Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৯:৪০ পিএম

শুধু পড়াশোনা নয়, দক্ষতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৯:৪০ পিএম

শুধু পড়াশোনা নয়, দক্ষতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চা
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু পড়াশোনা নয়, খেলাধুলা এবং শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। দ্বাদশ শ্রেণি শেষ করার সময় শিক্ষার্থীরা যেন শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে ওঠে, সরকার সেই প্রত্যাশা করে।

তৃতীয় ভাষা ও কারিগরি শিক্ষায় গুরুত্ব
শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি মাঠ নির্মাণেও সরকার কাজ করছে।

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান
শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রীকে নিজ জেলা হবিগঞ্জ সফরের আমন্ত্রণও জানান। সাক্ষাৎকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!