Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৬:৫৩ পিএম

একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৬:৫৩ পিএম

একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ একই দিনে নির্ধারণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৭ এই তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিপাকে পড়েছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। একই দিনে একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব না হওয়ায় পছন্দের কোনো একটি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের অধীনে রয়েছে কলা ও মানববিদ্যা অনুষদের বিষয়গুলো। একই দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখও নির্ধারণ করা হয়েছে। এই ইউনিটে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুলের বিভিন্ন ডিসিপ্লিন অন্তর্ভুক্ত।

অন্যদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিষয়গুলো।

মানবিক বিভাগের শিক্ষার্থীদের দুশ্চিন্তা বেশি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিট মূলত মানবিক ও সামাজিক বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। ফলে একই দিনে এ দুটি ইউনিটের পরীক্ষা নির্ধারণ করায় দুই বিশ্ববিদ্যালয়েই ভর্তির প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।

শিক্ষার্থীদের আশঙ্কা, পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকলে তাঁদের যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাদ দিতে হবে। এতে পছন্দের বিষয়ে বা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ সীমিত হয়ে যেতে পারে।

কীভাবে একই দিনে নির্ধারিত হলো পরীক্ষা
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করে। সেই সূচি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

পরে ১০ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে। সেখানে ‘সি’ ইউনিটের পরীক্ষার দিনও নির্ধারণ করা হয় ৫ ফেব্রুয়ারি।

অন্যদিকে, ১১ নভেম্বর বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় ৫ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১০ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।

তারিখ পরিবর্তন নিয়ে যা বলছে বিশ্ববিদ্যালয়গুলো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুল করিম চৌধুরী বলেন, তাঁরা অন্য বিশ্ববিদ্যালয়গুলোর আগে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন। চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয় তাঁদের প্রকাশিত সূচি অনুসরণ করতে পারত। তবে ইউজিসির সঙ্গে আলোচনা করে পরীক্ষা কমিটি শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশাবাদী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হাসান মিয়া বলেন, তাঁদের বিশ্ববিদ্যালয় আগেই পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তাই আপাতত নির্ধারিত তারিখ বহাল রাখার সিদ্ধান্ত রয়েছে। তবে পরিবর্তনের প্রয়োজন হলে পরীক্ষা কমিটি আলোচনা করতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ গণমাধ্যমকে জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে। দুই বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে জানানো হবে এবং সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগ
একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারণ করায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে সমন্বয়ের অভাবের কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে।

তাঁদের মতে, দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি ও সুযোগ একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষার তারিখ নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত আলোচনা করে বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।

কালের আলো/এসএ/ইএকে

Link copied!