Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

পাবনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১১:৪১ এএম

রূপপুরের বিদ্যুৎ পেতে যাচ্ছে জাতীয় গ্রিড

পাবনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১১:৪১ এএম

রূপপুরের বিদ্যুৎ পেতে যাচ্ছে জাতীয় গ্রিড

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) কয়েক ঘণ্টার জন্য এ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এ পর্যায়ে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান মঙ্গলবার পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এটি হবে কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের প্রাথমিক পরীক্ষা।

কয়েক ঘণ্টা পর বন্ধ হবে গ্রিড সংযোগ
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে। কয়েক ঘণ্টা পর গ্রিডের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। শুরুতে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় পরিচালনার পরিকল্পনা রয়েছে।

পরবর্তী সময়ে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হবে। এ পর্যায়ে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। এরপরও নিরাপত্তা, কারিগরি সক্ষমতা ও পরিচালনাসংক্রান্ত বিভিন্ন পরীক্ষা চলবে।

পূর্ণ উৎপাদনে যেতে লাগতে পারে আরও ছয় মাস
সংশ্লিষ্টদের ধারণা, পরীক্ষামূলক কার্যক্রম শেষে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনক্ষমতা পূর্ণ পর্যায়ে নিতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। সব ধরনের পরীক্ষা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার জন্য জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। সংযোগ দেওয়ার সময় পিডিবির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।

ভার্চুয়ালি যুক্ত হতে পারেন বাংলাদেশ ও রাশিয়ার দুই নেতা
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুই ইউনিটে গ্রিডে আসবে ২ হাজার ৬০ মেগাওয়াট
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

সেই হিসাবে দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা। চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে।

ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রকল্প ব্যয়ও বেড়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!