বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীন ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৯০৩টি শূন্য পদে নিয়োগের এ পরীক্ষায় অংশ নিতে পারবেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত। দুই ঘণ্টার এ পরীক্ষার পূর্ণমান ২০০।
যেসব পদে পরীক্ষা
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীন ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (নবম গ্রেড) পদে মোট ৯০৩ জন নিয়োগ দেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
পরীক্ষার কেন্দ্র ও প্রয়োজনীয় নির্দেশনা
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা, কেন্দ্র তালিকা এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এ ছাড়া প্রয়োজনে ই-মেইল ঠিকানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কালের আলো/এসএ/এমএস
