Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৩:৫৯ পিএম

‘আমি বোধহয় আর জীবিত ফিরব না’, আদালতে ইমরান খানের আবেগঘন চিঠি

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৩:৫৯ পিএম

‘আমি বোধহয় আর জীবিত ফিরব না’, আদালতে ইমরান খানের আবেগঘন চিঠি

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের এবং স্ত্রী বুশরা বিবির চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে কারাগারে নিজের বন্দিজীবনের নানা সীমাবদ্ধতা ও শারীরিক অবস্থার অবনতির চিত্র তুলে ধরেছেন তিনি। গত সোমবার ফেডারেল সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক আবেগঘন খোলা চিঠিতে এসব কথা বলেন ইমরান। চিঠিটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘আমি বোধহয় আর জীবিত ফিরব না’।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। গত ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। চিঠিতে সালমান সাফদার জানান, ১১ নভেম্বরের সাক্ষাতের সময় ইমরান তাঁকে বিচারপতিদের কাছে নিজের বক্তব্য পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আইনজীবী লিখেছেন, তিনি ইমরানের নির্দেশনা অনুযায়ী তাঁর বক্তব্য বিশ্বস্ততার সঙ্গে তুলে ধরেছেন। চিঠির শেষেও সালমান সাফদারের স্বাক্ষর রয়েছে।

‘মহামান্য বিচারপতিরা’ সম্বোধনে লেখা চিঠিতে নিজের ও স্ত্রীর শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরে চিকিৎসার সুযোগ নিশ্চিত করার আবেদন জানান ইমরান। তিনি বলেন, জীবনের বড় একটি সময় হাসপাতাল নির্মাণে ব্যয় করেছেন, যাতে আর্থিকভাবে অসচ্ছল মানুষ বিনা মূল্যে চিকিৎসা পেতে পারেন। অথচ আজ তাঁকে নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য আবেদন জানাতে হচ্ছে।

চিঠিতে ইমরান লেখেন, তিনি একটি নির্জন কারাকক্ষ থেকে লিখছেন। কারাগারের দেয়াল পেরিয়ে বাইরে নিজের বক্তব্য পৌঁছে দেওয়ার এটিই এখন একমাত্র উপায়। তাঁর ভাষায়, তিনি সাবেক প্রধানমন্ত্রী কিংবা কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে এই চিঠি লিখছেন না; বরং একজন নাগরিক হিসেবে নিজের ও পরিবারের চিকিৎসার অধিকার চাইছেন।

রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে অভিযোগ
চিঠিতে নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন ইমরান খান। তিনি বলেন, ক্রিকেট, সমাজসেবা, জনকল্যাণমূলক কাজ এবং পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সেবা করেছেন। ৭০ বছর বয়স পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা ছিল না বলেও দাবি করেন তিনি।

ইমরানের অভিযোগ, ৭০ বছর বয়স পার হওয়ার পর তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে একের পর এক মামলা করা হয়েছে। আদালতে শতাধিকবার হাজিরা দিতে হয়েছে, বারবার আগাম জামিনের আবেদন করতে হয়েছে এবং তিনি হত্যাচেষ্টারও শিকার হয়েছেন। সেই হামলা থেকে আল্লাহর রহমতে বেঁচে গেছেন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। এসব পরিস্থিতির মধ্যেও আইনি প্রক্রিয়ার বাইরে যাননি বলে দাবি করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর দাবি
চিঠিতে নিজের শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইমরান জানান, তাঁর ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। অথচ এ বিষয়ে তাঁর পরিবার কিংবা আইনজীবীদের কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি। কারা কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই স্ত্রীর সঙ্গে তাঁর সাপ্তাহিক সাক্ষাৎ বন্ধ রেখেছে বলেও দাবি করেন।

এ ছাড়া তাঁর বোনদের আটকে রাখা হয়েছে এবং আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করেছেন ইমরান। কারাগারে তাঁর সঙ্গে কেউ কথা বলেন না বলেও অভিযোগ করেন তিনি। এমনকি তিনি সালাম দিলেও কিংবা পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করলেও কেউ জবাব দেন না বলে দাবি করেছেন।

তবে নিজের শারীরিক সমস্যার চেয়েও স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়ে বেশি উদ্বিগ্ন বলে জানিয়েছেন ইমরান। তাঁর দাবি, চলতি মাসে সাক্ষাতের সময় বুশরা বিবিকে আলো সহ্য করতে না পারতে এবং চোখ খুলতে কষ্ট হতে দেখেছেন। আরেকটি অস্ত্রোপচার করা না হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান।

চিঠিতে তিনি আরও অভিযোগ করেন, বুশরা বিবির চিকিৎসাসংক্রান্ত নথিপত্র আটকে রাখা হয়েছে এবং তাঁকে চিকিৎসকদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। নারীদের বন্দিত্বের ক্ষেত্রে আইনে থাকা সহানুভূতিশীল বিধানের কথা উল্লেখ করে ইমরান বলেন, তাঁর স্ত্রীর সাজা স্থগিতের আবেদনও শুনানি ছাড়াই পড়ে রয়েছে।

বিচারপতিদের কাছে জরুরি আবেদন
চিঠির শেষাংশে ইমরান খান বলেন, তিনি বিচারপতিদের কাছে কোনো বিশেষ সুবিধা বা অনুগ্রহ চাইছেন না। বরং সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন এবং নিজের ও স্ত্রীর শারীরিক সমস্যার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানাচ্ছেন।

তিনি আরও বলেন, বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণের লড়াই চালিয়ে যেতে পারবেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বিবেচনা করে দেরি হওয়ার আগেই ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

কালের আলো/এসএ/জেএন

Link copied!