তারকাদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার নতুন কৌশল নিয়েছে একটি চক্র। প্রযোজক ও নির্মাতা রেদওয়ান রনি এবং মডেল বুলবুল টুম্পার পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে শিল্পীদের সঙ্গে যোগাযোগ করছে প্রতারকরা। শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণের প্রস্তাব দিয়ে শিশুশিল্পী দিশামনির অভিভাবক রিমা আক্তারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তবে সন্দেহ হওয়ায় বিষয়টি যাচাই করে প্রতারণার চেষ্টা ধরে ফেলেন তিনি।
শাকিবের সিনেমার প্রস্তাব
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন রিমা আক্তার। সেখানে দেখা যায়, রেদওয়ান রনির পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর সঙ্গে ফোনে কথা বলছেন। ওই ব্যক্তি দাবি করেন, শাকিব খানকে নিয়ে ‘তূর্য’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন তিনি। সিনেমাটিতে একজন শিশুশিল্পী প্রয়োজন। নুসরাত ফারিয়ার শৈশবের চরিত্রে অভিনয়ের জন্য দিশামনিকে নির্বাচন করা হয়েছে বলেও জানান তিনি। ডিসেম্বরেই শুটিং শুরুর কথা বলেন কথিত নির্মাতা।
তবে কথাবার্তার একপর্যায়ে ওই ব্যক্তির আচরণ ও বক্তব্যে সন্দেহ হয় রিমার। তিনি ও তাঁর এক সহকর্মী নানা প্রশ্ন করতে শুরু করলে একপর্যায়ে ফোন কেটে দেন কথিত রেদওয়ান রনি।
যেভাবে শুরু হয় প্রতারণার চেষ্টা
রিমা জানান, এর আগে বুলবুল টুম্পার পরিচয়ে তাঁকে একটি বার্তা পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়, নুসরাত ফারিয়ার ছোটবেলার চরিত্রে দিশামনি অভিনয় করবে। এ বিষয়ে রেদওয়ান রনির সঙ্গে কথা বলার পরামর্শও দেওয়া হয়। একই সঙ্গে রনির নাম ও পরিচয় ব্যবহার করে একটি ফোন নম্বর দেওয়া হয়েছিল।
প্রথমে বিষয়টি সত্যি মনে হলেও পরে সন্দেহ বাড়ে রিমার। বিশেষ করে একজন অপরিচিত নারীর ছবি পাঠিয়ে সিনেমার অভিনেত্রী নির্বাচনের বিষয়ে তাঁর কাছে পরামর্শ চাওয়া হলে বিষয়টি অস্বাভাবিক মনে হয়। রিমার প্রশ্ন ছিল, একজন পরিচিত পরিচালক কেন তাঁর কাছে অভিনেত্রী নির্বাচনের পরামর্শ চাইবেন?
যাচাই করে ধরা পড়ে প্রতারণা
সন্দেহ দূর করতে রিমা সরাসরি বুলবুল টুম্পার সঙ্গে যোগাযোগ করেন। তখন টুম্পা জানান, যে নম্বর থেকে যোগাযোগ করা হয়েছে, সেটি তাঁর নয়। এরপরই বিষয়টি প্রতারণার চেষ্টা বলে নিশ্চিত হন রিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে অন্যদেরও সতর্ক করেন তিনি।
নিজের নম্বর জানিয়ে সতর্ক করলেন রনি
ঘটনাটি নজরে এসেছে রেদওয়ান রনিরও। রিমার প্রকাশ করা ভিডিওটি শেয়ার করে নিজের ফেসবুক পোস্টে ভুয়া পরিচয়ে যোগাযোগের বিষয়ে সতর্ক করেছেন এই প্রযোজক ও নির্মাতা।
রনি জানান, বেশ কিছুদিন ধরে তাঁর ছবি ব্যবহার করে বিভিন্ন ভুয়া নম্বর ও প্রোফাইল থেকে মানুষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং নানা ধরনের প্রলোভন দেখানো হচ্ছে। এর আগেও এমন ঘটনায় দুই প্রতারককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছিল বলে জানান তিনি। এবারও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন।
নিজের ব্যবহৃত ব্যক্তিগত নম্বর জানিয়ে রনি অনুরোধ করেন, তাঁর পরিচয়ে অপরিচিত কেউ যোগাযোগ করলে নম্বরের সঙ্গে মিলিয়ে যেন পরিচয় নিশ্চিত করা হয়। পাশাপাশি তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ছাড়া অন্য কোনো মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বুলবুল টুম্পার কোনো বক্তব্য বা পোস্ট দেখা যায়নি।
কালের আলো/এসএ/জেএন
