বাড়ি, নয়টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪ শতাংশ জমির তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের মোট দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৫২০ টাকা।
১৫৬ ব্যাংক হিসাবে ১,০৪৫ কোটি টাকা জব্দ
অস্থাবর সম্পদের বিষয়ে সাইদুর রহমান খান জানান, ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
হাসিনাসহ চারজনের নামে রেড নোটিশের উদ্যোগ
দুদক সচিব বলেন, শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও রিজওয়ান সিদ্দিক টিউলির নামে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের নামে একটি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে।
রেড নোটিশের উদ্যোগের ব্যাখ্যায় তিনি বলেন, কোনো আসামি দেশের বাইরে অবস্থান করলে এবং দেশের প্রচলিত আইনে সরাসরি তাকে গ্রেপ্তার করা সম্ভব না হলে আইনগত প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। এ ক্ষেত্রে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
বিদেশে থাকা সম্পদ উদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা
দুদক সচিব জানান, দেশে সম্পদ জব্দ বা অবরুদ্ধ করার পাশাপাশি বিদেশে থাকা সম্পদ পুনরুদ্ধারেও কাজ করছে কমিশন। এ জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স প্রক্রিয়াও চলমান রয়েছে।
তিনি বলেন, শুধু মামলার সংখ্যা বাড়ানো দুদকের লক্ষ্য নয়; বরং তথ্য-প্রমাণ সংগ্রহে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তদন্তের মান বজায় রেখে সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগপত্র ও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করাই কমিশনের উদ্দেশ্য। মামলাগুলোর সুষ্ঠু তদন্ত এবং আদালতে অভিযোগ প্রমাণের বিষয়টি বিবেচনায় রেখেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
