Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৫:২৬ পিএম

মায়ের কর্মজীবন, শিশুর নিরাপদ শৈশব—ডে-কেয়ারে বড় পরিবর্তনের পথে সরকার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৫:২৬ পিএম

মায়ের কর্মজীবন, শিশুর নিরাপদ শৈশব—ডে-কেয়ারে বড় পরিবর্তনের পথে সরকার

একটি শিশুর নিরাপদ শৈশব আর একজন মায়ের নির্বিঘ্ন কর্মজীবন—দুটিকে আলাদা করে দেখার সুযোগ নেই। কর্মজীবী মায়ের সন্তানদের নিরাপদ ও মানসম্মত পরিচর্যা নিশ্চিত করতে এবার শিশু দিবাযত্ন কেন্দ্রের বিদ্যমান আইনেই পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে সরকার। ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ সময়ের চাহিদা অনুযায়ী যুগোপযোগী করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

  • যুগের চাহিদায় বদলাবে শিশু দিবাযত্ন কেন্দ্র আইন
  • কর্মক্ষেত্রে বাড়বে ডে-কেয়ার 
  • আগামী বছরেই দৃশ্যমান অগ্রগতির আশা মন্ত্রীর

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল চাইল্ড কেয়ার সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে যা প্রয়োজন, সরকার তা করতে চায়। বিশেষ করে নারীদের শিক্ষার পথে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে। কর্মজীবী মায়েরা যেন সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপন এবং পর্যায়ক্রমে এর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নারীদের উচ্চশিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার যে অঙ্গীকার করেছেন, তা নারীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলমান উদ্যোগের ধারাবাহিকতায় আগামী বছরের মধ্যেই দেশের চাইল্ড কেয়ার ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

কর্মক্ষেত্রে নারীর পথে বড় বাধা শিশুর পরিচর্যা
সামিটে আলোচনায় উঠে আসে নারীর কর্মসংস্থানের সঙ্গে শিশু দিবাযত্নের সরাসরি সম্পর্কের বিষয়টি। বক্তারা জানান, মানসম্মত চাইল্ড কেয়ার সুবিধার অভাব বাংলাদেশের নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের অন্যতম বড় বাধা। তাঁদের উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, শহরের প্রতি ১০ জন নারীর মধ্যে চারজনই চাইল্ড কেয়ার সুবিধার অভাবে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না। ফলে ডে-কেয়ার কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার মান, নিরাপত্তা ও সহজলভ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

শুধু অবকাঠামো নয়, চাই সম্মিলিত দায়িত্ব
রাষ্ট্রের দায়িত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা রাষ্ট্রের অন্যতম প্রধান কাজ। জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা দেবে। তবে এসব উদ্যোগের সফল বাস্তবায়নে সমাজের সব পক্ষের সম্মিলিত দায়িত্ব রয়েছে।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রী অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে চাইল্ড কেয়ারবিষয়ক বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

সামিটে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দেশি-বিদেশি প্রতিনিধিরা, জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা।

একটি নিরাপদ ডে-কেয়ার কেন্দ্র কেবল শিশুর দেখভালের জায়গা নয়; এটি একজন মায়ের কর্মজীবনে ফেরার সুযোগ, একটি পরিবারের স্বস্তি এবং নারীর অর্থনৈতিক অংশগ্রহণের পথও তৈরি করতে পারে। ন্যাশনাল চাইল্ড কেয়ার সামিটের আলোচনায় সেই বাস্তবতাই নতুন করে সামনে এসেছে। 

কালের আলো/এমএএএমকে

Link copied!