Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৪:০০ পিএম

ফিজির শ্রমবাজারে নতুন সম্ভাবনা বাংলাদেশিদের

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৪:০০ পিএম

ফিজির শ্রমবাজারে নতুন সম্ভাবনা বাংলাদেশিদের

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়ছে। বর্তমানে দেশটিতে প্রায় ৮ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন। চলতি বছরেই নতুন করে সেখানে গেছেন আরও ৩ হাজার ৩০০ কর্মী। নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামির সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।

ড্রাইভিং লাইসেন্স ও ওয়ার্ক পারমিট জটিলতা কমানোর অনুরোধ
বৈঠকে ফিজিতে কর্মরত বাংলাদেশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও রূপান্তরের প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানানো হয়। বর্তমানে দেশটিতে ড্রাইভিং লাইসেন্স পেতে প্রায় তিন মাস সময় লাগে। এ ছাড়া ওয়ার্ক পারমিট নবায়নের জন্য বাংলাদেশি কর্মীদের দেশে ফিরে আসার বাধ্যবাধকতা তুলে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

একই সঙ্গে দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণে সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কোন কোন খাতে কাজের সুযোগ রয়েছে
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ফিজিতে নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ এবং কারিগরি খাতে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ রয়েছে। এসব খাতে কী ধরনের দক্ষ কর্মী প্রয়োজন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে বাংলাদেশের পক্ষ থেকে চাহিদা অনুযায়ী কর্মী প্রস্তুত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কর্মী পাঠানোর পাশাপাশি দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে ফিজিতে কর্মরত বাংলাদেশিদের নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে দেশটির সহযোগিতা চান তিনি।

দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ ফিজির
ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি বলেন, তাঁর দেশে দক্ষ বিদেশি কর্মীর চাহিদা রয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য সেখানে ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, দেশের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাধ্যমে ফিজির চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি ও প্রশিক্ষণ দেওয়া সম্ভব।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক নূরে আলম সিদ্দিকীসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!