গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ঘটনার সময় অস্ত্র হাতে যাদের ছবি ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ছবি-ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে জড়িতদের
জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের সহিংসতার বিষয়টি সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। সরকার কোনো ধরনের নাশকতা ও সহিংসতা বরদাশত করবে না।
তিনি বলেন, আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় দলটির নামে মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। তবে রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে নৃশংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গতকাল থেকেই গোপালগঞ্জে যৌথ বাহিনী কাজ করছে। সহিংসতার ঘটনায় যাদের ছবি ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে, তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
পুলিশের বলপ্রয়োগ হতে হবে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, পুলিশের বলপ্রয়োগের আইনগত অধিকার রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।
তিনি বলেন, দায়িত্ব পালনের সময় যতটুকু বলপ্রয়োগ প্রয়োজন, তার বেশি করা উচিত নয়। পুলিশ যেন পরিস্থিতি বিবেচনায় আনুপাতিক হারে বলপ্রয়োগ করে এবং কম হতাহতের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে পারে, সরকার সেটিই নিশ্চিত করতে চায়।
গোপালগঞ্জে প্রথম দিনের পরিস্থিতি বেশ সহিংস ছিল উল্লেখ করে তিনি বলেন, ওই সময় আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ। পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে বলে তিনি মনে করেন।
১৯ নভেম্বরের কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন নয় সরকার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচির ঘোষণা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে না বলে সরকার মনে করছে। দেশের অন্যান্য স্থানেও বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা করছে না সরকার।
তিনি বলেন, এর আগেও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ছিল। সেগুলো নিয়ে সরকার বড় ধরনের কোনো সমস্যা দেখছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।
দায়িত্বে অবহেলা থাকলে কর্মকর্তাদের বদলি
গোপালগঞ্জের ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
তবে বদলি বা প্রত্যাহার করা মানেই সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে দায়িত্বে ব্যর্থ হয়েছেন, বিষয়টি এমন নয় বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, কোনো ধরনের ব্যর্থতা থাকলে তা স্বীকার করে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।
গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ একটি অপরিহার্য প্রতিষ্ঠান। তবে পুলিশকে এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে সবচেয়ে কম বলপ্রয়োগ এবং সবচেয়ে কম হতাহতের ঘটনা ঘটে।
সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি চলছে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারির বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের নজরদারি কীভাবে পরিচালিত হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়। এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত।
তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ের অনেক কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিংবা রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ছিলেন। তবে অতীতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠতা থাকাই নিজে কোনো সমস্যা নয়। কারণ, তারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্বে থাকা অবস্থায় কেউ রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকলে সেটি উদ্বেগের বিষয়।
সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সরকারের নিজস্ব ব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে। প্রয়োজন হলে প্রকৃত তথ্য সংগ্রহের সক্ষমতাও সরকারের রয়েছে।
গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের প্রস্তুতি সম্পন্ন
সংবাদ সম্মেলনে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির পরবর্তী অবস্থা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ কী চায় এবং কীভাবে চায়, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে জানানো হবে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো সম্ভাবনা নেই। গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই। তার মতে, দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে বসলে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে। গঙ্গা চুক্তির ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান যথাসময়ে জানানো হবে।
কালের আলো/এএএন/এমএসআইপি
