বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি দেশের মাটি, শেকড় ও মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, তরুণদের শুধু বৈশ্বিক প্রতিযোগিতায় সফল হলেই চলবে না, নিজেদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে বিশ্বকে কিছু দিতে হবে এবং দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে।
সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি তরুণ কোনো সীমাবদ্ধতা ছাড়াই স্বপ্ন দেখতে পারবে এবং নিজের যোগ্যতা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সমতা, ন্যায্যতা ও সুবিচারের ভিত্তিতে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ক্রাউন প্লাজা অডিটোরিয়ামে ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহদী আমিন। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
শুধু ভালো ফল নয়, প্রয়োজন স্বাধীন চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা
দ্রুত পরিবর্তনশীল বিশ্বের বাস্তবতা তুলে ধরে মাহদী আমিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, বৈজ্ঞানিক অগ্রগতি এবং বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তন মানুষের দৈনন্দিন জীবনকে নতুনভাবে সাজাচ্ছে। এমন সময়ে একাডেমিক উৎকর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও শুধু পরীক্ষায় ভালো ফল কিংবা ব্যক্তিগত সাফল্যের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না।
তিনি এমন একটি তরুণ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন, যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারবে, প্রচলিত ধারণাকে প্রশ্ন করবে এবং জটিল সমস্যার নতুন সমাধান খুঁজে বের করবে। যেসব বিষয়কে অন্যরা অসম্ভব মনে করে, সেগুলো বাস্তবায়নের সাহস ও দক্ষতা অর্জনের জন্যও তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
তরুণদের মধ্যে উদ্ভাবক, উদ্যোক্তা, বিজ্ঞানী ও গবেষক হয়ে ওঠার মানসিকতা তৈরির পাশাপাশি প্রতিটি অর্জনে নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিকত্বের মূল্যবোধ বজায় রাখার পরামর্শ দেন উপদেষ্টা।
বিশ্বকে নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত করতে হবে
মাহদী আমিন বলেন, শুধু বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য নয়, বরং বিশ্বকে কিছু দেওয়া, নেতৃত্ব দেওয়া এবং পৃথিবীকে আরও সুন্দর করে তোলার লক্ষ্য নিয়ে তরুণদের নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে সরকার সহযোগিতা, অনুপ্রেরণা ও প্রয়োজনীয় সুযোগ তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু সম্ভাবনা দিয়ে কোনো জাতি গড়ে ওঠে না; মানুষই জাতি গঠন করে। তরুণদের অর্জিত জ্ঞান, সৃজনশীলতা ও দৃঢ় সংকল্প জাতীয় স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তরুণদের বিশ্বনাগরিক হয়ে ওঠার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিশ্ব থেকে শিখতে হবে, আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। তবে এসব অর্জনের পাশাপাশি নিজ দেশ, শেকড় ও দেশের মানুষের সঙ্গে সম্পর্ক এবং দায়বদ্ধতা অটুট রাখতে হবে।
‘মেড ইন বাংলাদেশ’ পরিচিতির মতো বিশ্বমঞ্চে প্রতিনিধিত্বের আহ্বান
তরুণদের উদ্দেশে মাহদী আমিন বলেন, তৈরি পোশাকশিল্পের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ যেমন বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে, তেমনি বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বাংলাদেশিরা নেতৃত্ব দিচ্ছেন। তিনি চান, নতুন প্রজন্মও নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হবে এবং গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো ফলাফল বা কোনো স্বীকৃতিই যাত্রার শেষ নয়। বরং এটি নতুন দায়িত্ব ও সম্ভাবনার সূচনা। শিক্ষার্থীদের কেবল ব্যক্তিগত সাফল্যের কথা না ভেবে সমাজ ও পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতার প্রমাণ দেয়। তবে ভবিষ্যতে তারা কতদূর এগিয়ে যাবে, তা নির্ভর করবে তাদের উচ্চাকাঙ্ক্ষা, পরিশ্রম ও পরবর্তী কর্মপরিকল্পনার ওপর। অর্জনের আনন্দ উদযাপনের পাশাপাশি নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে।
ভবিষ্যৎ প্রজন্ম থেকেই তৈরি হতে পারে বিশ্বমানের নেতৃত্ব
কৃতী শিক্ষার্থীদের সম্ভাবনার কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, ভবিষ্যতে এই শিক্ষার্থীদের মধ্য থেকেই নোবেল বিজয়ী, শীর্ষস্থানীয় বিজ্ঞানী, বিশ্বমানের প্রকৌশলী, উদ্ভাবনী উদ্যোক্তা ও চিন্তাবিদ তৈরি হতে পারেন। তারা বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পাশাপাশি এমন প্রযুক্তি ও প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, যা ভবিষ্যতে মানবজাতির জীবনধারায় পরিবর্তন আনবে।
সাফল্যের কোনো একক সংজ্ঞা নেই উল্লেখ করে তিনি তরুণদের নিজেদের স্বপ্ন ও পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দেন। পারিপার্শ্বিক পরিস্থিতিকে সম্ভাবনার সীমা নির্ধারণ করতে না দিয়ে সাহস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
দেশ ও পরিবারের প্রত্যাশা এবং বিশ্বাসের কথা স্মরণ করিয়ে দিয়ে মাহদী আমিন বলেন, তরুণদের বড় স্বপ্ন দেখতে হবে এবং নিজেদের হাতেই আগামীর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা
অনুষ্ঠানে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ অঞ্চলের কান্ট্রি লিড সারওয়াত রেজা এবং ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথের ভিডিও বার্তা প্রচার করা হয়।
এ ছাড়া উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেভেলপমেন্ট কাউন্সেলর ও ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক বিনয় শর্মা এবং ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের আঞ্চলিক ব্যবস্থাপক শামীম চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কালের আলো/এএএন/এমএসআইপি
