শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিল্পাঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের মধ্যে এ নিরাপত্তা জোরদার করা হলো। শ্রমিকদের বিক্ষোভ ঘিরে মিরপুরের কয়েকটি এলাকায় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। একই সঙ্গে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
তবে কোন কোন শিল্পাঞ্চলে কত প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
কালের আলো/এএইচ/এমএসআইপি
