Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৬:৪৩ পিএম

প্লাস্টিক অর্থনীতিতে বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৬:৪৩ পিএম

প্লাস্টিক অর্থনীতিতে বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে প্লাস্টিকের ব্যবহার। সেই সঙ্গে বাড়ছে প্লাস্টিক বর্জ্য ও পরিবেশদূষণের ঝুঁকি। শহরের ড্রেন-নর্দমা থেকে শুরু করে নদী, খাল ও জলাশয়ে ছড়িয়ে পড়ছে ব্যবহৃত প্লাস্টিক। এ পরিস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কারের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই আলোচিত হচ্ছে। তবে এখন প্রশ্ন শুধু সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে নয়, বরং নতুন নীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কতটা কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারবে, তা নিয়ে।

শুধু শহরাঞ্চলেই প্রতিদিন আনুমানিক ৩৮ হাজার টন কঠিন বর্জ্য তৈরি হয়। ২০৪০ সালের মধ্যে এ পরিমাণ বেড়ে ১ লাখ ১৮ হাজার টন ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মোট বর্জ্যের প্রায় ১০ শতাংশ প্লাস্টিক হলেও পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাব অনেক বেশি। প্লাস্টিক সহজে পচে না। ফলে ড্রেন ও নর্দমায় আটকে জলাবদ্ধতা সৃষ্টি করে, নদী-খাল দূষিত করে এবং দীর্ঘমেয়াদে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে।

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন নীতি
গত ১৩ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ‘প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বর্ধিত উৎপাদক দায়বদ্ধতা’ বা এক্সটেন্ডেড প্রডিউসার রেসপনসিবিলিটি (ইপিআর) নির্দেশিকা গেজেট আকারে প্রকাশ করে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৩ ধারার অধীনে প্রকাশিত এই নির্দেশিকা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

নতুন নির্দেশিকার মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব শুধু পৌরসভা, বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা কিংবা অনানুষ্ঠানিক খাতের পুনর্ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এখন থেকে প্লাস্টিক উৎপাদনকারী, আমদানিকারক ও ব্র্যান্ড মালিকদেরও নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে। এ জন্য নিবন্ধন, নিয়মিত প্রতিবেদন তৈরি, বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের বাধ্যবাধকতা রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্লাস্টিক উৎপাদন, আমদানি, ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনা বিচ্ছিন্নভাবে পরিচালিত হয়ে আসছে। প্লাস্টিক বাজারে সরবরাহের পর তা ব্যবহৃত হয়ে বর্জ্যে পরিণত হলেও সংগ্রহ ও পরিবেশগত ক্ষতির বড় অংশের খরচ বহন করতে হয়েছে পৌরসভা, সাধারণ মানুষ ও পরিবেশকে। উৎপাদকদের ব্যবসায়িক হিসাবের বাইরে থেকে গেছে এসব ব্যয়। ইপিআর নির্দেশিকা এই ব্যবস্থায় পরিবর্তনের সুযোগ তৈরি করেছে।

উৎপাদকদের দায়িত্ব ও সংগ্রহের লক্ষ্যমাত্রা
ইপিআরের মূল ধারণা হলো, যারা বাজারে পণ্য ও প্যাকেজিং সরবরাহ করবে, ব্যবহারের পর সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব ও খরচও তাদের বহন করতে হবে। এটি ‘দূষণকারী খরচ বহন করবে’ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে উৎপাদকদের পরিবেশবান্ধব পণ্য তৈরি, অপ্রয়োজনীয় প্যাকেজিং কমানো এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারে উৎসাহিত করার সুযোগ রয়েছে।

নির্দেশিকায় প্লাস্টিকের বিভিন্ন শ্রেণি, সংশ্লিষ্ট পক্ষের দায়িত্ব, নিবন্ধন ও প্রতিবেদন তৈরির নিয়ম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের লক্ষ্যমাত্রা এবং প্রডিউসার রেসপনসিবিলিটি অর্গানাইজেশন (পিআরও)-এর মাধ্যমে ইপিআর প্রকল্পের ফি আদায়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রাথমিকভাবে প্রথম দুই বছরে বাজারে সরবরাহ করা প্লাস্টিক বর্জ্যের ১৫ শতাংশ সংগ্রহ এবং ৭ দশমিক ৫ শতাংশ পুনর্ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তৃতীয় বছর থেকে সংগ্রহের লক্ষ্য ৩০ শতাংশ এবং পুনর্ব্যবহারের লক্ষ্য ১৫ শতাংশ করার কথা বলা হয়েছে।

তবে শুধু লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। এ জন্য প্রয়োজন পর্যাপ্ত অর্থায়ন, বর্জ্য সংগ্রহের নেটওয়ার্ক, আধুনিক প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো, নির্ভরযোগ্য তথ্য এবং পুনর্ব্যবহৃত উপকরণের বাজার।

ইপিআর ফি নিয়ে প্রশ্ন
নতুন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপাদকদের কাছ থেকে আদায় করা ইপিআর ফি। নির্দেশিকায় প্লাস্টিকের পরিমাণ, পুনর্ব্যবহারের হার ও নির্ধারিত খরচের ভিত্তিতে ফি নির্ধারণের কথা বলা হয়েছে। তবে ন্যূনতম ফি কত হবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়নি।

ফলে আদায় করা অর্থ দিয়ে প্লাস্টিক সংগ্রহ, পরিবহন, বাছাই ও পুনর্ব্যবহারের প্রকৃত খরচ মেটানো সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফি খুব কম হলে উৎপাদকরা নিয়ম মেনে নিবন্ধন ও প্রতিবেদন জমা দিলেও বাস্তবে বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় অর্থের জোগান তৈরি হবে না। তখন ইপিআর কার্যক্রম কাগজপত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকার ঝুঁকি থাকবে।

এ ক্ষেত্রে সব ধরনের প্লাস্টিকের জন্য একই হারে ফি নির্ধারণও কার্যকর হবে না। পিইটি ও এইচডিপিইর মতো কিছু প্লাস্টিক সহজে সংগ্রহ ও পুনর্ব্যবহার করা যায়। অন্যদিকে বহুস্তরীয় প্যাকেজিং, নমনীয় প্লাস্টিক এবং এক্সপ্যান্ডেড পলিস্টাইরিন বা ইপিএস সংগ্রহ ও পুনর্ব্যবহার করা তুলনামূলক কঠিন এবং ব্যয়বহুল।

তাই প্লাস্টিকের ধরন অনুযায়ী আলাদা ফি ও সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা প্রয়োজন। যেসব প্যাকেজিং পুনর্ব্যবহার করা কঠিন বা পরিবেশের জন্য বেশি ক্ষতিকর, সেগুলোর ক্ষেত্রে বেশি ফি নির্ধারণ করা যেতে পারে। এতে উৎপাদকরা পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহারে উৎসাহিত হবেন।

অনানুষ্ঠানিক বর্জ্য সংগ্রহকারীদের যুক্ত করার প্রয়োজন
বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় টোকাই, ভ্রাম্যমাণ বর্জ্য সংগ্রহকারী, ফেরিওয়ালা, ভাঙারি দোকান, মধ্যস্বত্বভোগী ও ছোট পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৌরসভার আনুষ্ঠানিক ব্যবস্থার বাইরে থেকেও তারা বিপুল পরিমাণ প্লাস্টিক সংগ্রহ ও পুনর্ব্যবহারের উপযোগী করে তোলেন।

নতুন ইপিআর ব্যবস্থায় এই জনগোষ্ঠীকে বাদ দিলে কার্যকর বর্জ্য সংগ্রহ নেটওয়ার্ক গড়ে তোলা কঠিন হবে। বরং তাদের নিবন্ধন, প্রশিক্ষণ, নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ এবং স্বচ্ছ পারিশ্রমিকের ব্যবস্থা করে আনুষ্ঠানিক কাঠামোর সঙ্গে যুক্ত করা প্রয়োজন।

প্রডিউসার রেসপনসিবিলিটি অর্গানাইজেশনগুলোর মাধ্যমে এ কাজ করা যেতে পারে। এতে বর্জ্য সংগ্রহকারীদের কর্মপরিবেশ ও জীবিকার নিরাপত্তা বাড়বে। পাশাপাশি সংগ্রহ, বাছাই, পরিবহন ও পুনর্ব্যবহারের সঙ্গে যুক্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি হতে পারে।

উৎপাদক ও আমদানিকারকদের দায়িত্ব স্পষ্ট করতে হবে
একটি প্লাস্টিক পণ্য বাজারে আসার পেছনে উৎপাদক, আমদানিকারক ও ব্র্যান্ড মালিকসহ একাধিক পক্ষ যুক্ত থাকতে পারে। ফলে একই পণ্যের জন্য কার ওপর মূল দায়িত্ব বর্তাবে, তা স্পষ্ট করা জরুরি। দায়িত্বের সীমা পরিষ্কার না হলে একই পণ্যের জন্য একাধিক প্রতিষ্ঠানের ওপর একই ধরনের বাধ্যবাধকতা তৈরি হতে পারে। এতে নিবন্ধন ও তথ্য দেওয়ার ক্ষেত্রেও বিভ্রান্তি দেখা দিতে পারে।

এ জন্য পরিবেশ অধিদপ্তরকে উৎপাদক, আমদানিকারক ও ব্র্যান্ড মালিকদের মধ্যে দায়িত্বের সুস্পষ্ট কাঠামো তৈরি করতে হবে। একই সঙ্গে পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিক সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে এক করে না দেখে বর্জ্য পুনরুদ্ধার ও পুনর্ব্যবহারের সেবাদাতা অংশীদার হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও দায়িত্ব নির্ধারণে সতর্কতা দরকার। যেসব প্লাস্টিক প্যাকেজিং দেশের অভ্যন্তরীণ বাজারে ব্যবহৃত হয় না, সেগুলোর ওপর অযথা আর্থিক বা আইনি বোঝা চাপানো উচিত নয়। তবে প্রতিষ্ঠান রপ্তানিমুখী হলেই ঢালাও ছাড় দেওয়া যাবে না। বরং দেশের বাজারে কতটুকু প্লাস্টিক সরবরাহ করা হচ্ছে, তা কাস্টমস ও বাণিজ্যিক নথির মাধ্যমে যাচাই করে দায়িত্ব নির্ধারণ করতে হবে।

নজরদারি ও নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন
ইপিআর ব্যবস্থার সাফল্য নির্ভর করবে এর বাস্তব প্রয়োগ ও নজরদারির ওপর। কোনো উৎপাদক কতটুকু প্লাস্টিক বাজারে ছাড়ছে, তার কতটুকু সংগ্রহ করা হচ্ছে, কোথা থেকে সংগ্রহ হচ্ছে এবং শেষ পর্যন্ত কতটুকু সত্যিকার অর্থে পুনর্ব্যবহার হচ্ছে—এসব তথ্য নির্ভুলভাবে সংরক্ষণ করা প্রয়োজন।

এ জন্য ডিজিটাল তথ্য সংগ্রহ ও যাচাইব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে তথ্য যাচাইয়ের ব্যবস্থাও চালু করা যেতে পারে। কারণ বর্জ্য সংগ্রহ করলেই সেটি পুনর্ব্যবহার হয়েছে বলে গণ্য করা যাবে না। কোনো মধ্যস্থতাকারীর কাছে বর্জ্য হস্তান্তর করাও প্রকৃত পুনর্ব্যবহারের প্রমাণ নয়। সংগৃহীত বর্জ্য ও বাস্তবে পুনর্ব্যবহৃত বর্জ্যের মধ্যে পার্থক্য নির্ভরযোগ্যভাবে নিরূপণ করতে হবে।

বড়, মাঝারি ও ছোট প্রতিষ্ঠানকে ধাপে ধাপে ইপিআরের আওতায় আনার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তবে শুধু প্রতিষ্ঠানের আকার বিবেচনা করে দায়িত্ব নির্ধারণ করা যথেষ্ট নয়। একটি ছোট প্রতিষ্ঠানও বিপুল পরিমাণ প্লাস্টিক বাজারে ছাড়তে পারে। তাই প্রতিষ্ঠানের আকারের পাশাপাশি বাজারে সরবরাহ করা প্লাস্টিকের পরিমাণ ও ধরন বিবেচনায় নেওয়া প্রয়োজন। ছোট ব্যবসার জন্য সহজ নিবন্ধন ও সমন্বিত ফি ব্যবস্থা চালু করলে প্রশাসনিক জটিলতা কমবে।

পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বাজার তৈরি জরুরি
প্লাস্টিক সংগ্রহ ও পুনর্ব্যবহার দীর্ঘমেয়াদে টেকসই করতে হলে পুনর্ব্যবহৃত উপকরণের বাজার তৈরি করতে হবে। এ ক্ষেত্রে সরকারি কেনাকাটায় পরিবেশবান্ধব নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো পুনর্ব্যবহৃত প্লাস্টিক দিয়ে তৈরি আসবাব, নির্মাণসামগ্রী ও প্যাকেজিং পণ্য কেনার মাধ্যমে এ বাজারের প্রাথমিক চাহিদা তৈরি করতে পারে।

এ ছাড়া দেশে কী পরিমাণ প্লাস্টিক উৎপাদিত ও আমদানি হচ্ছে, কোন ধরনের প্লাস্টিক কোথায় ব্যবহৃত হচ্ছে, কতটুকু সংগ্রহ ও পুনর্ব্যবহার হচ্ছে—এসব তথ্য নিয়ে একটি জাতীয় প্লাস্টিক তথ্যভান্ডার গড়ে তোলা প্রয়োজন। সঠিক তথ্য ছাড়া বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণ কিংবা ইপিআর ফি যৌক্তিক কি না, তা যাচাই করা কঠিন।

প্লাস্টিক বর্জ্য থেকে অর্থনৈতিক সম্ভাবনা
ইপিআরের বড় সম্ভাবনা হলো প্লাস্টিক বর্জ্যকে পরিবেশের বোঝা থেকে অর্থনৈতিক সম্পদে পরিণত করা। বর্তমানে প্লাস্টিক পণ্য উৎপাদন ও ব্যবহারের সুবিধা পেলেও এর পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনার খরচ বহন করতে হয় মূলত পৌরসভা, জনগোষ্ঠী ও পরিবেশকে। নতুন নীতির মাধ্যমে উৎপাদকদের ওপর সেই দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

সঠিকভাবে বাস্তবায়িত হলে ইপিআর উৎপাদকদের অপ্রয়োজনীয় প্যাকেজিং কমাতে, পণ্যের নকশা উন্নত করতে এবং পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহারে উৎসাহিত করবে। একই সঙ্গে বর্জ্য সংগ্রহ, পুনর্ব্যবহার প্রযুক্তি, কাঁচামাল পুনরুদ্ধার এবং পুনর্ব্যবহৃত পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত শিল্পের বিকাশ ঘটতে পারে।

তবে এই ব্যবস্থার সাফল্য শুধু কতটি প্রতিষ্ঠান নিবন্ধিত হলো, কতটি প্রতিবেদন জমা পড়ল কিংবা কত টাকা ফি আদায় হলো—এসব দিয়ে বিচার করা যাবে না। বরং নদী-খালে প্লাস্টিকের প্রবাহ কমছে কি না, প্রকৃত পুনর্ব্যবহারের পরিমাণ বাড়ছে কি না, বর্জ্য সংগ্রহকারীরা নিরাপদ জীবিকা পাচ্ছেন কি না এবং উৎপাদকরা পণ্যের প্যাকেজিংয়ে পরিবর্তন আনছেন কি না, সেসব বিষয়ই হবে সাফল্যের প্রকৃত মাপকাঠি।

সব মিলিয়ে, ইপিআর নির্দেশিকা বাংলাদেশের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি তৈরি করেছে। এখন প্রয়োজন উৎপাদকদের দায়িত্বের সঙ্গে পর্যাপ্ত অর্থায়ন, কার্যকর নজরদারি, অনানুষ্ঠানিক খাতের অংশগ্রহণ এবং পুনর্ব্যবহৃত পণ্যের বাজারকে যুক্ত করা। তা না হলে নতুন নির্দেশিকা কেবল কাগজে-কলমের নিয়মে সীমাবদ্ধ থাকার আশঙ্কা থাকবে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!