পদ্মা সেতুকে ঘিরে যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে বদলে যাচ্ছে মাদারীপুরের শিবচর। নির্মিত হয়েছে এক্সপ্রেসওয়ে, রেললাইন, আবাসন প্রকল্পসহ নানা স্থাপনা। তবে উন্নয়নের এই পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে কমছে আবাদযোগ্য কৃষিজমি। নদীভাঙন, সরকারি-বেসরকারি উন্নয়ন প্রকল্প, জমি বিক্রি ও বসতবাড়ি নির্মাণের কারণে ক্রমেই সংকুচিত হচ্ছে কৃষির জমি। এতে উদ্বেগ বাড়ছে স্থানীয় কৃষকদের মধ্যে।
একসময় পাট, ধান, পান ও সরিষা উৎপাদনের জন্য পরিচিত ছিল পদ্মাপাড়ের এই জনপদ। কৃষিকাজ ছিল বহু পরিবারের জীবিকা ও অর্থনীতির প্রধান অবলম্বন। কিন্তু সময়ের পরিবর্তনে অনেক কৃষিজমি এখন বিভিন্ন স্থাপনা ও আবাসিক কাজে ব্যবহৃত হচ্ছে। ফলে কৃষিনির্ভর শিবচরের চিরচেনা চিত্রও বদলে যাচ্ছে।
ছয় বছরে কমেছে ১ হাজার ৮৫ হেক্টর জমি
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২০ সালের কৃষিশুমারিতে শিবচরে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ২২ হাজার ৭৪০ হেক্টর। এর মধ্যে এক ফসলি জমি ছিল ১ হাজার ৩১০ হেক্টর, দুই ফসলি ১৪ হাজার ৭৮০ হেক্টর এবং তিন ফসলি জমি ছিল ৬ হাজার ৬৫০ হেক্টর।
অন্যদিকে, ২০২৬ সালের কৃষিশুমারিতে উপজেলায় আবাদযোগ্য জমির পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ৬৫৫ হেক্টর। অর্থাৎ ছয় বছরে কমেছে ১ হাজার ৮৫ হেক্টর জমি। শতকরা হিসাবে এই হ্রাস প্রায় ৪ দশমিক ৮ শতাংশ।
২০২৬ সালের হিসাব অনুযায়ী, উপজেলায় এক ফসলি জমির পরিমাণ ২ হাজার ১৫ হেক্টর, দুই ফসলি ১২ হাজার ৩৩৪ হেক্টর, তিন ফসলি ৫ হাজার ৭৪৬ হেক্টর এবং চার ফসলি জমি রয়েছে ১০০ হেক্টর।
নদীভাঙন ও উন্নয়ন প্রকল্পে জমি হারাচ্ছেন কৃষকরা
কৃষিজমি কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। পদ্মা সেতু ঘিরে এক্সপ্রেসওয়ে, রেললাইন, আবাসন প্রকল্পসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে কৃষিজমি ব্যবহৃত হয়েছে। পাশাপাশি পদ্মার ভাঙন, জমি বিক্রি এবং বসতবাড়ি নির্মাণের কারণেও কমছে আবাদি জমি।
শিবচরের শেখপুর এলাকার কৃষক রেজাউল হাওলাদার জানান, তাঁর বাবা ১২ বিঘা জমিতে বিভিন্ন মৌসুমে ফসল ফলাতেন। বাবার মৃত্যুর পর দুই ভাইয়ের মধ্যে জমি ভাগ হয়ে যায়। বড় ভাই নিজের জমির বেশির ভাগ বিক্রি করে ঢাকায় বসবাস করছেন। তিনিও কিছু জমি বিক্রি করেছেন এবং কিছু অংশে বাড়ি নির্মাণ করেছেন। বর্তমানে মাত্র তিন বিঘা জমিতে ধান, পাট ও রসুনের চাষ করছেন।
তিনি বলেন, তেল ও সারের দাম যেভাবে বাড়ছে, তাতে আগামী বছর কতটুকু জমিতে চাষাবাদ করতে পারবেন, তা নিয়ে চিন্তিত।
চরজানাজাত ইউনিয়নের বেপারীকান্দি গ্রামের কৃষক সামাদ মোল্লার জমি কমেছে পদ্মার ভাঙনে। তিনি জানান, একসময় তাঁদের আট বিঘা জমি ছিল। নদীভাঙনে সব জমি বিলীন হয়ে গেছে। বর্তমানে তিন বিঘা জমি রয়েছে। সেখানে কালোজিরা ও বাদামের চাষ করছেন। তবে ভাঙন অব্যাহত থাকলে এই জমিও টিকবে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।
অন্যদিকে, পাচ্চর ইউনিয়নের কৃষক মাসুদ মিয়া জানান, পদ্মা সেতুর সংযোগ সড়ক নির্মাণের সময় তাঁদের জমির বেশির ভাগ অধিগ্রহণ করা হয়। জমির পরিবর্তে পাওয়া ক্ষতিপূরণের টাকা দিয়ে ছেলেকে ইতালি পাঠিয়েছেন। বর্তমানে রাস্তার পাশে কিছু জমি থাকলেও সেখানে আর চাষাবাদ করেন না।
কৃষিপেশা ছাড়ছেন মানুষ, বাড়ছে উদ্বেগ
কৃষিজমি কমে যাওয়ার পাশাপাশি কৃষিপেশা থেকে মানুষের সরে যাওয়ার বিষয়টিও উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কৃষিবিদ ও শিক্ষক আনন্দ সাহা বলেন, প্রকৃত কৃষকেরা ক্রমেই হারিয়ে যাচ্ছেন। তবে বিদেশ থেকে ফিরে অনেক তরুণ আধুনিক কৃষির প্রতি আগ্রহী হচ্ছেন। পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে তাঁদের অনেকেই সফল হতে পারছেন না। শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের বাস্তবধর্মী কৃষিশিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কৃষিকাজ করেও যে লাভবান হওয়া সম্ভব, সে বিষয়ে তরুণদের উৎসাহিত করতে হবে।
কৃষকদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান খান বলেন, উপজেলায় আবাদযোগ্য কৃষিজমি কমছে, এটি সত্য। শুধু শিবচর নয়, সারা দেশেই কৃষিজমির পরিমাণ কমছে।
তিনি জানান, যারা কৃষিপেশা ছেড়ে দিয়েছেন, তাঁদের বিষয়ে সরাসরি হস্তক্ষেপের সুযোগ কৃষি বিভাগের নেই। তবে এখনো যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের সহযোগিতা করা হচ্ছে। বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শের মাধ্যমে অল্প জমিতে কীভাবে বেশি ফলন পাওয়া যায়, সে বিষয়ে কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে।
উন্নয়নের ধারাবাহিকতায় শিবচরের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় পরিবর্তন এলেও কৃষিজমি হারানোর বিষয়টি দীর্ঘমেয়াদে খাদ্য উৎপাদন ও কৃষিনির্ভর পরিবারগুলোর জীবিকায় প্রভাব ফেলতে পারে। তাই পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি অবশিষ্ট কৃষিজমি সংরক্ষণ এবং কৃষকদের কৃষিকাজে ধরে রাখার কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কালের আলো/এএইচ/এমএসআইপি
