Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১১:৫৬ এএম

যুদ্ধ শেষের ঘোষণার পরই তিন রণতরি, ট্রাম্পের নতুন কৌশল কী?

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১১:৫৬ এএম

যুদ্ধ শেষের ঘোষণার পরই তিন রণতরি, ট্রাম্পের নতুন কৌশল কী?

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর কূটনৈতিক প্রচেষ্টা যখন অনিশ্চয়তার মধ্যে, তখন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে তৃতীয় বিমানবাহী রণতরি মোতায়েন করেছে ওয়াশিংটন। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কি আবারও সরাসরি সামরিক সংঘাতে রূপ নিতে যাচ্ছে?

সোমবার (১৬ নভেম্বর) এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় আগে থেকে অবস্থান করা আরও দুটি বিমানবাহী রণতরির সঙ্গে যুক্ত হলো এটি।

নতুন করে মোতায়েন হওয়া এই রণতরির পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর সামরিক সক্ষমতা বাড়ছে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রাখা, হরমুজ প্রণালির অচলাবস্থা নিরসন এবং স্থায়ী সমঝোতায় পৌঁছানোর চেষ্টা এখনো সফল হয়নি।

যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, তবু বাড়ছে সামরিক উপস্থিতি
গত সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেন। তিনি সংঘাতের সামরিক অধ্যায় কার্যত শেষ হয়েছে বলেও ইঙ্গিত দেন।

তবে একই সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হলে মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত থাকবে বলে সতর্ক করেন তিনি। ফলে একদিকে যুদ্ধ শেষের রাজনৈতিক বার্তা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত—দুইয়ের মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, রণতরি মোতায়েনের অর্থ সরাসরি নতুন হামলা শুরুর সিদ্ধান্ত নয়। বরং এটি সামরিক প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা এবং কূটনৈতিক আলোচনায় চাপ তৈরির কৌশলের অংশও হতে পারে। তবে বর্তমান অচলাবস্থায় সামান্য ভুল হিসাব বা কোনো সামরিক ঘটনার কারণে পরিস্থিতি দ্রুত সংঘাতের দিকে যেতে পারে।

ইউএসএস থিওডর রুজভেল্ট কতটা শক্তিশালী
যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের নামে নামকরণ করা বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট পারমাণবিক শক্তিচালিত। ১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হওয়া এই রণতরিতে পাঁচ হাজারের বেশি নাবিক ও সামরিক কর্মী দায়িত্ব পালন করতে পারেন। এতে ৬০টির বেশি সামরিক উড়োজাহাজ রাখার সক্ষমতা রয়েছে।

রণতরিটির বিমানবহরে রয়েছে এফ-১৮ যুদ্ধবিমান, যা শব্দের চেয়ে দ্রুতগতিতে উড়তে পারে এবং বিভিন্ন আবহাওয়ায় সামরিক অভিযান পরিচালনায় সক্ষম। এ ছাড়া রণতরিটি থেকে আকাশপথে নজরদারি, প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক অভিযান পরিচালনা করা যায়।

মার্কিন নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, এ ধরনের রণতরির প্রধান কাজ হলো সমুদ্রভিত্তিক বিমান অভিযান পরিচালনা এবং বিমানবহরের বিভিন্ন স্কোয়াড্রনের পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও সমন্বয় করা।

তবে রণতরিটির কার্যক্রম শুধু যুদ্ধ পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নয়। সমুদ্রে থাকা অন্যান্য জাহাজে জ্বালানি ও রসদ সরবরাহ, উদ্ধার অভিযান এবং বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করার সক্ষমতাও রয়েছে।

ইরাক যুদ্ধসহ বিভিন্ন অভিযানে অংশ নিয়েছে রণতরিটি
মার্কিন নৌবাহিনীতে যুক্ত হওয়ার পর থেকে ইউএসএস থিওডর রুজভেল্ট বিভিন্ন সামরিক অভিযানে অংশ নিয়েছে। ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মোতায়েন করা হয়েছিল রণতরিটি। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময়ও মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে এটি।

এ ছাড়া ২০২০-২১ সালে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন ছিল রণতরিটি।

গত সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা শুরু করে এটি। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর মধ্যপ্রাচ্যে পৌঁছায় রণতরিটি। তবে এ মোতায়েনের বিষয়ে সেন্টকম ও পেন্টাগনের আনুষ্ঠানিক নিশ্চিতকরণের তথ্য এখনো পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে এখন তিনটি মার্কিন বিমানবাহী রণতরি
ইউএসএস থিওডর রুজভেল্ট পৌঁছানোর ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়িয়েছে। আগে থেকেই সেখানে অবস্থান করছে ইউএসএস জর্জ ওয়াশিংটন এবং ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ।

একাধিক বিমানবাহী রণতরি একই অঞ্চলে মোতায়েন থাকার অর্থ হলো, যুক্তরাষ্ট্র সেখানে একাধিক দিক থেকে আকাশ ও সমুদ্রভিত্তিক সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা ধরে রাখতে পারবে। প্রয়োজনে যুদ্ধবিমান, নজরদারি উড়োজাহাজ ও অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সুযোগও বাড়বে।

এর পাশাপাশি দুই হাজারের বেশি মেরিন সেনা নিয়ে ম্যাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে। অন্যান্য নৌ-মোতায়েনের সঙ্গে সব মিলিয়ে অতিরিক্ত ৯ হাজার থেকে ১০ হাজার সেনা যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে। তবে এসব মোতায়েনের পূর্ণাঙ্গ তথ্য মার্কিন সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

মধ্যপ্রাচ্যে আগে থেকেই রয়েছে হাজার হাজার মার্কিন সেনা
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কয়েক দশক ধরে সামরিক ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। বাহরাইন, মিসর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে দেশটির আটটি স্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে।

২০২৫ সালের মাঝামাঝি সময়ের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও আশপাশের বিভিন্ন বড় সামরিক ঘাঁটি এবং ছোট অবস্থানে ৪০ হাজার থেকে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিলেন।

এ ছাড়া ইরানের বিরুদ্ধে সংঘাত শুরুর আগে থেকেই ওই অঞ্চলে সামরিক উড়োজাহাজের উপস্থিতি বাড়াচ্ছিল যুক্তরাষ্ট্র। বিভিন্ন উন্মুক্ত গোয়েন্দা তথ্য ও সামরিক উড়োজাহাজ চলাচলের হিসাব অনুযায়ী, গত ফেব্রুয়ারির শুরু থেকে এ অঞ্চলে ১২০টির বেশি উড়োজাহাজ মোতায়েন করা হয়েছিল।

এসব উড়োজাহাজের মধ্যে রয়েছে ই-৩ সেন্ট্রি অ্যাওয়াকস নজরদারি বিমান, এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান, এফ-২২, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান। ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আকাশপথের সামরিক সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গত মার্চে পেন্টাগন উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত সেনা পাঠানোর নির্দেশ দিয়েছিল। এর আওতায় উভচর হামলাকারী জাহাজ ইউএসএস ত্রিপোলি ও ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট, ইউএসএস বক্সার ও ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় দুই হাজার সদস্যের একটি দল মোতায়েন করা হয়। সব মিলিয়ে সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে প্রায় সাত হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর তথ্য উঠে এসেছে।

ইরানের হুঁশিয়ারি, প্রথম হামলার অপেক্ষায় থাকবে না তেহরান
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর ঘটনায় কঠোর অবস্থান জানিয়েছে ইরান। দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রথম হামলার অপেক্ষায় বসে থাকবে না তেহরান।

তাঁর অভিযোগ, নতুন করে হামলার প্রস্তুতি নেওয়ার জন্য সময় পেতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রক্রিয়াকে ব্যবহার করছে। তিনি বলেন, ইরান কিউবা নয় যে অবরোধ দিয়ে রাখা যাবে, কিংবা ভেনেজুয়েলাও নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।

গরিবাবাদির দাবি, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের ওপর আকাশ বা স্থলপথে কোনো অবরোধ সফল করতে পারেনি। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলছে।

পাকিস্তানের ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি বলেন, জ্বালানিপ্রবাহ সুরক্ষিত রাখা, স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা এবং বাইরের ভূরাজনৈতিক চাপ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা জরুরি।

যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থানেও ভিন্ন বার্তা
ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের ভেতরেও সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে ভিন্ন অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপের অভিযান কার্যকর হচ্ছে। ফলে বড় আকারের সামরিক অভিযান আবার শুরু করার প্রয়োজন নাও হতে পারে।

তাঁর বক্তব্য অনুযায়ী, ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হবে। অর্থাৎ সামরিক অভিযান কমানোর সম্ভাবনার কথা বলা হলেও নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার অবস্থান থেকে সরে আসেনি ওয়াশিংটন।

অন্যদিকে ট্রাম্পও সংঘাত অবসানের বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা বলেছেন। তবে একই সঙ্গে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, সামরিক অভিযান আপাতত সীমিত রাখার সম্ভাবনা থাকলেও ইরানের ওপর চাপ কমানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।

ইরানের সাত শর্তে আটকে আছে সমঝোতা
যুদ্ধের অবসান ঘটাতে ইরান কয়েকটি শর্ত সামনে এনেছে। দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পাঠিয়েছে তেহরান। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তারা।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি অর্থ ছাড় করা, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা এবং সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা। ইরানের কর্মকর্তারা বারবার বলেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে চলতে থাকা ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতি মেনে নিতে চান না।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ বহাল রেখেছে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে। ফলে দুই পক্ষের অবস্থানের মধ্যে দূরত্ব এখনো কমেনি।

আলোচনা ব্যর্থ হলে কি আবার যুদ্ধের ঝুঁকি বাড়বে
মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে এক ধরনের বিপজ্জনক স্নায়ুযুদ্ধের মধ্যে রয়েছে। উভয় পক্ষই নিজেদের নিরাপত্তার স্বার্থে আগে পদক্ষেপ নেওয়াকে গুরুত্বপূর্ণ মনে করছে। এমন পরিস্থিতিতে কোনো সামরিক ভুল হিসাব বা আকস্মিক হামলা নতুন সংঘাতের সূত্রপাত করতে পারে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক কর্মসূচির উপপরিচালক আলী ভায়েজের মতে, নতুন করে যুদ্ধ ঠেকানোর প্রচেষ্টাই অনিচ্ছাকৃতভাবে এমন সংঘাতের সূচনা করতে পারে, যা কোনো পক্ষের নিয়ন্ত্রণে থাকবে না।

তাঁর পর্যবেক্ষণ, কূটনৈতিক আলোচনা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। তবে পারস্পরিক অবিশ্বাস এবং কঠোর শর্তের কারণে সমঝোতার পথ সংকুচিত হয়ে পড়েছে।

অন্যদিকে আঞ্চলিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নিজেদের দর-কষাকষির অবস্থানকে শক্তিশালী মনে করছে। ফলে কোনো পক্ষই আগে ছাড় দিতে আগ্রহী নয়। এই অবস্থান আলোচনায় অগ্রগতি বাধাগ্রস্ত করছে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি মোতায়েন যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ও কৌশলগত অবস্থানের নতুন বার্তা দিচ্ছে। তবে এটিকে ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। আপাতত সংঘাতের ভবিষ্যৎ নির্ভর করছে দুই দেশের কূটনৈতিক সমঝোতা, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং সামরিক উত্তেজনা নিয়ন্ত্রণের ওপর।

কালের আলো/এসএ/এমএসআইপি

Link copied!