বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক পদে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে মহাপরিচালক হিসেবে নিয়োগ এবং বর্তমান মহাপরিচালককে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার আগের আদেশ বাতিল করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বাহিনীর চলমান সংস্কার, আধুনিকায়ন ও সদস্যকল্যাণমূলক কার্যক্রমে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকছে।
- সংস্কার, আধুনিকায়ন ও সদস্যকল্যাণে নেওয়া নানা উদ্যোগে এগিয়েছে আনসার-ভিডিপি
- নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত সরকারের
মঙ্গলবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৫ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে বর্তমান প্রেষণ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া এবং মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার-ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট মহলে সরকারের এ সিদ্ধান্তকে আনসার-ভিডিপির চলমান কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
দায়িত্ব গ্রহণের পর পরিবর্তনের উদ্যোগ
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আনসার-ভিডিপির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই বাহিনীর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, প্রশাসনিক ব্যবস্থাপনায় গতিশীলতা, সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন তিনি।
বিশেষ করে দীর্ঘদিন ধরে সদস্যদের মধ্যে বিদ্যমান সুযোগ-সুবিধা, আর্থিক নিরাপত্তা, চাকরির পরিবেশ ও পেশাগত মর্যাদাসংক্রান্ত প্রত্যাশাগুলোকে গুরুত্ব দিয়ে একাধিক কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়। বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনাকে এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়েছে।
অঙ্গীভূত আনসার সদস্যদের কল্যাণে উল্লেখযোগ্য উদ্যোগ
সাজ্জাদ মাহমুদের নেতৃত্বে অঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিনের প্রচলিত রেস্ট প্রথা বাতিলের উদ্যোগ, গ্র্যাচুইটি ফান্ডের মাধ্যমে পেনশন সুবিধা চালুর প্রক্রিয়া, বেতন-ভাতা বৃদ্ধি এবং সরাসরি ডিজি কোডে বেতন প্রদানের উদ্যোগ বিশেষ গুরুত্ব পেয়েছে।
এ ছাড়া সদস্যদের মাসিক রেশন বৃদ্ধি, গমের পরিবর্তে সমপরিমাণ আটা সরবরাহ, বাৎসরিক ছুটি বাড়ানো এবং স্বতন্ত্র আধুনিক পোশাক প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়।
এসব উদ্যোগের মূল লক্ষ্য ছিল সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, কর্মপরিবেশ উন্নত করা এবং দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটানো। ফলে সদস্যকল্যাণকে বাহিনীর প্রশাসনিক অগ্রাধিকারের অন্যতম জায়গায় নিয়ে আসার প্রচেষ্টা দৃশ্যমান হয়েছে।
সদস্যদের জন্য জরুরি ঋণ ও চিকিৎসাসহায়তা সম্প্রসারণ, সাহসিকতা ও পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ পদকের সংখ্যা বৃদ্ধি এবং তাঁদের সাফল্য গণমাধ্যমে তুলে ধরার উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ক্ষমার আওতায় চাকরিতে পুনর্বহাল, নিজ বিভাগ বা জেলায় পদায়নের সুযোগ এবং আধুনিক আবাসন নিশ্চিত করতে ‘প্রত্যয় ব্যারাক’ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়।
৬০ লাখ সদস্যের ডিজিটাল ডেটাবেজ, আধুনিক ব্যবস্থাপনায় নতুন দিগন্ত
আনসার-ভিডিপির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ডিজিটাল ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রায় ৬০ লাখ সদস্যকে নিয়ে একটি সমন্বিত ডিজিটাল ডেটাবেজ তৈরির কাজ এগিয়ে নেওয়া হয়েছে। এর মাধ্যমে সদস্যদের পরিচিতি, সাংগঠনিক তথ্য এবং প্রশাসনিক ব্যবস্থাপনা আরও সুসংগঠিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল মনিটরিং ব্যবস্থাও চালু করা হয়েছে। এর ফলে দায়িত্ব পালনের তথ্য পর্যবেক্ষণ ও তদারকির ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
একই সঙ্গে নিয়োগপ্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ওপর গুরুত্ব এবং প্রশিক্ষণব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে একটি দক্ষ, পেশাদার ও সময়োপযোগী বাহিনী গড়ে তোলার লক্ষ্য সামনে রাখা হয়েছে।
প্রশিক্ষণ থেকে কর্মসংস্থান, সদস্যদের স্বাবলম্বী করার উদ্যোগ
শুধু বাহিনীর অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি নয়, সদস্যদের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্ব দিয়েছেন বর্তমান মহাপরিচালক।
প্রশিক্ষণের সঙ্গে কর্মসংস্থানের সুযোগ যুক্ত করা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও রয়েছে।
প্রশিক্ষণ শেষে সদস্যরা যাতে চাকরি, ব্যবসা কিংবা নিজস্ব উদ্যোগের মাধ্যমে আয় বাড়াতে পারেন, সে লক্ষ্যেই কর্মমুখী কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দেওয়া হচ্ছে।
নেতৃত্বের ধারাবাহিকতায় চলমান উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা
একটি বৃহৎ ও বিস্তৃত জনসম্পৃক্ত বাহিনী হিসেবে আনসার-ভিডিপির দায়িত্ব ও কার্যপরিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের নিরাপত্তা, নির্বাচন, জনশৃঙ্খলা এবং গ্রামীণ পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমে বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এমন একটি বাহিনীর নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত চলমান সংস্কার ও উন্নয়ন উদ্যোগগুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দায়িত্ব পালনকালে সদস্যকল্যাণ, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিকায়ন ও আর্থসামাজিক উন্নয়নে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন গুরুত্বপূর্ণ।
সরকারের সর্বশেষ প্রজ্ঞাপনের ফলে তাঁর নেতৃত্বে এসব উদ্যোগ এগিয়ে নেওয়ার সুযোগ অব্যাহত থাকল। আনসার-ভিডিপির সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চলমান কার্যক্রম আরও সুসংহত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
কালের আলো/জেএন/এমকে
